
বৈশাখের ঝড়ে আমের মুকুলের ঝরে পড়া দেখে জাহিদের মনে হলো, কুড়ানো আমের মুকুল ক্যানভাসে ব্যবহার করলে কেমন হয়। সত্যিই কুড়িয়ে পাওয়া এ অপ্রচলিত শিল্প উপকরণ ব্যবহারের সাহস দেখা যায় জাহিদ ইকবালের কাজে। ঢাকার মোহাম্মদপুরের কলাকেন্দ্রে জাহিদ ইকবালের প্রদর্শনীতে মোট কাজের সংখ্যা ১৫। প্রদর্শনীর সব কাজের শিরোনাম একই—‘ইনফরমাল’।
ছবি বলতে আমরা যা বুঝি যেমন: উজ্জ্বল রং, সাজানো-গোছানো ফর্ম বা রঙের ব্যবহার, দৃষ্টিনন্দন ফ্রেম। জাহিদের ছবি এমন নয়। তাঁর চিত্রকলা বরং ভাবিয়ে তুলবে দর্শকদের, তাঁরা প্রশ্ন করবেন, এভাবে ছবি আঁকা যায় নাকি?
আসলেই জাহিদের ছবি একটু ভিন্ন, ছবির উপকরণও বিচিত্র। আমাদের চারপাশে যা কিছু দেখা যায় তা-ই তাঁর ছবির উপকরণ। ক্যানভাসে শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করেছেন বালু, সিমেন্ট, নারকেলের ছোবড়া, পিচঢালা রাস্তার কাজে ব্যবহৃত পিচ, চা পাতার রং, কুড়িয়ে পাওয়া আমের মুকুল, চটের টুকরো, কম্বলের টুকরো, ব্যান্ডেজ, প্লাস্টার অব প্যারিস, কাগজের টুকরো প্রভৃতি।
উপকরণের মতো এ শিল্পীর ছবির বিষয়গুলোও অপ্রচলিত। তথাকথিত নান্দনিক শোভাবর্ধনের বিশেষ কোনো আয়োজন নেই ক্যানভাসে। এর বদলে সেখানে উঠে এসেছে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার চুম্বক অংশ। ২০১২-এর রাজনৈতিক সহিংসতা ও গুমোট পরিবেশ নিয়ে এঁকেছেন পেট্রলবোমায় সৃষ্ট সহিংস পরিবেশ। এ ছবিতে তিনি ব্যবহার করেছেন আলকাতরা, পেট্রল, রোগীদের শরীরে ব্যবহৃত ব্যান্ডেজ, তুলা, কম্বলের টুকরো ও বালু। এ উপকরণগুলো সমন্বয় করেছেন একটির আকৃতির সঙ্গে অন্যটির সম্পর্ক স্থাপনের মাধ্যমে।
ছবিতে যা কিছু আঁকেন জাহিদ, তা আমাদের চেনা বিষয়, হয়তো কিছুদিন আগে আমাদের চোখের সামনেই ঘটেছে—কথাটি মনে হলো আগুন-সন্ত্রাসের ভয়াবহ রূপ নিয়ে আঁকা তাঁর ছবি দেখার পর।
জাহিদের কাজে একদিকে যেমন উঠে আসে সমাজের অনাচার, পাশাপাশি পাওয়া যায় সূক্ষ্ম সৌন্দর্যবোধও। এ সমাজ-সংসারের চলতি ঘাত-প্রতিঘাতকে ছবিতে ফুটিয়ে তোলেন তিনি।
শেষ পর্যায়ে একটি প্রশ্ন আসে, অপ্রচলিত উপকরণে আঁকা এসব ছবির স্থায়িত্ব কত দিন? উত্তর দিলেন শিল্পীই, ‘১৫ বছর আগে আঁকা আমার একটি ক্যানভাস এখনো একই রকম আছে। তা ছাড়া মাটির সঙ্গে পশুর চর্বি মিশিয়ে চার হাজার বছর আগে আঁকা আদিম মানুষের চিত্রকলাও এখন দারুণ রকম উজ্জ্বল।’
৮ মার্চ শুরু হয়ে প্রদর্শনীটি শেষ হয়েছে ২৯ মার্চ।