অপ্রকাশিত কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১.
বাতি কই, বাতি জ্বলুক
ইতিহাসে বৃহৎ মস্তিষ্কের দ্যুতি মরকত আলো
                       জ্বলছে
তাকে নিভিও না, তাকে নিভিও না।
জ্বলছে জ্বলুক।
আমাদের ইতিহাসে কত নষ্ট চোখ দৃষ্টি ফেলে গেছে
কত শব্দ নষ্ট শব্দে পরিণত হয়েছে
তবুও পদ্মের গন্ধে ইতিহাস যাত্রীর পিঠের ওপরে
শাদা পদ্মফুল দিয়ে নর্দমার দুর্গন্ধ
                       জলেই জেগেছে;
এর চেয়ে পুণ্যকথা আর আমি বাংলায় শুনিনি।
এর চেয়ে পুণ্যস্নান বাংলার কোনো জলে
                       কখনো করিনি।
পাখির চিৎকার—তেরোশত নদীপার আমি

বাংলার সীমান্তে একা

রক্তাক্ত জামায় একা দাঁড়িয়ে বাংলায়

                        চিৎকার করে উঠি,

মা তোর বদনখানি একবার মুছে দিয়ে

এই দুটি হাতে

চলে যেতে চাই যদি

অমরায় এতটুকু স্থান আমি পাই।

কিন্তু একি, সীমান্তের ফাটল ওপারে

কারো মুখ বিষণ্ন দাঁড়িয়ে।

শরীরে রক্তের ছাপ

তারাও চিৎকার করে হাত বাড়িয়ে

আমাকে স্পর্শ করতে চায়;

বলে, লয়ে যাও আমাদেরও তুমি

                        অমরায়।

আমার কি সাধ্য আছে

বাংলার আমরা দুজন

অন্ধকারে সারারাত দাঁড়িয়ে রয়েছি

প্রতিভায় দুটি বোন সীমান্তে—

ভাঙা বাংলায় আমরা।

ভাঙা বাংলায় সীমান্তের গভীর ফাটলে

মিলনের পূর্ণিমায়

সাধ্য নেই মাটিকে সে জোড়া লাগায় এ ভাঙা বাংলায়

বাতি কই, বাতি জ্বলুক ইতিহাসে

তাকে নিভিও না।

২২ সেপ্টেম্বর ২০১৬

ভোর চারটা কুড়ি মিনিট, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা

২.

একটি শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে

হামা দিয়ে সর্বাঙ্গ গুটিয়ে

এর মধ্যে ঈশ্বর বা তুমি

কিংবা জন্মভূমি

যা কিছুই

এ জীবনে ছুঁই ও ছুঁয়েছি

দু-হাতে ধরেছি আর ফুলের পরাগ মেখে

কবিতার প্রান্তে গিয়ে প্রতি ভোরে দাঁড়িয়েছি একা।

সমস্তই একটি শব্দে কি ধরা যাবে?

বলা যাবে? শুধু শব্দ কেন,

একটি আহ্লাদ বাক্য একটি বাস্তব

শব্দের ভেতরে হামা দিয়ে বসে থাকে

বেরোবার অপেক্ষায়,

সেই মুহূর্তকে পেতে আমি

একটি জীবন এই এখনো দাঁড়িয়ে

উচ্চারিত এই সব স্তব্ধ কিনারায়।

২১ সেপ্টেম্বর ২০১৫

সকাল আটটা, লন্ডন

প্রথমা প্রকাশন থেকে শব্দই চিকিৎসিত করে নামে কবির প্রকাশিতব্য কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি থেকে কবিতাগুলো ছাপা হলো।