অন্যরকম বেলায়

একদিন শেখর মিলিকে নিয়ে তাদের অফিসের পিকনিকে যায়। সেখানে গাছপালার নিচে সবুজ ঘাসে ঘোরাঘুরি করে দিনটা ভালোই কাটল। সহকর্মী ও বন্ধুবান্ধবদের সঙ্গে ছবি তুলল। কিন্তু অতটুকুই, এর বেশি ঘনিষ্ঠ হতে পারল না। আরও কয়েক দিন চিত্রপ্রদর্শনী, বইমেলা আর এদিক–সেদিক এলোমেলো ঘোরাঘুরি করার পর মিলি শেখরকে নিয়ে উত্তরায় তার এক বান্ধবীর বাসায় গেল। সেখানে ড্রইংরুমে এক ফাঁকে একবারমাত্র চুমু খাওয়া ছাড়া আর কোনো ঘটনা ঘটল না। এতেই দুজন বেশ খুশি। জীবনে প্রথম একে অপরকে এতটা কাছে পেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোলাজ: মনিরুল ইসলাম

মিলি ফোনে বলল, ‘আমি তোমার সঙ্গে ঘুমাব।’
শেখর একটু থতমত খায়। তার সঙ্গে ঘুমাবে মানে কী! মিলি আছে নিউইয়র্কে আর সে থাকে ঢাকায়।
একটু থেমে মিলি আবার বলে, ‘আমি সামনের মাসের তিন তারিখে আসছি। ছোট ভাইয়ের
মেয়ের বিয়ে। দিন দশেক থাকব।’
শেখর উচ্ছ্বসিত হয়ে ওঠে, ‘ও, আচ্ছা, তাই বলো।’ সে তার বুকের ভেতর উচ্ছ্বাসের আনন্দটা গড়িয়ে যেতে দেয়, ‘ঠিক আছে মণি। তোমার অপেক্ষায় রইলাম।’

শেখর মিলিকে সেই সত্তর দশকের গোড়া থেকেই চেনে। মালিবাগে মিলিদের পাড়ায়ই শেখররা ভাড়া থাকত। মিলির সঙ্গে তখন প্রায়ই দেখা হতো রাস্তায়। মিলি ক্লাস নাইন-টেনে পড়ত। আর শেখর কলেজের ছাত্র। মাঝখানে দীর্ঘ সময় আর দেখা হয়নি। শুনেছিল মিলি বিয়ের পর বিদেশে চলে গেছে। বছর পাঁচেক আগে সে একবার ঢাকায় এসেছিল। একটা শপিং মলে তখন তাদের হঠাৎ দেখা হয়ে যায়। এত বছর পর দেখা হওয়া সত্ত্বেও তারা পরস্পরকে চিনে ফেলে। দুজনই দুজনকে দেখে বেশ খুশি হয়েছিল। মিলিকে নিয়ে শেখর তখন শপিং কমপ্লেক্সের ভিড় এড়িয়ে পাশেই একটা চায়ের দোকানে বসেছিল। এই দেখা হওয়াটা যেন ছিল নিয়তি নির্ধারিত! হয়তো অকারণেই অচেনা অস্পষ্ট কোনো গোপন প্রতীক্ষা ছিল পরস্পরের জন্য! তারপর থেকে তাদের ফোনে কথাবার্তা শুরু হয়।

আজ তিন তারিখ। সকালে মিলি ঢাকায় এসে পৌঁছেছে। শেখর এয়ারপোর্টে যেতে চেয়েছিল ওকে রিসিভ করার জন্য। মিলি নিষেধ করেছে। বাসার কেউই এখনো তাদের ব্যাপারটা পুরোপুরি জানে না। ফোনে কথা হলো। মিলি বিকেলের দিকে বিয়ের কেনাকাটা করতে যাবে। ফলে আজ আর শেখরের সঙ্গে তার দেখা হবে না। ঠিক হলো, পরদিন সকাল দশটার দিকে শেখর মিলিদের বাসার কাছাকাছি একটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করবে।

