![আখতারুজ্জামান ইলিয়াস [১২ ফেব্রুয়ারি ১৯৪৩—৪ জানুয়ারি ১৯৯৭] প্রতিকৃতি: মাসুক হেলাল](http://media.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2014%2F01%2F02%2F52c5a7ea5a600-Untitled-16.jpg?w=640&auto=format%2Ccompress)
সময়টা সম্ভবত ১৯৬২, মতিঝিলে সমকাল সাহিত্য পত্রিকার অফিস। তখন নতুন লেখকদের লেখা বাছাইয়ের কাজ চলছে—সমকালের সম্পাদক সিকান্দার আবু জাফর পত্রিকার কিছু কাজে সহায়তা করার জন্য দায়িত্ব দিয়েছেন আমাকে। ওই সময় হঠাৎ একদিন অফিসের ভেতরে দুই তরুণ এসে আমার টেবিলের সামনে দাঁড়ালেন। ‘সম্পাদক সাহেবের সঙ্গে দেখা করতে চাই,’ জানালেন তাঁরা। দুজনই একেবারে তরুণ বয়সী। অনুমান করি, দুজনই নতুন লেখক অথবা কবি।
কিছুক্ষণ বসে নিচু গলায় কথা বলেন দুজন। তারপর কী মনে করে উঠে দাঁড়ান। ফরসামতো তরুণটি বলেন, ‘জাফর ভাই তো এলেন না, আর কতক্ষণ অপেক্ষা করব?’ সিকান্দার আবু জাফর বিখ্যাত সাংবাদিক। তাঁর ওপর আবার সমকালের মতো খ্যাতিমান সাহিত্য পত্রিকার সম্পাদক। আবার ব্যবসার দিকেও নাকি নজর দিয়েছেন বলে গুজব শোনা যায়। তাঁর সম্পর্কে সুস্পষ্ট আর পুরোপুরি ধারণা তখনো আমার ঠিকমতো হয়ে ওঠেনি। তাই তরুণ দুজনের দিকে মুখ তুলে বলি, ‘কোনো কাজে বোধ হয় আটকে পড়ছেন কোথাও—আপনারা কেন এসেছেন তাঁর কাছে?’
‘না এমনি, দেখা করতে—তা আজ যখন দেখা হলো না তাহলে কাল টেলিফোনে যোগাযোগ করব।’
দ্বিতীয় তরুণটির কথায় প্রথমজন মাথা নাড়িয়ে বলে ওঠে, ‘না না, টেলিফোনে কথা নয়—আমরা আগামীকাল আবার আসব। বলবেন, আমার লেখা গল্পটা কবে ছাপানো হবে তা জানতে এসেছিলাম, আমার নাম আখতারুজ্জামান ইলিয়াস।’
‘আর আমার নাম আবুল হাসান’, দ্বিতীয় তরুণটি জানান।
আখতারুজ্জামান ইলিয়াসের নামটা চেনা চেনা লাগে আমার কাছে। বলি, আপনার লেখা কোনো গল্প বোধ হয় আমি পড়েছি—বেশ ভালো লেখেন আপনি।’
‘আর আমার লেখা কবিতা পড়েননি কখনো?’ আবুল হাসানের কথা শুনে কিছুটা অপ্রস্তুত বোধ করি। বলি, ‘বোধ হয় পড়েছি, স্পষ্ট মনে পড়ছে না এখন।’
আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে সেটাই আমার প্রথম সাক্ষাৎ। দ্বিতীয়বার সাক্ষাৎ হয় বছর তিনেক পরে।
আমি তখন জগন্নাথ কলেজের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত। এই কলেজটি সে সময় সরকারি কলেজ হওয়ার মুখে—কিন্তু শিক্ষকের অভাব, তাই ওই অবস্থাতেই শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো ইন্টারভিউয়ের দিন (তারিখটা মনে পড়ছে না) আমাকে দেখেই এক ঝলক হাসি ফুটল ইলিয়াসের মুখে। সেই হাসির জবাবে আমি বললাম, ‘ইন্টারভিউ দেওয়ার সময় খুব ন্যাচারাল মুডে কথা বলবেন।’
সেবার প্রায় সব বিভাগেই শিক্ষক নেওয়া হচ্ছিল। প্রায় সব বিভাগের জন্য ইন্টারভিউ দিতে এসেছিলেন অনেক প্রার্থী। এ বিষয়টি দেখভালের জন্য ইন্টারভিউ বোর্ডের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকজন শিক্ষককে। এঁদের মধ্যে ছিলাম আমিও।
ইন্টারভিউ শেষ হতে হতে বিকেল গড়িয়ে যায়। প্রার্থীরা তবু ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অজিত গুহ এসে আমাকে নিচু গলায় জিজ্ঞস করলেন, ‘তুমি আখতারুজ্জামান ইলিয়াসকে চেনো?’
