অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজালেনের মন যত না বাইবেলের দিকে, তার থেকে অনেক বেশি সোনার খনির দিকে। —সেইন্ট ফিদেল কাস্ত্রোযাজকের চরিত্রে অভিনয় করলেন, রোজালেন, পারফেক্ট। মাচুপিচ্চু-পেরুর মাটিতে পবিত্র বাণী ছড়ানোর যে ঐশী আনন্দ—তা আর মিলবে কোথায়? ‘...প্রভু কহিলেন, হে মেষপালক, দ্যাখো, আকাশ কত নীল। অথচ নীল হচ্ছে নিছক দৃষ্টিসীমানার মরমি শূন্যতা...আর সমস্ত শূন্যতা জুড়ে থাকি আমি...আমাকে তুমি কোথায় খুঁজবে বলো? শূন্য থেকে ক্রমাগত শূন্যতর অভিযাত্রায় দেখো আমি তোমাকেই দেখা দেব বলে দীর্ঘকাল নীল হয়ে আছি, আকাশ হয়ে আছি। কত মেঘ ভেসে বেড়াচ্ছে কথা হয়ে, কত পাখি উড়ে যাচ্ছে সুরধ্বনি তুলে, কত রোদ ঝরে মরে পড়ছে গান হয়ে, কত প্রেম ঘনীভূত হচ্ছে কবিতা হয়ে...’ যাজকের কথা শুনতে শুনতে আমাদের ভালো লাগে, ঘুম এসে যায়। আমরা ঘুমিয়ে পড়ি নিদ্রামগ্ন তারাদের পাশে। যাজকও টের পান, আমাদের ঘুমন্ত শিয়রে তাঁর ধবধবে ছায়া ফেলে রেখে তিনি হেঁটে বেড়ান মানচিত্রের ওপর...এরপর আমাদের সোনার খনি লুট হয়ে যায়, ইতিহাসের পৃষ্ঠায় অনেক রক্ত ছাপা হয়। আমরা, মাচুপিচ্চুবাসিরা, পরে প্রাণ দিয়েছি কিন্তু আগে তো কোনোভাবেই যাজকের অভিনয় ধরতে পারিনি। এত্তো...তো পারফেক্ট!খ.একবার নক্ষত্রের পানে চেয়ে, একবার বেদনার পানে—অনেক কবিতা লিখে চলে গেল যুবকের দল। দলে, জীবন-আনন্দ দাশ আমাদের বেশ কিছুটা অগ্রজ ছিলেন। হয়তো দলছুট হওয়ার নেশায় একদিন আমিও ঢুকে পড়ি দলে, বাঁকভাঙা জলে, আরক্তিম কবিতাকল্লোলে...আমিও কবিতা লেখা যুবকের চরিত্রে অভিনয় করি, কবিতা লিখি। আমিও যাজক রোজালেনকে ফলো করি। আমিও আকাশে ওড়াই ঘুঁড়ি, সুবর্ণমেঘ, জলজ চিঠিপত্র, স্বলজ শব্দশ্বাস, হেমন্ত দিনের বাতাস... কত প্রাণ চাপা পড়ে যাচ্ছে পেপারওয়েটের নিচে, কত মন মরে পড়ে থাকছে আনুগত্যের রোল প্লে করতে গিয়ে; কত কবিতা, স্রেফ লেখায় হয় না, মাথার মধ্যে গুলিবিদ্ধ সন্ত্রাসীর চরিত্রে দাপায়...তারপরও কিছু কবিতা খুব নদীমাতৃক, তাদের তীরলগ্ন বাড়ি, ওপারের কাশবন থেকে মাত্রাবৃত্ত হাওয়া এসে ছুঁয়ে দিয়ে যায়, বলে, ‘এবার ঘুমোও...’আমি জানি, তোমারও তা আছে। তুমি ঘুমোলেই তোমার সোনার খনি লুট হয়ে যাবে। কারণ, যতই কবিতা রচুক, কবির মন যতটা কবিতার দিকে, তার থেকে অনেক বেশি স্ট্রেট তোমার দিকে—আগেই কি বলিনি, আমি রোজালেনকে ফলো করি?৯ নভেম্বর ২০১০