![আবদুল করিম সাহিত্যবিশারদ [১১ অক্টোবর ১৮৭১-৩০ সেপ্টেম্বর ১৯৫৩] প্রতিকৃতি: মাসুক হেলাল](http://media.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2013%2F09%2F26%2F5244735dc1850-Untitled-11.jpg?w=640&auto=format%2Ccompress)
ভূমিকা: ভূঁইয়া ইকবাল
৩০ সেপ্টেম্বর আবদুল করিম সাহিত্যবিশারদের ৬০তম মৃত্যুবার্ষিকী। লোকসাহিত্য বিষয়ে অপার আগ্রহের সূত্রে বিচিত্র মানুষের সংস্পর্শে এসেছিলেন তিনি। বহুজনকেই লিখেছেন চিঠি। ড. মুহম্মদ শহীদুল্লাহেক লেখা আবদুল করিম সাহিত্যবিশারদের তিনটি অপ্রকাশিত চিঠি ছাপা হলো তাঁর স্মরণে
ড. মুহম্মদ শহীদুল্লাহ্র কনিষ্ঠ শিল্পীপুত্র মুর্তজা বশীরের পারিবারিক সংগ্রহে সংরক্ষিত তাঁর পিতার কাগজপত্রের মধ্যে শহীদুল্লাহেক লেখা কিছু চিঠিপত্রের অবিকল নকল সংগ্রহ করেছিলাম। এখানে মুদ্রিত চিঠিগুলো চট্টগ্রামের সুচক্রদণ্ডী গ্রামের বাড়ি থেকে লিখেছিলেন সম্পাদক ও পুঁথি-সংগ্রাহক আবদুল করিম সাহিত্যবিশারদ। এর মধ্যে একটি পোস্টকার্ডে লেখা ছোট চিঠি। প্রথম চিঠিটি ঢাকার উর্দু রোডের এবং শেষ দুটি চিঠি শহীদুল্লাহ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় প্রেরিত।
তিনটি চিঠিতেই শহীদুল্লাহ্র প্রতি আবদুল করিম সাহিত্যবিশারদের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। এখানে মুদ্রিত শেষ চিঠিতে ভ্রাতুষ্পুত্র আহমদ শরীফের চাকরির বিষয়ে তিনি শহীদুল্লাহ্র সহায়তা প্রার্থনা করেছেন। একই সঙ্গে দ্বিতীয় চিঠিতে আছে পদ্মাবতী প্রসঙ্গ—ড. মুহম্মদ শহীদুল্লাহ্র সম্পাদনায় আলাওলের পদ্মাবতী প্রকাশনার ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করে তিনি লেখেন, ‘আপনার “পদ্মাবতী” আজও পাইলাম না। বুঝি উহা দেখিয়া মরিবার সৌভাগ্য আমার হইবে না।’
এখানে উল্লেখ্য, ১৯৫০ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্র সম্পাদনায় পদ্মাবতীর খণ্ডিত অংশ গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়। এদিকেপদ্মাবতীর ৩৮টি পুঁথি অবলম্বনে আবদুল করিম সাহিত্যবিশারদও সমন্বিত পাঠের একটি পাণ্ডুলিপি তৈরি করেছিলেন, যেটি তাঁর জীবদ্দশায় প্রকাশিত হয়নি। তাঁর মৃত্যুর পর ১৯৫৫ সালে আহমদ শরীফ পাণ্ডুলিপিটি বরেন্দ্র জাদুঘরকে দিয়েছিলেন প্রকাশের জন্য। কিন্তু তারা এটি প্রকাশ তো করেইনি, বরং পাণ্ডুলিপির দুই-তৃতীয়াংশ হারিয়ে ফেলে। অবশেষে ১৯৭৭ সালে আবদুল করিম সাহিত্যবিশারদ সম্পাদিত পদ্মাবতী বই আকারে প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সমিতি।