মিলিকে একটা ভারী ব্যাগ নিয়ে হেঁটে আসতে দেখে শেখর তাড়াহুড়া করে এগিয়ে গেল। মিলিকে দেখেই যেন একটা রঙিন ভালো লাগা তার সারা শরীরে বয়ে যায়। বুকের তলায় হালকা চাপ অনুভব করে সে। আর শেখরকে দেখে মিলির মুখ আনন্দে চকমক করে ওঠে। সে সালোয়ার কামিজ পরেছে। পরিপাটি করে সাজার জন্য তাকে অপরূপ দেখাচ্ছে।
তখন ঠিক হলো তারা নিরিবিলি কোথাও বসে প্রাণের কথা বলবে দুজনই।
‘রিকশা না সিএনজি অটোরিকশা?’

মিলির কোনো পছন্দ নেই। শেখর ভাবল, রিকশাই ভালো হবে। দুজন পাশাপাশি ঘনিষ্ঠ হয়ে বসা যাবে। রিকশাওয়ালাকে মালিবাগ থেকে ধানমন্ডি ভাড়ার কথা জানতে চাইলে সে বলল, ২০০ টাকা লাগবে। শুনে শেখরের মাথা গরম হয়ে যায়। সে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু মিলি তাড়াহুড়া শুরু করল, ‘আরে ওঠো তো, কী আর এমন বেশি চেয়েছে!’

শেখর মনে মনে বলে, তা তো ঠিকই, তোমার কাছে তো দুই টাকার মতো! আসলে শেখর একটু হিসাবি। অপচয় পছন্দ করে না।
রিকশায় উঠে মিলি অনভ্যস্ততার কারণে বসে আরাম পাচ্ছিল না। তা ছাড়া রিকশার ঝাঁকুনি, রাস্তার ভিড়-কোলাহল তাকে বিরক্ত করছিল। উন্মুক্ত ডাস্টবিন থেকে উড়ে আসা দুর্গন্ধ তাকে প্রায় বেসামাল করে ফেলে। শেখর এসবে মোটামুটি অভ্যস্ত। তবে এখন তার কাছে এসব ব্যাপার বেশ পীড়াদায়ক হয়ে উঠল। কোথায় মিলির ঘনিষ্ঠ সান্নিধ্য উপভোগ করবে, তা না সে অপরাধীর মতো মুখভঙ্গি করে মিলিকে সান্ত্বনা দেওয়ায় ব্যস্ত। মিলি প্রায় পঁচিশ বছর ধরে আমেরিকায় আছে। এর মধ্যে কয়েক দফা ঢাকায় এলেও রিকশায় ওঠেনি।

একটা চাইনিজ রেস্টুরেন্টে তারা মুখোমুখি হয়ে কথার ঝাঁপি খুলে বসল। মিলির অনেক কথা, শেষই হতে চায় না। সে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। শেখর তার মুখের দিকে তাকিয়ে তার কথাগুলো যেন গিলছিল। কিন্তু একপর্যায়ে সে উসখুস করতে লাগল। এখানে আলোছায়া, কিছুটা নিরিবিলি—সবই আছে। কিন্তু ঘনিষ্ঠ হওয়ার উপায় নেই। রেস্টুরেন্টের কর্মচারীরা ঘোরাঘুরি করছে, কিছুটা দূরে কাস্টমার!

মিলি শেখরের জন্য আনা উপহারসামগ্রী হস্তান্তর করল। তখন হাতে একটু ছোঁয়াছুঁয়ি হলো, যেটুকু রিকশায় হয়নি, দিনে–দুপুরে লোকলজ্জার ভয়ে। আর রিকশার হুড তোলার পরও সামনের জায়গাটা পুরোই উদোম হয়ে থাকে।

রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শেখর বলল, ‘এবার সিএনজি নিই। তোমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে যাব।’

সিএনজিতে দুজন গায়ে গা ঘেঁষে বসল। হাতে হাত রেখে তাদের কথা চলতেই থাকল। একপর্যায়ে শেখর আচমকা প্রশ্ন করে বসল, ‘আচ্ছা বলো তো, পৃথিবীতে সবচেয়ে বেশি বোকা কে?’
মিলি বলল, ‘আমি।’
‘না না, ঠাট্টা না।’
মিলি নিরুত্তর, আরও কাছে ঘেঁষে এল। শেখর মিলির একপাশে বেশ লেপটে গেছে। মিলি গাঢ় গলায় জানতে চায়, ‘কোন ব্যাপারে?’
‘এই ধরো মানুষের বয়স। যার নিজের সম্পর্কে কোনো এসেসমেন্ট নেই, সেই সবচেয়ে বোকা।’
মিলি কী বুঝল কে জানে? সে বলে উঠল, ‘কেন? এই বয়সে আমরা প্রেম করছি বলে?’
শেখর দৃঢ়তার সঙ্গে বলে উঠে, ‘আরে নাহ্। সেটা না। লাইফ স্টার্টস অ্যাট সিক্সটি!’
মিলি শেখরের চোখে চোখ রেখে রহস্যময়ভাবে তাকিয়ে তাকে চিমটি কাটে। তার বয়স পঁয়ষট্টি আর শেখর ঊনসত্তর। তারপর এ ব্যাপারে আর কথা এগোয় না। মিলি তার মাথাটা শেখরের কাঁধে ছেড়ে দেয়।

বহুকাল পর আজ শেখরের ভাগ্যে নারীসঙ্গ লাভ হলো। তার চুল প্রায় পুরোটাই পেকে গিয়েছে, কলপ দিয়ে সেটা সে গোপন রাখে। শেখরের স্ত্রীবিয়োগ হয়েছে অনেক কাল। ছেলেটা তখন স্কুলের ছাত্র। আবীর লেখাপড়া শেষ করে যখন চাকরিতে ঢোকে, সে সময় বিনা মেঘে বৃষ্টিপাতের মতো শেখর হঠাৎ বিয়ে করে ফেলল। যাকে বিয়ে করল, তার নাম ফাতেমা। আগে বিয়ে হয়েছিল। বর মারা গেছেন। টিউমার থাকায় তার ইউটেরাসে অপারেশন করতে হয়েছে। তার আর সন্তান হবে না।

প্রথমে না বুঝলেও শেখর ধীরে ধীরে টের পেতে থাকল, ফাতেমা খুব রুক্ষ প্রকৃতির আর কর্তৃত্বপরায়ণ। আবীরের বিয়ের পর স্ত্রীর সঙ্গে তার মোটেও বনিবনা হচ্ছিল না। প্রায়ই এটা–সেটা নিয়ে ঝগড়া–বিবাদ লেগে যেত। এই বিবাদে শেখরের ভূমিকা হয়ে দাঁড়ায় নীরব দর্শকের। একদিন কথা কাটাকাটির একপর্যায়ে ফাতেমা আবীরকে চড় মারে। সেদিন খুব কষ্ট পেয়েছে শেখর। মা-মরা ছেলেটার গায়ে হাত তোলা দূরে থাক, কখনো সে তাকে ধমক দিয়েছে কি না, মনে পড়ে না। এই ঘটনার পর আবীর বলল, সে আর একসঙ্গে থাকবে না। আলাদা বাসা নেবে। এর কিছুদিন পর ফাতেমা তাদের গ্রামের বাড়িতে চলে যায়। তারপর থেকে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। যদিও আনুষ্ঠানিক বিচ্ছেদ বলতে যা বোঝায়, সেটা এখনো হয়নি।

এর পরের দিন মিলিকে নিয়ে কোথায় যাওয়া যায়, সেটা নিয়ে শেখর চিন্তিত হয়ে পড়ল। তার এমন কোনো আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব নেই, যাদের বাসায় তাকে নিয়ে যাওয়া যায়। মিলি এখনো খুব তরতাজা আছে। সে তার পঁয়ষট্টি বছর বয়সটাকে পঞ্চাশের নিচে বেঁধে রাখতে পেরেছে। মিলি বলে, শেখরকে দেখলেই সে খুব খুশি হয়। সে সময় সেই অন্তর্গত আনন্দের আভা তার সারা মুখে ঝলমলিয়ে ওঠে। এ জন্য তাকে কমবয়সী মনে হয়। তা ছাড়া মিলির ব্যক্তিত্ব মাধুর্যমণ্ডিত আর মেধা ছুরির মতো ধারালো। সে হিসেবে শেখর অনেকটাই ভোঁতা!

