
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে গিয়ে ঝুলে থাকা বিশাল রোল করা কাগজের স্ক্রলের দিকে তাকাই। একেবারে সিলিং থেকে তা নেমে এসে মাটি স্পর্শ করে ভারসাম্য রক্ষা করেছে ওই রোলটি। আর সেই কাগজের মাঝখানে শিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকা বইয়ের প্রচ্ছদ বা নানা রকম অলংকরণ। প্রথমে মনে হয়েছিল, কাগজের ওপর বুঝি আলগা লাগিয়ে দেওয়া হয়েছে প্রচ্ছদ বা অলংকরণগুলো। কিন্তু তীক্ষ্ণদৃষ্টি মেলে বোঝা গেল, কাজটা করা হয়েছে অনেক ভেবেচিন্তে, পুরোটা প্রিন্ট করা হয়েছে ওই রোলে। কোনো কিছুই আলগা নয়। পরিকল্পকেরা যে কাইয়ুম চৌধুরীর নিউজপ্রিন্ট উপযোগী শিল্পসৃষ্টির মুনশিয়ানার দিকটি এখানে তুলে ধরেছেন, তা যথার্থই মনে হয়েছে।
জাতীয় জাদুঘরের এই গ্যালারিতে ৯ মার্চ থেকে শুরু হয়েছিল বিভিন্ন সময়ে প্রথম আলোতে অাঁকা কাইয়ুম চৌধুরীর কাজ নিয়ে ‘জনশিল্পের কিংবদন্তি’ নামে প্রদর্শনী। চলার কথা ছিল ১২ মার্চ পর্যন্ত, কিন্তু দর্শক-আগ্রহের কারণে তা বাড়িয়ে করা হয় ১৬ মার্চ। সদ্য শেষ হওয়া এই প্রদর্শনীটি ভালো লেগেছিল অনাড়ম্বর, ছিমছাম উপস্থাপনার জন্য। জনশিল্প নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাওয়া কাইয়ুম চৌধুরী সম্পর্কে একটি ধারণাও তাতে পাওয়া গেল। ৮৪তম জন্মবার্ষিকীতে কাইয়ুম চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন করেছিল প্রথম আলো। আয়োজনে সহযোগিতা করেছে বেঙ্গল ফাউন্ডেশন।
প্রদর্শনীর একটি বড় অংশজুড়েই ছিল প্রথম আলোর লেআউট, লোগো, অলংকরণের ব্যাপারে শিল্পীর ভাবনার প্রতিফলন। শিল্পীর কাজ দিয়েই তা দৃশ্যমান করা হয়েছে। এই অংশটি দেখলে পত্রিকার ডিজাইন নিয়ে কাইয়ুম চৌধুরীর চিন্তাশীল নান্দনিকতার পরিচয় পাওয়া যাবে। কতভাবেই না ভেবেছেন তিনি! লোগো পরিবর্তন করেছেন, পত্রিকার পাতায় কোথায় ছবি বসালে পাতাটি হয়ে উঠবে দৃষ্টিনন্দন, তা ভেবেছেন; তাঁর করা স্কেচের দিকে লক্ষ রেখেই পরিবর্তিত হয়ে গেছে প্রথম আলোর অঙ্গসজ্জা, পৃষ্ঠাসজ্জা। কিংবা পত্রিকার বিশেষ সংখ্যা বা সাময়িকী পাতার অলংকরণের দিকে চোখ রাখলেও বোঝা যায়, কী অপরিসীম নিষ্ঠা নিয়ে কাজ করেছেন শিল্পী। অলংকরণ যে তাঁর কাছে নিছক অলংকরণ ছিল না, ছিল বিষয়বস্তুকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার পরিশ্রমলব্ধ শৈল্পিক প্রয়াস, সেটা বোঝা যায় তাঁর প্রতিটি কাজে।

