অভ্যাসে প্রেমের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যা করে চেয়েছ তুমি, আমার হয়নি হওয়া সে রকম কিছু
অস্বীকার করব কেন! অকাতরে দিয়ে গেছ সব আহরণ
জলের সব ধর্ম, পুষ্পস্থান, নোনা গন্ধ, আয়নার আলো;
দিয়েছ অতলশীর্ষ, ভরাশূন্য, আড়াআড়ি, সমতল, নিচু
মেঘের কম্পনগতি; কখনো ছিল না কিছু প্রথা-প্রকরণ
মহাজন বাক্য বটে: ‘ঘর তার, যার হাতে সময়ের চাবি’
যথেষ্ট মসৃণ পথ, হেঁটে যেতে তবু কেন ভয় ছিল মনে
প্রেমের নাগাল থেকে যদি পড়ে যাই
রোদনের শুভ জন্মক্ষণে
মিটে গেলে অগ্নিতৃষ্ণা, নতুন জলের দিকে যদি ফিরে চাই!
বিলুপ্তি ফেরাতে গিয়ে থেমে গেছে যত ছিল কবিতার দাবি
মনের অপর পাশে প্রথম আলোর মতো কেউ কি দাঁড়াল!
রেখেছ প্রত্যহ করে, (হৃদয়ের অন্ধকারে) দিন কেটে যায়
তোমাকে বলার ছিল: অভ্যাসে প্রেমের মৃত্যু,
ভালোবাসা স্বাধীনতা চায়