অপর আলোয় ঋত্বিক ঘটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু—ঋত্বিককুমার ঘটক \ দে’জ পাবলিশিংপ্রচ্ছদ: রামকিঙ্কর বেইজ \ ৩৯২ পৃষ্ঠা \ ৪০৫ টাকাঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের অপর আলো জ্বালিয়েছেন। আলোর শিল্প যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রকে বাঙাল করে তোলার চেষ্টায় তিনি সেই অপর আলো জ্বালিয়েছেন। চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু নামের বইটি ঋত্বিককে নিয়ে। ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের হাঁটা পথে যা দেখেছেন, শুনেছেন ও বুঝেছেন, তা নিয়েই বইটি। পথিক ঋত্বিক আসলেই একজন চলচ্চিত্রকার। বইটির শুরু তাঁর ভারতীয় গণনাট্য সংঘের মত-পথ নিয়ে। ভারতের আধুনিক মঞ্চনাটক শুরু থেকেই দেখেছেন ঋত্বিক। নিজের বিচার-বুদ্ধিকে চোখের লেন্সে রেখে দেখে নিয়েছেন এর নানা মুখিনতা। বুঝে নিয়েছেন এই বাংলা আসলে চাষিদের বাংলা এবং এর অখণ্ড নীল আকাশে ভেসে যাওয়া গুচ্ছ গুচ্ছ মেঘের মতোই অবিরাম যাত্রাধ্বনির শব্দ শুনেছেন তিনি। ঋত্বিক মনে করেন, মানুষের সর্বপ্রকারের চাহিদা পূরণে যে শ্রম সংঘটিত হয়, তা-ই শিল্প তৈরি করে। কিন্তু সবকিছুই শৈল্পিক হয়ে ওঠে না, যদি না তাতে বিশেষ কিছু যোগ হয়ে মানবিক সৌন্দর্যবোধ ফুটে ওঠে। নান্দনিকতা নিয়েও তাঁর কোনো বাচালতা নেই। ঋত্বিকের সোজা আলাপ, সব কাজেই শ্রেণী-সমাজের প্রতিফলন থাকবে। তিনি বলেন, পৃথিবীর সব শিল্পই সামাজিক শিল্প। এই গ্রন্থে একে একে ঋত্বিক আলোচনা করেছেন চলচ্চিত্রের একেবারে প্রাথমিক কিছু ধারণা নিয়ে। চলচ্চিত্রের নির্মাণকৌশল, নানা আঙ্গিকের আবিষ্কার, পাশ্চাত্যে এর প্রয়োগ এবং বাংলা চলচ্চিত্রের অবস্থা নিয়ে ঠোঁটকাটা আলাপও আছে ঋত্বিকের। তাঁর মেঘে ঢাকা তারা, কোমল গান্ধারসহ বিভিন্ন ছবির দৃশ্য নিয়ে আলাপ করেছেন। আলাপ করেছেন অভিনয়ের কৌশল এবং অভিনেতার দুঃখ নিয়েও। যন্ত্র আর মানুষের শিল্পবোধের সমন্বয়তা নিশ্চিতভাবেই ঋত্বিকের হাত ধরে প্রাচ্যের সম্পদ হয়ে ওঠে। সত্যজিতের ছবি নিয়েও তাঁর আছে উষ্মা-বিরক্তি এবং একই সঙ্গে ভক্তিও। পথের পাঁচালী তিনি সাতবার দেখেছেন। বিমোহিত হয়েছেন। আবার বিরক্তিও প্রকাশ করেছেন। পথের পাঁচালীর শেষটা ঋত্বিকের ভালো লাগেনি। তাঁর মতে, বড় অদ্ভুতভাবে শেষ করা হয়েছে চলচ্চিত্রটি। মূল বইয়ের উদার, ভবঘুরে যাত্রার সুরটা পাওয়া যায় না শেষে এসে। এই গ্রন্থে তিনি আলোচনা করেছেন ফেলিনি, বুনুয়েল, বার্গম্যানসহ আরও অনেক বোদ্ধাদের নিয়ে। একেবারে বাঙালের চোখে তাঁদের বিচারের ভঙ্গিটা তাঁর নিজস্ব।ঋত্বিক কবিতা নিয়ে কথা বলেছেন। কবিতা তিনি বোঝেন না বলে স্বীকার করেছেন, তাই কবিতার সম্ভাবনাকে পুরো স্বীকারও করেননি। তিনি বলেন, কবিতা সংগ্রামের হাতিয়ার হয়ে উঠতে পারে না। তাতে কবিতার শিল্পসৌন্দর্য নষ্ট হয়। তাঁর সময়ে কারা কী কবিতা লিখছেন, সে বিষয়ে তিনি অজ্ঞ। বলেছেন সুনীল গঙ্গোপাধ্যায় আর শক্তি চট্টোপাধ্যায়ের কথা। তাঁদের কবিতা লেখা, আর মদ খেয়ে কবিতা পড়াকে তিনি পয়সা ওড়ানো হিসেবেই দেখতেন। তাঁর সময়ের বাংলা উপন্যাসকে তিনি বলেছেন ‘বন্ধ্যা’। কথায় কথায় অনেক কথাই বলেছেন ঋত্বিক। শ্লীলতার সঙ্গে সৌন্দর্য জড়িত বলে তিনি জানেন। তিনি মনে করেন, অশ্লীল তখনই হয়, যখন তা মিথ্যাকে আশ্রয় করে। এভাবে নিজের জীবন, পরিচালনা, ইতিহাস, বাংলা শিল্প-চলচ্চিত্রের বিবর্তন—সব বিষয়ে লম্বক দৃষ্টি যেমন রেখেছেন তিনি, তেমনি তরঙ্গায়িত হয়েছেন নানা ঘটনায়। ঋত্বিক মনে করেন, জাতীয় উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ করা প্রয়োজন। ঋত্বিক জন্ম নিয়েছেন ও বেড়ে উঠেছেন এক বিড়ম্বিত সময়ে। একদিকে দেশভাগ-সাম্প্রদায়িকতা-যুদ্ধ-মন্বন্তর, পদ্মা-গঙ্গার জল লাল হলো মানুষের রক্তে; অন্যদিকে দিগ্ব্বিজয়ী রবীন্দ্রনাথ-কল্লোলগোষ্ঠী-জাতীয় আন্দোলন-বারো মাসে তেরো পার্বণের বাংলা। এসব ঘটনার আল ধরে, খাঁড়ি ধরে এগিয়ে যেতে যেতে বেড়ে উঠতে উঠতে একই সঙ্গে বেদনা আর সম্ভাবনাকে সঙ্গী করে দাঁড়িয়ে থাকা ঋত্বিক হাতিয়ার বানিয়েছেন লড়াইয়ের। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, যুক্তি তক্কো গপ্পো তাঁর একেকটি বিষবাণ। এ নিয়েই বাংলা চলচ্চিত্রের এক খ্যাপা বাঙালি ঋত্বিক ঘটকের ভেতর-বাইরের ক্ষয়-সঞ্চয়সমৃদ্ধ গ্রন্থ চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু। বইটির ভূমিকা লিখেছেন সঞ্জয় মুখোপাধ্যায়। বইটিতে ঋত্বিকের সাক্ষাত্কার আছে বেশ কয়েকটি। আছে চলচ্চিত্রপঞ্জি আর রচনা-পরিচয়। ঋত্বিকের ঝড়ক্ষুব্ধ জীবনের এক দলিল হয়ে থাকবে গ্রন্থটি।