অবগুণ্ঠন সরে গেল
সমকামিতা—অভিজিত রায় \ ফেব্রুয়ারি ২০১০ \ প্রকাশক: শুদ্ধস্বর, ঢাকা \ প্রচ্ছদ: সব্যসাচী হাজরা \ ৩৪৭ পৃষ্ঠা \ ৩৭৫ টাকা আলফ্রেড কিন্সে নামের আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক অধ্যাপক একদিন ক্লাসে লেকচার দিচ্ছিলেন। সেদিন ধান ভানতে শিবের গীতের মতো ওই ক্লাস-লেকচারার আলোচনায় চলে গিয়েছিলেন বোলতার যৌনপ্রবৃত্তির দিকে। এবার শিক্ষার্থীদের আর উত্সাহের শেষ নেই। সেই সময়ের তরুণ শিক্ষকের দিকে তাঁরা ছুড়ে দিতে থাকলেন একটির পর একটি প্রশ্নবাণ। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে সে দিনের এই ঘটনা পরবর্তী সময়ে আলফ্রেড কিন্সেকে অনুপ্রাণিত করেছিল মানুষের যৌনবৃত্তি ও সমকামিতার কার্যকারণ উদ্ঘাটনের গবেষণায়। যেখানে বিজ্ঞানের আলোয় মানুষের শরীর বৃত্তির অনুভূতি, যৌনতা এবং সমকামিতার মনস্তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করলেন তিনি। শুরু হলো এ বিষয়ে সূত্রাবদ্ধ আলোচনা। জানার জন্য এই তথ্যগুলো কারও কাছে হয়তো দরকারি হতে পারে। আবার না জানা থাকলেও তেমন ক্ষতি হবে না অনেকেরই। তবে কথা হলো, যে বিষয়ে মাথা খোঁজার জন্য এত কান টানাটানি, এত ভণিতা এবং যে পুস্তকের মাধ্যমে আলফ্রেড কিন্সের ইতিবৃত্ত জানা গেল, তার নাম ‘সমকামিতা’, লেখক অভিজিত্ রায়। বইয়ের মলাটে লাল কালিতে লেখা ‘সমকামিতা’ শব্দের পাশে উত্কীর্ণ হয়েছে ‘একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান’—এই শব্দাবলি। ফলে বইয়ের শিরোনাম থেকে স্পষ্ট হয়, সমকামিতাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির নিরিখে বোঝাপড়া করাই পুস্তকটির অভিপ্রায়। ভূমিকা অংশে লেখক আগে ভাগে জানিয়েও দিয়েছেন সেই কথা। মোট ১০টি অধ্যায়ে শেষ হয়েছে লেখকের অনুসন্ধান—‘প্রকৃতি ও সমকামিতা’, ‘রূপান্তরকামিতা আর সমকামিতার জগত্ ‘উভলিঙ্গত্ব’, ‘গবেষণার রুদ্ধ দুয়ার খুললেন যাঁরা’, ‘সমকামিতা কি কোনো জেনেটিক রোগ’-এর এ রকম নানা শিরোনামের অধ্যায়ে সমকামিতা নামের প্রপঞ্চটিকে ওপর-নিচ থেকে ভেঙেচুরে দেখার চেষ্টা আছে বইটিতে।এ ক্ষেত্রে বলা ভালো, আমাদের দেশের প্রেক্ষাপটে সমকামিতা প্রপঞ্চটি গুণবাচক কিছু নয়। কিন্তু মানুষের যৌনবৃত্তি এবং আকাঙ্ক্ষার সঙ্গে এর যোগসাজসের তল খোঁজার চেষ্টাও নিশ্চয় দুষ্কর্ম নয়। আলোচ্য বইয়ের ছত্রে ছত্রে তারই নজির বিদ্যমান। যেমন সমকামিতার পূর্বাপর তালাশের সঙ্গে সঙ্গে এখানে অভিজিত্ রায় দেখিয়েছেন ছেলে ও মেয়ের মস্তিষ্কের মধ্যে গঠনগত ভিন্নতা রয়েছে। ফলে তাদের প্রবণতাও বিভিন্ন হতে বাধ্য। এর পরষ্পরায় ছেলেমেয়ের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন তিনি গোটা বিশ্বের এন্তার সমীক্ষা হাজির করার মাধ্যমে।আবার মানুষের পাশাপাশি প্রাণিজগতের সমকামিতা বিষয়ে ব্যাখ্যান আছে এ গ্রন্থে। অন্যদিকে এই প্রপঞ্চ সম্পর্কে বিভিন্ন ধর্মের দৃষ্টিভঙ্গি কিরূপ, তার খোঁজও মেলে। সেক্সের সঙ্গে জেন্ডারের সম্পর্ক এবং পার্থক্য, সমাজের সঙ্গে এর রিস্তা-বহু বিচিত্রভাবে সমকামিতার স্বরূপ বিশ্লেষিত হয়েছে বইটিতে। তত্সঙ্গে সেক্সচুয়ালিটি বা যৌনতার খোলনলচেকে যথাসম্ভব পরিচ্ছন্ন করে ব্যবচ্ছেদ করার দিকেও অভিজিত্-এর অভিমুখ। তাঁর ভাষ্য যেমন সেক্স বিষয়টি পুরোপুরি শরীরের ওপর নির্ভরশীল তেমনি জেন্ডার কিন্তু নির্ভর করে সমাজের ওপর। ... ‘মেয়েলি’ বা ‘পুুরুষালি’ ইত্যাদি শব্দ ব্যবহারের মাধ্যমে জেন্ডার প্রপঞ্চকে যুক্ত করা হয় যেখানে নারী বা পুরুষের লিঙ্গীয় বৈশিষ্ট্যকে ছাপিয়ে স্বভাব-আচরণ ইত্যাদি বেশ কিছু বৈশিষ্ট্য ও প্রকাশ পায়।