আমিও নিচু গলায় জানালাম, ‘হ্যাঁ কিছুটা চিনি, বগুড়ায় বাড়ি, ওর বাবা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন।’
‘ওর ইন্টারভিউ ভালো হয়েছে’, ছোট এই মন্তব্য করে স্যার (অজিত গুহ) ভেতরে চলে গেলেন।
তো, এই হলো ইলিয়াসের সঙ্গে আমার যোগাযোগের শুরু। তারপর দীর্ঘকাল একসঙ্গে ছাত্র পড়ানোর কাজ করেছি। ইতিমধ্যে জগন্নাথ কলেজে নানা পরিবর্তন হয়েছে। কলেজটা সরকারি হয়ে গেছে, স্নাতক ও স্নাতকোত্তর পর্বের ক্লাস আরম্ভ হয়েছে। অজিত গুহ স্যারকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। প্রায় সব বিভাগেই এসেছেন বেশ কয়েকজন নতুন শিক্ষক। এক কথায়, জগন্নাথ কলেজ আগাগোড়া বদলে যেতে আরম্ভ করেছে। অজিত গুহ স্যারের পরে যিনি বিভাগীয় প্রধান ছিলেন তাঁকেও অবসরে যেতে হয়েছে। তখন বিভাগীয় কাজকর্মের দায়দায়িত্ব এসে পড়ে মধ্যস্তরের শিক্ষকদের ওপর। বাংলা বিভাগে ওই সময় অমন শিক্ষকের সংখ্যা মাত্র দুজন। সুতরাং তরুণ শিক্ষকদের ওপরও কিছুটা দায়িত্ব বর্তায়। ওই সময় ইলিয়াসকে কাছে পাই আর হারুন সাহেব (মীর্জা হারুন অর রশীদ) তো ছিলেনই। সুতরাং বাংলা বিভাগ পরিচালনায় কোনো রকম অসুবিধা হয়নি।
ইলিয়াসের লেখা গল্প নিয়ে তখন বিদ্বজ্জনদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। প্রগতিশীল লেখকেরা নিজেদের সংগঠন ‘বাংলাদেশ লেখক শিবির’ গড়ে তুলেছেন। সংগঠনটি গড়ে তোলার জন্য সর্বপ্রকার সহযোগিতা করেছেন ইলিয়াস। তাঁকে সংগঠনটির সহসভাপতি পদেও অধিষ্ঠিত করা হয়েছিল একপর্যায়ে। প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শিল্প-সাহিত্যের ক্ষেত্রে তাঁর প্রগতিশীল ভূমিকার কথা উল্লেখযোগ্যভাবে স্মরণ করা হয় এখনো।
ইলিয়াসের জীবনে তাঁর বড় এবং প্রধান কাজ ছিল তাঁর লেখালেখি, ছোটগল্প লিখেছেন অনেক কটি। তবে তাঁর উপন্যাস দুখানি অতুলনীয়—একখানির নাম চিলেকোঠার সেপাই এবং অন্যটি খোয়াবনামা। মজার বিষয় হলো, দ্বিতীয় উপন্যাসের নাম তিনি বাংলা ভাষায় রাখেননি, রেখেছেন বিদেশি ভাষায়। প্রথমখানি নাগরিক জীবনের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের দ্বিধা-সংকোচ ও সংগ্রাম নিয়ে লেখা আর দ্বিতীয়টি দীর্ঘ কাহিনি অবলম্বনে গ্রামীণ জীবনের আখ্যান। ইতিহাসের প্রবাহ জড়িয়ে আছে এর শরীরে। এই উপন্যাসখানি বিষয় এবং রচনারীতির দিক থেকে আমাদের সাহিত্যে তুলনাহীন মর্যাদা পেয়েছে। আধুনিক যুগে যেসব বিষয়, কাহিনি ও আঙ্গিক পাশ্চাত্যের সাহিত্যকে অতুলনীয় করে তুলেছে; ইলিয়াস স্বদেশের মাটি আর মানুষকে নিয়ে সেই রিয়েলিজম, মনোরিয়ালিজম, মুখররিয়ালিজম—সবই তাঁর উপন্যাসে তুলে ধরেছেন। যে মানুষগুলোকে আমরা তাঁর উপন্যাসে পাই তারা আমাদের কাছে অচেনা এবং উদ্ভট মনে হলেও অমন মানুষকে সাধারণ মানুষের মধ্যে দেখতে তো পাই আমরা। আমার ধারণা, খোয়াবনামা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
ইলিয়াসের সংসারজীবনে পরিপূর্ণতা দেখেছি। তাঁর মা বিগত হয়েছিলেন অনেক আগেই, তবে বাবা প্রায়ই আসতেন ছেলের কাছে। আর ছোট ভাইরাও আসতেন তাঁর বাসায়। তখন তিনি বিয়ে করেছিলেন—আমার বাড়িতে নিচের তলার ভাড়া বাসায় সংসার পাতা হয় তাঁর। ইলিয়াসের শান্তিময় সংসার দেখেছি আমি। বিয়ের আগে বাড়ির বাইরে সময় কাটালেও বিয়ের পরে তাঁকে বাইরে যেতে কমই দেখেছি। তাঁর স্ত্রীও খুব ভালো ছিলেন এবং এখনো আছেন। এই দম্পতির মাত্র একটি সন্তান। কিন্তু সেই সন্তানও কম সাফল্য অর্জন করেনি—সে তো এখন সরকারি চাকরিতে উচ্চপদে আসীন বলে শুনেছি।
আখতারুজ্জামান ইলিয়াসকে কাছ থেকে দেখার ও জানার সুযোগ আমার বেশি ছিল। কারণ, আমরা ছিলাম একই জীবনধারার মানুষ। আমাদের জীবিকা ছিল শিক্ষকতা আর বিষয়ও ছিল একই—বাংলা ভাষা ও সাহিত্য। দুজনই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম এবং চিন্তাভাবনার দিক থেকেও অনেক বিষয়ে মিল ছিল আমাদের—দুজনই লিখতাম কথাসাহিত্য—গল্প ও উপন্যাস। সব সময় অবশ্য এক বাড়িতে বসবাস করিনি আমরা। বিয়ের কিছুদিন পরই অন্য বাড়িতে চলে গিয়েছিলেন ইলিয়াস। তবে আমাদের দুই পরিবারের মধ্যে দেখাশোনা নিয়মিতই হতো।
আমার স্ত্রী শওকত আরার মৃত্যু হয় ১৯৯৬ সালের ১৬ ডিসেম্বর আর ইলিয়াস মৃত্যুবরণ করেন ১৯৯৭ সালের ৪ জানুয়ারি।
আখতারুজ্জামান ইলিয়াস এখন আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর জীবনের কাজগুলো তো আছে। আমার বিশ্বাস, তাঁর কাজগুলোকে ভবিষ্যতে অনেক দিন ধরে স্মরণ করতে হবে বাংলা ভাষাভাষীকে।