অপার আগ্রহসঞ্চারী অভিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ঢাকাইয়া কুট্টি ভাষার অভিধান
ঢাকাইয়া কুট্টি ভাষার অভিধান
ঢাকাইয়া কুট্টি ভাষার অভিধান
সংকলন ও সম্পাদনা
মোশাররফ হোসেন ভূঞা
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: ঐতিহ্য, ফেব্রুয়ারি
পৃষ্ঠা: ৩৪৪
দাম: ৪৩০ টাকা।

বিংশ শতকের ছয়ের দশকে ড. মুহম্মদ শহীদুল্লাহর আঞ্চলিক ভাষার অভিধান দিয়ে শুরু হয়েছিল এ-জাতীয় কাজের যাত্রাটি। অনেক পরে আমরা পেয়েছি চট্টগ্রামি ও সিলেটি ভাষার অভিধান। পশ্চিমবঙ্গেও এ ধরনের কাজের নজির বিরল নয়। বস্তুত, বাংলাদেশ এমন একটি দেশ, ১০ মাইল অন্তর অন্তর আমরা দেখতে পাই লোকমুখে প্রচলিত ভাষার পরিবর্তন। এক এলাকার ভাষার উচ্চারণভঙ্গির সঙ্গে আরেক এলাকার বিস্তর ফারাক। বস্তুত, এ পরিবর্তন শুধু ভঙ্গিতে নয়, একই শব্দের অর্থের ভিন্নতাতেও। এই পরিবর্তন কোথাও মোটা দাগের, কোথাও সূক্ষ্মতর। ফলে অঞ্চলভেদে ভাষার এই যে প্রভেদ, তা গভীর মনোযোগী গবেষণার বিষয়। এই প্রেক্ষাপটে আমাদের হাতে যখন এসে পড়ে মোশাররফ হোসেন ভূঞা সংকলিত ও সম্পাদিত ঢাকাইয়া কুট্টি ভাষার অভিধান, তখন তা অপার কৌতূহলের বিষয় হয়ে ওঠে।
মোশাররফ হোসেন তাঁর আলোচ্য অভিধানের ‘ভূমিকা ও ভাষ্য’ মারফত আমাদের জানাচ্ছেন ঢাকাইয়া কুট্টি ভাষার উদ্ভব ও বিকাশের কথাটি ঢাকাবিশারদ নাজির হোসেনের কিংবদন্তীর ঢাকা গ্রন্থের ভূমিকার বরাত দিয়ে এভাবে, ‘মোঘল আমলে ঢাকাবাসীদের মধ্যে যারা মোঘল শাহীর অধীনে চাকরি করতেন অথবা জমিদার কিংবা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে জড়িত ছিলেন তারা নিজেদের উঁচু স্তরের লোক ভাবতেন। তৎকালে যন্ত্রের কোনো প্রচলন ছিল না। মানুষকে নিজেদের চাহিদা মেটাবার জন্য সব রকম উপকরণ হাতেই তৈরি করতে হতো। এইসব পেশাজীবীদের অনেকেই ধান কুটতো, যব কুটতো, ডাল কুটতো, সুরকি কুটতো, ইট কুটতো অর্থাৎ যে কোনো ধরনের কুটার কাজ যারা করতেন, তারা ছিলেন খুবই দরিদ্র।...তারা কুটার কাজ করতেন বলে শহরের উঁচু স্তরের লোকেরা এইসব কোটার সঙ্গে যুক্ত মানুষদের “কুটিয়াল” বলতো। সাধারণভাবে এদের কুট্টি বলেই (তারা) ডাকতেন।’
এও জানা যায়, ১৭৬৯ থেকে ১৭৭০ সাল সময় পরিসরে দুর্ভিক্ষ দেখা দিলে ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর, নোয়াখালীর একাংশ, মুন্সিগঞ্জ ও বাংলাদেশের আরও কিছু এলাকার হতদরিদ্র মানুষ জীবিকার্জনের জন্য ঢাকার একটি বিশেষ এলাকায় এসে জড়ো হন। ক্রমেই ভুলে যান তাঁরা তাঁদের নিজ নিজ এলাকার ভাষা। মোগল আমল। বাংলার পাশাপাশি তখন প্রচলিত ফারসি ও আরবি ভাষা। হিন্দি ও উর্দুও ছিল। এসব কিছুর মিশ্রণে তাঁরা গড়ে তোলেন নিজেদের ভাষা ও ভাষাভঙ্গি, কালক্রমে যা পরিচিতি পায় ‘কুট্টি’ ভাষা নামে। এ ভাষা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও বিচ্ছিন্নভাবে প্রবন্ধ-নিবন্ধ লেখা হলেও কোনো অভিধান ছিল না। মোশাররফ হোসেন ভূঞা একক প্রচেষ্টায় সেই কাজ করেছেন অশেষ শ্রমে। ভূমিকায় তিনি জানিয়েছেন, ‘বক্ষ্যমাণ অভিধানটিতে শব্দের সংখ্যা ৩৯৯১টি। নিবিড়ভাবে জরিপ, সরাসরি অংশগ্রহণ ও পর্যবেক্ষণ, অর্থাৎ নৃতাত্ত্বিক পদ্ধতিতে গবেষণার মাধ্যমে শব্দ সংগ্রহ করলে এই সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যেতে পারে।’ আশা করি, সংকলক ও সম্পাদক শেষের পদ্ধতিটির আশ্রয় নিয়ে পরবর্তী সংস্করণের মাধ্যমে এই অভিধানকে আপাত পূর্ণাঙ্গতা দানের চেষ্টা করবেন।
পরিশেষে যে কথাটি বলতে হবে, সেটি এই অভিধানের ত্রুটির কথা। যেসব গ্রন্থ থেকে শব্দ ঋণ করা অথবা সংকলিত করা হয়েছে, সেগুলোর পৃথক তালিকা পরিশিষ্ট হিসেবে যোগ করলে ভালো হতো। দ্বিতীয় একটি বড় ত্রুটির কথা বলতে চাই, সেটা বানানগত। যেমন ‘দিদার’ শব্দের বানান লেখা হয়েছে ‘দীদার’। শব্দটি ফারসি। অনায়াসে শব্দটির বানান ‘দিদার’ লেখা যেত। আরেকটি শব্দের কথা বলা যাক, তৎসমে তা ‘অণ্ড’। মূল শব্দ থেকে সরে তা হয়েছে ‘আন্ডা’। কিন্তু এই অভিধানে তার বানান লেখা হয়েছে ‘আণ্ডা’। এ জাতীয় প্রচুর ভুল এই অভিধানে আছে। এসব কিছু পরবর্তী সংস্করণে দূর করতে পারলে অভিধানটি নিশ্চিতই ঢাকাইয়া কুট্টি ভাষার পরিচয়জ্ঞাপক একটি আগ্রহসঞ্চারী এবং প্রয়োজনীয় অভিধান হয়ে উঠবে। এমন একটি অভিধান সম্পাদনা করায় মোশাররফ হোসেন ভূঞাকে অভিনন্দন।