অবশিষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ভাদ্র মাসের দুপুরটা আর ফুরাতে চায় না। রক্ষা নেই আগুনের হলকা থেকে। দুপুরের রং যেন হলুদ। ধানমন্ডি সরকারি কোয়ার্টারের ভেতরটা এ সময় নির্বোধ নির্জনতায় ভরে ওঠে। কোয়ার্টারের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তায় দু-একটা গাড়ি যেতে যেতে মাঝেমধ্যে হর্নের শব্দ বাজিয়ে যায়। কোয়ার্টারের সুইপার হোসেন আলী এ সময় গায়ের জামাটাকে পোঁটলা বানিয়ে মাথার নিচে দিয়ে বড় নিমগাছটির নিচে শুয়ে আছে। তার পাশে রাখা বড় চাকাওয়ালা ময়লার ট্রলিটা কোয়ার্টারের নব্বইটি ফ্ল্যাটের আবর্জনায় পরিপূর্ণ। আবর্জনা তুলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সে। তাই একটু জিরিয়ে নেওয়া। নিরুদ্বেগে শুয়ে শুয়ে সে নিমগাছের শিকড়ের ওপর লাল আর কালো পিঁপড়েদের যাওয়া-আসা দেখে। এই ভাপসা গরমে গাছতলার শীতল আরামে চোখ বন্ধ হয়ে আসে। ঘুমটা গভীরতা খোঁজে ময়লার গন্ধের ভেতরে। কিন্তু ততক্ষণে গাছের ওপরে এসে জড়ো হয়েছে একঝাঁক কাক। তাদের কেউ কেউ নেমে পড়ে ময়লার ট্রলির ওপর। সঙ্গে আছে আবাসিক এলাকার সব কটি বিড়াল ও কুকুর, যারা চুপ করে বসে অপেক্ষা করে হোসেন আলীর ময়লা ঘাঁটার। একটু পরেই হোসেন আলী নির্বিকারভাবে ময়লাগুলোকে ঘেঁটে আলাদা করবে। ক্লিনিকের ব্যান্ডেজ, রক্তাক্ত তুলা, ব্যবহূত কনডম, ওরাল স্যালাইনের প্যাকেট, সবজির খোসাভরা পলিথিন ব্যাগ, পানির বোতল, টুকরো কাপড়, ছেঁড়া পেপার—আরও কত কী! অনেক সময় নিয়ে হোসেন ময়লা ঘাঁটে আর সব সময়ই তার ভেতর থেকে কিছু না কিছু পেয়ে যায়। ময়লার ভেতর থেকে কুড়িয়ে পাওয়া খুচরো টাকার হিসাব করে সে। কুড়িয়ে পাওয়া কোনো দামি জিনিসের ভাঙারি বিক্রয়মূল্য হিসাব করতে করতে খাঁ খাঁ রৌদ্রের দুপুর গড়িয়ে যায়, তবু ময়লার ঝাঁঝালো গন্ধের ভেতর স্থির হয়ে বসে সে কেবল হিসাবই করে। ততক্ষণে পিঁপড়ের ঝাঁক পা কামড়ে ধরে তার, কাক আর বিড়ালগুলো ময়লা নিয়ে তীব্র প্রতিযোগিতায় নামে, আর ময়লার ভেতর থেকে জন্মানো কোনো বিস্ময়ের জন্য অপেক্ষা করে হোসেন আলী।
২.
বছর খানেক আগে এ রকম সুনসান দুপুরেই ময়লার ঝুড়ি ঘেঁটে সে পেয়েছিল একটা সোনার কানের দুল। দুলের সোনালি আভাটা হঠাৎ যখন ঝিলিক দিয়ে ওঠে, হোসেনের চোখের মণি তখন ম্যাগনিফাইং গ্লাসের মতো শক্তিশালী আর বিবর্ধিত হয়ে নিশ্চিত করে দুলটিকে। সেদিন থেকেই হোসেন আলী বিশ্বাস করে, এই নরক আর উচ্ছিষ্টের ভেতর থেকে আরও সোনা আবিষ্কার করবে সে। গ্রামের বাড়িতে ফুলবানুকে নিয়ে ঘটে যাওয়া নির্দয় ঘটনাগুলো মনে আসে তার—‘এক টুকরা জমি কিনবার পারলে তোরে লইয়া ঘর করতাম ফুলবানু।’
‘আমারে লইয়া কিয়ের ঘর? দেখলা না সন্তান হয় না বইলা আমার সোয়ামি আমারে তালাক দিছে। হোসেন মিয়া, তুমি কি মনে করো তোমার সঙ্গে সাদি হইলে আমার পেটে সন্তান ধইরব? হে আশা কইর না মিয়া। এহন আকুলিবিকুলি করতাছ, দুদিন পর আমার মতো বাঁজা বেটিরে কোনো কামে লাগবো না।’
‘ছুডু থেইক্যা তোরে দেখতাছি। তোর বাপে তোরে বুড়া রহমতের লগে যেদিন বিয়া দিল, মনে হইল আসমানডা কালা হইয়া চক্ষু দুইডারে আন্ধা বানাই দিছে। ঢাকায় মাস্টার রোলে সুইপারের চাকরি লইলাম। চক্ষের আন্ধার তবু যায় না। তয় আমি তোর ছাড়ানের খবর হুইন্যা খুশি হইছিলাম ফুলবানু। এহন একটু জমি কিনবার ট্যাহা গুছাইতে পারলে আর টেনশন নাই। তুই বাঁজা হইলেও আমার সমস্যা নাই। আমি তো তোরে লাভ করি, তুই বোঝস না ক্যা?’