সাহিত্যবিশারদকে পদ্মাবতী সূত্রে আজ থেকে এক শ বছর আগে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী লিখেছিলেন, ‘ঐ গ্রন্থের (পদ্মাবতী) প্রকাশ অবশ্যকর্ত্তব্য বোধ করি এবং আপনি ভিন্ন অন্যের দ্বারা উহা সম্পাদনা ভাল হইবে না।’ [আবদুল করিম সাহিত্যবিশারদ, নির্বাচিত রচনা, (ভূঁইয়া ইকবাল সম্পাদিত), ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৪, উদ্ধৃত পৃ. ২৬৬)]। মুহম্মদ শহীদুল্লাহ্ও লিখেছেন, ‘তাঁহার সম্পাদিত “পদ্মাবতী” প্রকাশ করিলে তাঁহার উপযুক্ত স্মৃতিস্তম্ভ হইবে।’ (উদ্ধৃত, ওই, পৃ. ২৬০)।
আবার এই দ্বিতীয় চিঠিতেই (৬ মার্চ ১৯৫০) পুঁথিসাহিত্য সম্পর্কে কবি গোলাম মোস্তফার সমালোচনায় শহীদুল্লাহ্র দুঃখিত হওয়ার কথা উল্লেখ করে সাহিত্যবিশারদ তীব্র ভাষায় গোলাম মোস্তফার নিন্দা করেছেন। এখানে সাহিত্য বিষয়ে তাঁর মনোভাবও স্পষ্ট।
আবদুল করিম সাহিত্যবিশারদের মূল চিঠিতে লেখা অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে মুদ্রিত তৃতীয় ও শেষ চিঠির কোনো কোনো অংশের পাঠোদ্ধার সম্ভব হয়নি। সেই অংশগুলোতে [...] চিহ্ন দেওয়া হয়েছে। উপরন্তু চিঠিটি ছিল তারিখবিহীন। পরে নানা সূত্রের সঙ্গে মিলিয়ে এখানে ‘এপ্রিল, ১৯৫০’ তারিখটি বসানো হয়েছে। চিঠিগুলোতে পত্র-রচয়িতার বানান ও বাক্য অক্ষুণ্ন রাখা হয়েছে।
তিনটি চিঠিতে ড. মুহম্মদ শহীদুল্লাহ্র প্রতি আবদুল করিম সাহিত্যবিশারদের শ্রদ্ধা ও নির্ভরতার যেমন পরিচয় আছে, তেমনি কিছু সমালোচনাও আছে। অর্থাৎ ব্যক্তিগত হূদ্যতা, ঘনিষ্ঠতা বা অন্তরঙ্গতা তাঁকে সত্য প্রকাশ থেকে বিরত করতে পারেনি—চিঠিগুলোই তার প্রমাণ।
পত্র: তিন
সুচক্রদণ্ডী, পটীয়া
চট্টগ্রাম
এপ্রিল, ১৯৫০
জনাব ডক্টার সাহেব,
আমার সালাম জানিবেন। আমার ভাই-পুত আহমদ শরীফ আজো জীবনের সুব্যবস্থিত হইতে পারিল না। বাহার মিয়ার কল্যাণে সে বোর্ড অফিসে চাকরি পাইয়াছিল। সেখানে খুব বেশী [...] তাই সে ঐ চাকরি ছাড়িয়া অধ্যাপকের চাকরি চায়। আপনি মেহেরবানী করিয়া তাহাকে একটা চাকরি দিলে আমি সুখী হইব।
রেজিস্ট্রার সাহেব আমার পুথিগুলি বিশ্ববিদ্যালয়কে দিতে [...] আছি কিনা জানিতে চাহিয়াছেন। আমি এই বিষয়ে শরীফের মত জানিতে চাহিয়াছি। আমি পুথিগুলি দান করিব, মনস্থ করিয়াছি। শরীফের অমত হওয়ার কারণ নাই। বিক্রয় করিলে আমি কিছু টাকা পাইতাম কিন্তু তাহার চাকরির খাতিরে আমি টাকা না লইয়া দান করিব, মনস্থ করিব। এখন আপনি দয়া করিয়া তাহাকে একটি ভাল চাকরি করিয়া দিবেন, আমার এই অনুরোধ। আমার শরীর ক্রমেই খারাপ হইতেছে। সম্প্রতি কিছুদিন