বইয়ের প্রচ্ছদ ছিল প্রদর্শনীর অনেকটা জায়গাজুড়ে। এ গ্যালারিতে আয়োজিত দুটি স্মৃতিচারণামূলক আলোচনায় বিষয়টি এসেছে বারবার। কাইয়ুম চৌধুরীর কাছে বইয়ের প্রচ্ছদ করার কাজটি যে নিছক বাণিজ্যিক কর্ম ছিল না, তার সাক্ষ্য দেবে তাঁর অাঁকা প্রতিটি প্রচ্ছদ। কেন তিনি কখনো কখনো প্রকাশক বা লেখককে সময়মতো প্রচ্ছদ দিতে না পেরে ঘোরাতেন, তারও একটি জবাব মিলবে এগুলোর দিকে চোখ রাখলে। পুরো বই পড়ে, বইয়ের ভেতরের মূল ভাবনাটিকে প্রচ্ছদে স্থান করে দেওয়ার এ খেলায় তিনি বরাবরই জয়ী খেলোয়াড়। শিল্পমানহীন কোনো কাজ তিনি করেননি, ফলে তাঁর প্রতিটি প্রচ্ছদই এক-একটি শিল্পকর্ম বললে বেশি বলা হবে না।
নতুন করে বলার কিছু নেই যে শিল্পকলার ক্ষেত্রে কাইয়ুম চৌধুরীর ছিল সীমাহীন তৃষ্ণা। চারুকলার সীমানা ছাপিয়ে তিনি ছিলেন বৈচিত্র্য-পিয়াসী। আর তাই একই সঙ্গে প্রচ্ছদ, অলংকরণ, অক্ষরচিত্রণ, গ্রন্থসজ্জা, পোস্টার পরিকল্পনার মতো ব্যবহারিক শিল্পেও তাঁর ছিল বিস্ময়কর অবদান। ছয় দশকেরও বেশি সময় ধরে অক্লান্তভাবে কাজ করেছেন। গড়ে তুলেছেন বাংলাদেশের জনশিল্পের নিজস্ব ভাষা ও রুচি। আর এ কারণেই এ প্রদর্শনীর নাম হয়েছে ‘জনশিল্পের কিংবদন্তি’, যা শিল্পীর প্রতি যথার্থ মূল্যায়ন বলে মনে করা যেতে পারে। জনশিল্পের বৈচিত্র্যময় এই প্রদর্শনীটি পরম মমত্ব দিয়ে উপস্থাপন-পরিকল্পনা করেছেন কাইয়ুম চৌধুরীর দুই ছাত্র শিল্পী ওয়াকিলুর রহমান ও অশোক কর্মকার। এখানে গ্রাফিক শিল্পকলাই ছিল মুখ্য, কিন্তু শিল্পীর কিছু জলরং আর তেলরংও উপস্থাপন করা হয়েছিল। কাইয়ুম চৌধুরীর নিজস্ব ঢঙের পরিচয় ছিল তাতে। বাংলার গণমানুষের অবয়ব, কিষানির মুখের পাশাপাশি দুটি তেলরং ছবিতে দেখা গেল শিল্পীর আত্মপ্রতিকৃতি।
প্রদর্শনীটি একজন রুচিমান, সৃষ্টিশীল মানুষের গতিশীল জীবনের একটি স্ন্যাপশট হয়ে থাকবে। যাঁরা পরিপাটি, ছিমছাম এই আয়োজনে এসেছেন, তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে একটা বিষয় বোঝা গেছে। পত্রিকা বলতে সাধারণ মানুষের মনে লেখালেখির বিষয়টিও প্রধান হয়ে থাকে। আর থাকে বিজ্ঞাপনের প্রতি ক্রোধ। কিন্তু এই প্রদর্শনীতে এসে অনেকেই বুঝতে পেরেছেন, পত্রিকার ছিমছাম উপস্থাপনের জন্য গ্রাফিক আর্ট একটা বড় বিষয়।