হোসেন আলীর কথায় ফুলবানু খিলখিলিয়ে হাসে। ঘোরের মধ্যে হোসেন দেখতে পায় হলুদ সরষে ফুলের মাঠে আউলা বাতাসে ভাসে ফুলবানুর হাসি।

৩.
হোসেন আলীর দামি জিনিস খুঁজে পাবার স্বপ্ন সত্যিই একদিন সফল হয়। সেদিন বিকেলে বৃষ্টি শুরু হওয়ার আগে সমস্ত দিন ধরে মাথার ওপর ঝুলে ছিল ঘন কালো মেঘ। কয়েকবার আকাশের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত ময়লাগুলো না পোড়ানোর সিদ্ধান্ত নেয় হোসেন। হঠাৎ মনে হলো, তার হাত থেকে ছিটকে পড়ল নীল পলিথিন দিয়ে মোড়ানো একটা ছোট্ট পুঁটলি। সে অবাক হয়ে ছিটকে পড়া পুঁটলিটাকে নেওয়ার জন্য দু-কাঁধ ঝাঁকিয়ে দ্রুত উৎসাহ নিয়ে জেগে ওঠে। পুঁটলিটা দড়ি দিয়ে শক্ত করে গোল করে বাঁধা। হোসেন স্থির হয়ে পুঁটলিটার দিকে তাকিয়ে থাকে। তারপর তিন গুণ উৎসাহে সেটা কোলের ওপর নিয়ে উবু হয়ে বসে ছিঁড়তে থাকে নীল পলিথিন। এরপর পলিথিনের অনেক স্তর ঘেঁটে সে খুঁজে পায় দুই জোড়া সোনার বালা। বালাগুলো হাতে নিয়ে দমবন্ধ হয়ে আসে তার—যেন সে পালাতে চায় এখান থেকে। কিন্তু একটু পরেই বাতাস আর ঘূর্ণির মধ্যে আকাশ ভেঙে নেমে আসে অজস্র জলের ধারা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে হোসেন আলী। হুড়হুড়িয়ে বৃষ্টি নামে। ওদিকে সোনার বালাগুলো লুঙ্গির ভেতর মোচড় দিয়ে শক্ত করে বাঁধে সে। ফলে ফুলে ওঠে লুঙ্গি। তাড়াতাড়ি নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ায় হোসেন। যেতে যেতে তার মনে হয়, লুঙ্গির পাশটা ক্রমাগত বড় হয়ে ফুলে যাচ্ছে, এখনই হয়তো কারও সঙ্গে ধাক্কা লেগে বেরিয়ে পড়বে সবকিছু।
ঘরে এসে অতি সন্তর্পণে গায়ের পানি মুছতে মুছতে সে ভাবে, বাসার কাজের বুয়ার ব্যর্থ চুরিটি আজ তার সৌভাগ্য বয়ে এনেছে। এসবই কি ঘটল হাঁটা দরবেশের দয়ায়? ফুলবানুর কথা চিন্তা করে একদিন হাঁটাবাবার সঙ্গে সে হেঁটেছিল মোহাম্মদপুরের রাস্তায়, গলিতে গলিতে। ভাবতে ভাবতে নানা চিন্তা জট পাকিয়ে যায়। হোসেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়, এখানে থাকা মানেই যেকোনো সময় বিপদে পড়া। তাই আজ রাতের ট্রেনেই যশোরে যাবে সে। সেখানে তার চাচাতো ভাইয়ের বউ থাকে, তার কাছে বালাগুলো বিক্রি করবে। আর ভাবির সঙ্গে ফুলবানুর বিষয়ে পরামর্শও করা যাবে।

৪.