হইতে কফ আটকিয়া আমার হাফানি হইয়াছে। তাতে কষ্ট পাইতেছি। চিকিৎসা চলিতেছে। আপনার ‘আমাদের সমস্যা’ পাইয়াছি। উহা চমৎকার হইয়াছে। একটা কথায় আমার খটকা লাগিয়াছে, যে দেশে শতকরা পাঁচজন লোকও [...] জানে না, সে দেশে আরবী রাষ্ট্রভাষা কি করিয়া হয়? যাক্ [... ...] আজও বহু দি [... ... ল্য] আমার পুথিগুলি দান করিলে পুথির বিবরণগুলি না ছাপাইলে চলিবে না। তদ্ব্যাতীত কতকগুলি পচা কাগজ লইয়া কে কি করিবে? যাক্, এ বিষয়ে পরে কর্তব্য স্থির করা যাইবে।
আপনার পদ্মাবতী আজও পাইলাম না। বুঝি উহা দেখিয়া মরিবার সৌভাগ্য আমার হইবে না। আপনার পত্রের অপেক্ষায় রহিলাম।
ভবদীয়
আবদুল করিম
পত্র: এক
[পোস্ট কার্ড]
সুচক্রদণ্ডী, পটীয়া, চট্টগ্রাম
১৮/৩/৪৪ ইং
পরম শ্রদ্ধাস্পদেষু,
আপনার ২৪/২/৪৪ ইং তারিখের কৃপালিপিখানি যথাসময়ে আমার হস্তগত হইয়াছে। আমার মত নগণ্য লোককে পূর্ব্ববঙ্গ সাহিত্য সমাজের বার্ষিক অধিবেশনে সভাপতি নির্ব্বাচিত করিয়া আপনারা উদারতার পরিচয় দিয়াছেন সত্য কিন্তু ইহাতে আপনাদের বিচারবুদ্ধির প্রশংসা করিতে পারিলাম না। কোন গুণ চাহিয়া আপনারা আমাকে এ সম্মানিত আসন প্রদান করিলেন, আমি ভাবিয়া পাই না। সম্ভবত বর্তমান সাহিত্যসেবীদের মধ্যে আমি বয়সে সকলের বড়, এই অজুহাতেই আমাকে সভাপতি করা হইয়াছে। এরূপ কাজে একমাত্র বয়সকে মাপকাঠি ধরা আমার মতে ঠিক নহে। যাহা হউক, আপনাদের মত সুধীবর্গ যখন সম্মানের নামে আমাকে লোকচক্ষে নাচাইতে মনস্থ করিয়াছেন, তাহাতে আমি আপত্তি করিতে পারি না। যদি খোদাতালা ততদিন বাঁচাইয়া রাখেন, সভার দিন দেখিবেন, আমাকে সভাপতি নির্ব্বাচিত করিয়া শুধু বানরের গলাতেই মুক্তার মালা পরাইয়া দিয়াছেন। আপনাদের সৌজন্য ও উদারতার জন্য আমার অগণ্য ধন্যবাদ গ্রহণ করিবেন। আমি ভাল আছি।
আগামী সোমবার আমার অভিভাষণ পাঠাইয়া দিব। ইতি
বিনয়াবনত
আবদুল করিম
পত্র: দুই
সুচক্রদণ্ডী, পটীয়া
চট্টগ্রাম
৬/৩/৫০
জনাব ডক্টার সাহেব,
আমার আদাব জানিবেন। এই অকিঞ্চনের জীবনী চাহিয়া আপনি যে কার্ড লিখিয়াছেন—তাহা পাইয়া ধন্য হইয়াছি। আমার মত ক্ষুদ্র নগণ্য লোকের জীবনীতে লিখিবার জানিবার কি বস্তু আছে, তাহাও বুঝি না। আমার জীবনীতে আপনার বইর কলেবর বৃদ্ধি হইবে, গুণ কমিবে বই বাড়িবে না। যা হউক, আপনি যখন চাহিয়াছেন, সামান্য কিছু লিখিয়া আপনাকে কিছু দিনের মধ্যে পাঠাইব; যদি খোদা বাঁচাইয়া রাখেন।
আমার দ্বারা ‘পদ্মাবতী’ প্রকাশ সম্ভব হইল না। আপনার এ মহৎ কাজের শেষ দেখিবার জন্য আমি উৎকণ্ঠিত আছি। আমি জীবিত থাকিতে থাকিতে উহা দেখিতে পাইব কি?