শেখর বলল, ‘চলো আজ অন্য কোথাও যাই।’
‘কোথায়?’ মিলি জানতে চায়।
শেখর আমতা আমতা করে বলল, ‘মোহাম্মদপুরের দিকে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওখানকার স্যুপটা খুব ভালো। তোমার ভালো লাগবে।’
শুনে মিলি মনে মনে খুব অসন্তুষ্ট হলো। সে ভেবেছিল আজ নিরালা কোথাও তাকে নিয়ে যাবে শেখর।
‘তুমি একটা কী বলো তো! সত্তর বছর ধরে ঢাকায় আছ, অথচ আমাদের নিরিবিলি বসার জন্য কোথাও একটা জায়গাও নেই তোমার!’
শেখর কাঁচুমাচু হয়ে বলল, ‘সেটা আমি দেখছি। এর মধ্যেই বের করে ফেলব।’
শেখরের মাথার ভেতর তখন কোনো হোটেলে দুই–এক রাত থাকার চিন্তা উঁকি দেয়।

একদিন শেখর মিলিকে নিয়ে তাদের অফিসের পিকনিকে যায়। সেখানে গাছপালার নিচে সবুজ ঘাসে ঘোরাঘুরি করে দিনটা ভালই কাটল। সহকর্মী ও বন্ধুবান্ধবদের সঙ্গে ছবি তুলল। কিন্তু অতটুকুই, এর বেশি ঘনিষ্ঠ হতে পারল না। আরও কয়েক দিন চিত্রপ্রদর্শনী, বইমেলা আর এদিক–সেদিক এলোমেলো ঘোরাঘুরি করার পর মিলি শেখরকে নিয়ে উত্তরায় তার এক বান্ধবীর বাসায় গেল। সেখানে ড্রইংরুমে এক ফাঁকে একবারমাত্র চুমু খাওয়া ছাড়া আর কোনো ঘটনা ঘটল না। এতেই দুজন বেশ খুশি। জীবনে প্রথম একে অপরকে এতটা কাছে পেল!

মিলি পরিশ্রমী ও সাহসী মানুষ। দীর্ঘদিন ধরে চাকরি করছে। মিলির স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ছয় বছর হলো। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। স্বামীর মৃত্যুর পর মিলি যেন অনেকটা দিকভ্রান্ত হয়ে পড়ে। সেই থেকে তার মনের ক্ষতগুলো মেরামত হওয়ার পথ খুঁজছিল। আর শেখর তার মনের খানাখন্দগুলো ভরাট করার চেষ্টায় ছিল। সেই যৌথ সংটকালে তারা দুজনই দুজনের কাছাকাছি চলে এসেছে। বেলা শেষের এই প্রাপ্তি সঞ্জীবনী সুধার মতো তাদের উচ্ছল করে তুলতে পেরেছে। কে বলবে তারা বুড়িয়ে গেছে? মনে মনে তারা যেন আগের সেই কিশোর-কিশোরীই আছে।

এর মধ্যে মিলির ছোট ভাইয়ের মেয়ের বিয়ে সম্পন্ন হলো। শেখর নিমন্ত্রিত হয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। মিলি সেদিন এত চমৎকার সেজেছিল, পরির মতো!

পরদিন মিলি শেখরের সঙ্গে তার মতিঝিল অফিসে এল। তারপর ফেরার পথে সে শেখরকে নিয়ে কাছেই পূর্বানী হোটেলে ঢোকে। রিসিপশনে গিয়ে রুম ভাড়া নেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেয়। কয়েকটি রুমের ছবি আর ভাড়া দেখার পর একটি বাছাই করে। রিসিপশনিস্ট যখন জানতে পারল, একজন আমেরিকান আর একজন বাংলাদেশি, তখন সে বলল, হোলি আর্টিজানের ঘটনার পর থেকে খুব কড়াকড়ি করা হয়েছে। অতিথিদের একই দেশের নাগরিক হতে হবে।