রাতের অন্ধকারে ট্রেনে চেপে যশোরের উদ্দেশে রওনা দেয় হোসেন আলী। হোসেনের চাচাতো ভাইয়ের বউ ইয়াসমিন বেগম বস্তিতে থাকে, যশোরের তুলাতলায় হিরোইনের ব্যবসা করে সে। চাচাতো ভাই মারা যাওয়ার পর ইয়াসমিন বেগম তাকে নিজেই খুলে বলেছিল এই ব্যবসার কথা। মনে মনে তাকে নিয়ে গোপন একটা আশাও ছিল তার। ভাবির কথাবার্তায় কিছুটা আভাসও পেয়েছিল হোসেন আলী। পরে ফুলবানুর কথা তাকে জানিয়ে দিয়েছিল সে।
একেক স্টেশনে গাড়ি থামে। লোক ওঠে-নামে। ক্লান্ত চোখে এসব দেখে হোসেন। ভাবে, দুনিয়াদারিতে কে যে কারে আটকে রাখে? ফুলবানুর প্রেমে না পড়লে সেকি ইয়াসমিনকে সাদি করত? ইয়াসমিন ফুলবানুর মতো সুন্দর না, তবে বুদ্ধিমতী, ‘কী সব আজব কথা আইজ মনের মধ্যে খালি জ্বইল্যা ওঠে? রাত্রি কি ফুরাইবো না? রাইত এত বড় বড় লাগে ক্যা?’—জানালা দিয়ে বাইরের অন্ধকার রাতের দিকে তাকিয়ে তার মনে ভয় জাগে, ‘রাইত যদি এহানেই থাইম্যা যায়? থাইম্যা যায় যদি ঘড়ির কাঁটা? আর কোনোকালে যদি বিহান না হয়?’

৫.
পরদিন সকাল সাতটায় হোসেন ইয়াসমিনের ঘরে পৌঁছলে তাকে দেখে বেশ অবাক হয় ইয়াসমিন। হোসেনের হাতে পায়ে কালো দাগ, ঘামের বিশ্রী গন্ধ, আর বিরক্তিকর চেহারার আড়ালে সে অনেক দিন আগে দেখা হোসেনকে খোঁজার চেষ্টা করে। এবং একটু পরেই হোসেনের এই পরিবর্তিত চেহারার পেছনে কোনো কাহিনি থাকার সম্ভাবনাকে নিশ্চিত করে তার মন। তারপর হোসেনকে চা-নাশতা দিয়ে আপ্যায়ন করে সে। ইয়াসমিনের পরনের হলুদ শাড়ি, গলার চেইন, কানের দুল, পরিপাটি ঘর-বিছানা—সবকিছুই একটা ফুরফুরে অনুভবে ভরিয়ে রাখে হোসেনকে। বস্তিতে থাকলেও ইয়াসমিন সব সময় পরিপাটি। এদিকে একটু থেমে আশ্বস্ত হয়ে ইয়াসমিনকে সব খুলে বলে হোসেন। তার প্যান্টের দু-পকেট থেকে ভাঁজ করা কালো কাপড়ের মধ্য থেকে বের করে আনে দুজোড়া বালা। বালাজোড়া বের করার সময় কেঁপে ওঠে অজান্তেই। সে সময় বস্তির চারপাশের ডোবা থেকে উড়ে আসা এক ডাঁশ মাছি ভনভন করে বালার ওপরে এসে বসে। ইয়াসমিন তীব্র চোখে সেই বালাজোড়াকে দেখতে দেখতে বলতে থাকে কথার পর কথা। সে কথা কখনো আগুনের মতো, কখনো বৃষ্টির মতো, কখনো তা হাহাকারের মতো হোসেনের চারপাশ ঘিরে ধরে। এভাবে মশকরা করতে করতে দরদাম হয়। ইয়াসমিন বেগম শরীরে কালো বোরকা গলিয়ে বালাসহ এক লহমায় বেরিয়ে যায় ঘর থেকে। এবং একটু পরে নিশ্চিত হয়ে ফিরে আসে যে বালাগুলো সোনার।
আজ রাতে পঁচিশ হাজার টাকায় বিক্রি হবে বালা চারটি। দশটায় পার্টি আসবে। বালা নিয়ে ইয়াসমিনকে তারা দেবে টাকা। আর সেই টাকা হাতে নিয়েই রাতের বাস ধরবে হোসেন।

৬.