গোলাম মোস্তফার অপ্রিয় সমালোচনায় আপনি দুঃখিত হইয়াছেন। সে একজন Idiot যাকে চট্টগ্রামে বলে ‘ঊনপঞ্চাশ’। খদ্যোৎকে চাঁদের নিন্দা করিতে দেখিলে সুধী লোকে তৎপ্রতি ঘৃণার হাসিই হাসিয়া থাকে। সে যে কতবড় পণ্ডিতমূর্খ প্রাচীন সাহিত্যের প্রতি তার বিদ্রোহ ঘোষণাতেই তাহা সুপ্রকাশ। সে সত্যকে অগ্রাহ্য করিয়া অর্থাৎ অতীতকে অবহেলা করিয়া নূতন সাহিত্য সৃষ্টি করিবে বলিয়া স্বপ্ন দেখিতেছে। ভিত্তি ভিন্ন সৌধ নির্মাণ কি কখনও সম্ভব হইতে পারে? পারে না বলিয়াই তো মুসলমানেরা উনিশ শতাব্দীর তৃতীয় পাদ হইতে চেষ্টা করিয়াও আজও কিছু করিতে পারে নাই। পুথিসাহিত্যই বাঙালী মুসলমানের প্রাচীন সাহিত্য। প্রাচীন সাহিত্যের একটা স্থান রয়েছে সভ্য জগতে। গোলাম মোস্তফা তাকেই উড়াইয়া দিতে চাহিতেছে। নব্য লেখকের অনেকেই একেবারে গোড়া ছাড়িয়া গাছের আগায় উঠিতে চাহিতেছে। ইহা ত মর্কটবৃত্তি। যাহা বলুন না কেন, আমি ত সত্য কথাই বলিয়াছি। সত্য কথার জন্য কুলোকের কাছে নিন্দার্হ হইয়াছি বলিয়া আমি দুঃখিত নহি। সত্য কথায় আহম্মকে বেজার হয়। ইহা তো খাঁটি কথা। আপনি তো নিজেই প্রাচীন সাহিত্যের উপাসক ও সেবক। তাহার সমস্ত কথা আপনার প্রতিও প্রযোজ্য হইতে পারে। যে ‘পদ্মাবতী’কে ‘নাটক’ বলে, তার জ্ঞানের পরিধি কত বড় তাহা আর বিশেষ করিয়া বলা অনাবশ্যক। একটা বড় মজার কথা যে, সে এখন সাহিত্য রাষ্ট্রের রাষ্ট্রপতি সাজিয়াছে। তাই আমার প্রতি (এবং আপনার প্রতিও) Injunction জারি করিয়াছে, ‘প্রাচীন সাহিত্য’ নিয়া যেন আর চেঁচামেচি না করি। ধৃষ্টতা, বেয়াদবি আর বেহায়াপনা এর চেয়ে বেশী কি হইতে পারে? সে কি কখনও আশা করিতে পারে যে কোনদিন কোন সাহিত্য সম্মেলনের সভাপতি হইবে? যাক তার কথায় আমার সাহিত্য সাধনা ব্যাহত হওয়ার নহে। আপনি তার ভ্রান্তি অপনোদনের জন্য একটা ওষধের ব্যবস্থা করিতে পারেন না? যস্মিন দেশে দ্রুমনাস্তি, এরন্ডো হোপি দ্রুমায়তে।’ সে ত এমন একজন লোক। তাহিযব ও তমদ্দুন তার লেখায় কেমন ফুটিয়া যাহির হয় তাহা ঢাকার ‘অগত্যা’ পত্রিকায় একবারে নগ্নভাবে ফাটিয়া পড়িয়াছে, দেখিয়াছেন কি? এই গো-মূর্খের কথায় আমার দুঃখ নাই। এ বিষয়ে আপনি একবার মুখ খুলিবেন কি? তাতে আমার কোমরে বল হইবে বুঝেন তো?
যাক্ আপনার পদ্মাবতী দেখিয়া মরিতে পারিব কি? গতবার আপনার সহিত দেখার পর আমার শরীর একেবারে ভাঙ্গিয়া পড়িয়াছে। এখন আমি চলিতে পারি না। সামান্য মানসিক পরিশ্রমে কাতর হইয়া পড়ি।
শেষ নিবেদন, এই পত্র পাওয়া মাত্র আপনার আমাদের সমস্যা নামক বইখানি আমাকে এক কপি পাঠাইয়া বাধিত করিবেন। উহা দেখিবার জন্য আমার বড় সাধ।
আপনাকে দোয়া জানাইতেছি। গোলাম মোস্তফা সমালোচনা সম্বন্ধে সংক্ষেপে আপনার অভিমত জানাইলে বড় সুখী হইব। ইতি
দোয়াপ্রার্থী
আবদুল করিম
আমার অভিভাষণ তার ভ্রান্ত মতবাদের মূলে কুঠারাঘাত করিয়াছে বলিয়া সে এতটা ক্ষেপিয়া গিয়াছে।