মিলি হতাশামাখা বিরক্তি নিয়ে রিসিপশনিস্টকে কী যেন বলতে যাচ্ছিল, শেখর তাকে থামিয়ে দেয়, ‘চলো, আমি তোমাকে ঘটনাটা বলছি।’

‘বিষয়টা হলো, ষোলো সালের পয়লা জুলাই পাঁচজন জঙ্গি বোমা, পিস্তল আর ধারালো অস্ত্র নিয়ে গুলশানের হোলি আর্টিজান ক্যাফেতে আক্রমণ করে। তারা হোটেলের সবাইকে জিম্মি করে রাতভর হত্যাযজ্ঞ চালিয়ে বাইশজনকে মেরে ফেলে। এর মধ্যে বেশির ভাগ বিদেশি নাগরিক।’ এ পর্যন্ত বলে শেখর থামে। ততক্ষণে তারা হোটেল থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে। বোঝা গেল মিলি মনোযোগ দিয়ে শেখরের কথাগুলো শোনেনি। তাকে খুব অসহিষ্ণু দেখাচ্ছিল। রাগে গজগজ করে মিলি বলল, ‘আমি কবে থেকে তোমাকে বলছি, তোমার ডিভোর্স সেটেলমেন্টের কপি দাও, তোমার গ্রিনকার্ডের জন্য অ্যাপ্লাই করি। আর কবে হবে? আমার ফ্লাইট সোমবার।’
শেখরকে নিশ্চুপ দেখে মিলি কিছুটা মোলায়েম হয়। বলে, ‘তোমাকে তো আগেই বলেছি, বিয়ে না করলে গ্রিনকার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে না। আর ডিভোর্স না হলে বিয়েও করা যাবে না। আমেরিকান আইনে বিবাহিত কাউকে বিয়ে করা যায় না।’
রাতে মিলি শেখরকে ফোন করল, ‘আমি অনলাইনে এয়ারবিএনবিতে রোববারের জন্য বুকিং দিয়েছি। পেমেন্টও করেছি। আগামীকাল শুক্রবার, তোমার ছুটির দিন। চলো, আমরা দূর থেকে লোকেশনটা দেখে আসি।’
উত্তেজনার বশে শেখর বোকার মতো জিজ্ঞেস করে বসল, ‘এয়ারবিএনবি কী?’

রিকশায় আলোছায়াময় পথ বেয়ে সন্ধ্যার পর তারা ধানমন্ডি লেকের কাছে পৌঁছাল। ঠিকানা মিলিয়ে কোলাহলমুক্ত নিরিবিলি এলাকায় বাসাটার সন্ধান পেল। কিছুটা দূর থেকে প্রায়ান্ধকার বাড়িটা দেখল তারা। পরশুদিন রোববার দুপুরে দুজন যেন অনন্তকালের জন্য এখানে এসে খুন হয়ে যাবে! এসব ভাবতেই শেখরের বুকে হঠাৎ ধুকপুক শুরু হয়! এখানে আসার পর যদি হঠাৎ রেইড হয়, পুলিশ আসে? তাহলে তো তারা ধরা পড়ে যাবে। সর্বনাশ! মহা কেলেঙ্কারির ঘটনা। পত্রিকা-টিভি, এই ঘটনাটা শহরের মুখরোচক খবরে পরিণত হবে। সে আর কোথাও মুখ দেখাতে পারবে না! শেখরের মনের মধ্যে এই ভয়াবহ আশঙ্কা কাঁটার মতো বিঁধে যায়। কিন্তু মুখে কিছু বলল না। ভাবল, দেখাই যাক না! যেভাবেই হোক পরিস্থিতি সামলাতে হবে।

শনিবার বিকেলে হঠাৎ মিলির ফোন। তার গলা ভারী, হতাশায় নিমজ্জিত, ‘এয়ারবিএনবি বুকিং ক্যানসেল করে দিয়েছে। টাকাও ফেরত দিয়েছে। পাসপোর্ট আর আইডি এক দেশের হতে হবে।’

অন্যআলো ডটকমে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]