অবশেষে টাকা পায় হোসেন আলী। সন্ধ্যাবেলাতেই লোক আসে ইয়াসমিনের কাছে। তারপর ওরা চলে যেতেই পঁচিশ হাজার টাকা গুনে হোসেনের হাতে দেয় ইয়াসমিন। হোসেন টাকা নিতে নিতে ভাবে, আর দেরি করা ঠিক হবে না। এখনই ফিরতি বাস ধরতে হবে। হঠাৎ দরজার পাশে বীভৎস গলার একটা গোঙানি। রুক্ষ গলায় চেঁচিয়ে ওঠে ইয়াসমিন, ‘কে কে?’
দরজা খোলামাত্র এক অস্থিচর্মসার শরীর ঠকঠক করে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে দরজার পাশেই। তার হাতে এক শ টাকার ময়লা নোট। লোকটা ইয়াসমিনের দিকে বহু কষ্টে নোট এগিয়ে দিয়ে বলে, ‘এক পুইট্যা মাল দাও। আইজও রক্ত বেইচলাম।’ তারপর আর কথা বোঝা যায় না। বাতাসে দরজাটা একটু কেঁপে ওঠে। ঘরে আলো এত কম যে লোকটার চেহারাও ভালো করে দেখা যায় না। কিন্তু খুব কাছ থেকে লোকটার রক্তহীন ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ভয় করতে থাকে হোসেনের। মনে হতে থাকে, লোকটা মারা যাচ্ছে। তার চোখ দুটো বোজা। ইয়াসমিন এক পুঁটিয়া সাদা পাউডার আনতেই চোখ খোলার চেষ্টা করে সে। তার হাড্ডিসার শরীর থেকে একটি কাঁপা হাত বের হয়ে বহু কষ্টে পাউডার হাতের মুঠোয় পোরে। কিন্তু আর উঠে দাঁড়াতে পারে না লোকটা—একটা দমচাপা গোঙানির শব্দ গলার ভেতর দিয়ে ক্ষীণ অস্ফুট স্বর হয়ে বেরিয়ে আসে কেবল। এরপর সব চুপচাপ।
ইয়াসমিন তখনো বিশ্বাস করতে পারে না, লোকটি মারা গেছে। হোসেন মানুষটার শিথিল শরীরের বুকে কান গলিয়ে ভাঙা ফুসফুসের শেষ সাড়া শোনার চেষ্টা করে, না পেয়ে আরও জড়বৎ এবং ঘনীভূত হয়ে যায়। অবশেষে শেষ আশা নিয়ে সজোরে ধাক্কা দেয় তাকে। দেহটি এক পাশ থেকে অন্য পাশে ঢলে পড়ে, তাতে এক বিমূঢ়তার জন্ম হয়। একসময় লোকটার মৃত্যু নিশ্চিত হলে একেবারে স্থবির হয়ে পড়ে হোসেন আলী।
‘আইজ এহন আফনে যাইতে পারবেন না। এই লাশের একটা ব্যবস্থা করা লাগব। যাইতে হইলে শেষ রাইতের বাস ধইরেন।’—মুহূর্তেই ইয়াসমিন বেগম চেপে ধরে হোসেনের হাত। নির্বাক হোসেন। এক বিমূঢ়তা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। ইয়াসমিন বেগম তার পরিচিত দুজনকে খবর দেয়। কোনো ঝামেলা হবার আগেই রাত এগারোটায় লাশটিকে দূরবর্তী রেললাইনের ওপর রেখে আসে ওরা।
শেষ রাতে দু-পকেটে পঁচিশ হাজার টাকা নিয়ে বাসে ওঠে হোসেন। তার চোখে ঘুম নাই, স্বপ্ন নাই, গলায় কোনো শব্দও নাই; শব্দ যেটুকু আছে তা বুঝি দূরের গোরখা পোকার মতো একটানা আওয়াজ করে। শ্বাস যেন বন্ধ হয়ে আসে।
বাসটি যেতে যেতে রেলক্রসিংয়ের সামনে দাঁড়ায়। রেললাইনের ওপর দিয়ে ভীষণ শব্দে ট্রেনটি পার হচ্ছে তখন। হঠাৎ হোসেন দেখে, রেললাইনের ওপর নিজ হাতে রেখে আসা লোকটার মাথা বেলুনের মতো ফেটে যাচ্ছে আর তুলার মতো বাতাসে উড়ছে ঘিলু। তার একটি ছাঁট এসে কি তার মুখে লাগে? হঠাৎ বিকট শব্দে চিৎকার করে ওঠে হোসেন আলী। পাশে বসা যাত্রীরা সচকিতে তার দিকে তাকায়। তারপর একসময় নিশ্চুপ হয়ে যায় গভীর বিমূঢ়তায়!