অমৃতা শের-গিলের জন্মশতবর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমেধা, শরীরী সৌন্দর্য এবং অকপট আত্মপ্রকাশে প্রাচ্যের চিত্রশিল্পের ইতিহাসে অমৃতা শের-গিলের পাশে বসার মতো দ্বিতীয় কোনো নাম খুঁজে পাওয়া যাবে না। ভারতীয় বাবা ও হাঙ্গেরীয় মায়ের কন্যা অমৃতা উপমহাদেশীয় চিত্রশিল্পে বরাবরই মঞ্চ-কেন্দ্র অবস্থান করেছেন, দ্যুতিময় আলো আপতিত হয়েছে একই সঙ্গে ব্যক্তি অমৃতা ও শিল্পী অমৃতার ওপর। অমৃতার জন্ম ৩০ জানুয়ারি ১৯১৩ হাঙ্গেরির রাজধানী শহর বুদাপেস্টে শীতল বরফাচ্ছাদিত এক রোববার সকালে। রোমান ক্যাথলিক চার্চে ব্যাপটিজমের সময় মেয়েটির নাম ঠিক হলো অমৃতা অ্যান্টোনিয়া। বাবা ভারতীয় শিখ অমরাও সিং পাঞ্জাবের অভিজাত এলিট সমাজের একজন সংস্কৃত ও পার্মি ভাষার পণ্ডিত, বহুভাষাবিদ; দর্শন, জ্যোতির্বিজ্ঞান, ক্যালিগ্রাফি, যোগশাস্ত্র, দর্শন ও ফটোগ্রাফিতে মজে থাকা একজন আধুনিক মানুষ। তাঁর মা ম্যারি আনতোনিয়েভ।১৯১২ সালে তাঁরা বিয়ে করেন। ব্রিটিশ ঔপনিবেশবাদবিরোধী আন্দোলনে সক্রিয় সম্পৃক্ততার অভিযোগে সরকার ওমরাও সিংয়ের অধিকাংশ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলে এই দম্পতি আর্থিক দৈন্যদশায় পড়ে যায়। তাঁদের কিছু সময় কাটে হাঙ্গেরিতে, কিছু সময় ভারতে। ওমরাও সিংহ আর্থিকভাবে আর মাথা তুলে দাঁড়াতে পারেননি। তার পরও তাঁদের কন্যাসন্তান অমৃতা ও ইন্দিরাকে ইচ্ছেমতো তাঁদের জীবন গড়ার সুযোগ দিয়েছেন। বিশ্বমানের শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে অমৃতা চলে গেছেন প্যারিসে।অতৃপ্তি ছিল ম্যারি আনতোভিয়েভের নিত্যসঙ্গী। বেশ কবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সফল হন ১ জুলাই ১৯৪৮। প্রথম মহাযুদ্ধের পর ওমরাও সিংয়ের প্রভাবশালী ছোট ভাই সুন্দর সিং ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে দেন-দরবার করে তাঁর ভারতে প্রত্যাবর্তনের পথ সুগম করেন। ১৯২১ সালে দুই কন্যাসহ পরিবারটি প্যারিস হয়ে মুম্বাই বন্দরে অবতরণ করে। প্যারিসে স্বল্পকালীন অবস্থানে আট বছর বয়সী অমৃতাকে মুগ্ধ করে ল্যুভর মিউজিয়াম। মা ম্যারির সিদ্ধান্ত ছিল অমৃতাকে পিয়ানো ও বেহালাবাদন শিখতে হবে। কিন্তু অমৃতার গোঁ, সে শিল্পী হবে। চিত্রকলার শিক্ষক মেজর হুইটমার্শকে নিয়োগ করা হলো অমৃতার জন্য। হুইটমার্শ চান অমৃতা যা-ই আঁকুক তা হুবহু তাঁর মডেলের মতোই হতে হবে, ছবি আঁকার ব্যাকরণ মেনে এগোতে হবে। অমৃতা তাঁর শিক্ষককে আর পছন্দ করলেন না। এবার নিয়োগ করা হলো সদ্য বিলেত থেকে আসা পেটম্যান নামের একজন সুপরিচিত পোর্ট্রেট শিল্পীকে, তিনি জোর দিলেন ড্রয়িংয়ের ওপর। বললেন যেকোনো ধরনের চিত্রকলার ভিত্তিই হচ্ছে ড্রয়িং। অমৃতার মা ম্যারি নিজেই এর মধ্যে একজন ইতালীয় ভাস্করের প্রেমে পড়েন এবং ওমরাও সিংহকে রাজি করিয়ে মেয়েদের উচ্চশিক্ষার জন্য ইতালির ফ্লোরেন্স চলে যান। অমৃতা সেখানে ক্যাথলিক আর্ট স্কুলে ভর্তি হন। স্কুলের কড়া অনুশাসন তাঁকে পীড়া দেয়, নগ্ন নারীর ছবি আঁকার অপরাধে তাঁকে স্কুল থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। ইতালীয় ভাস্কর স্ত্রী ও সন্তান বিসর্জন দিয়ে ম্যারিকে গ্রহণ করতে সম্মত হননি। ব্যক্তিগত হতাশা এবং স্কুলের ওপর অমৃতার ক্রোধ শেষ পর্যন্ত তাঁকে আবার ভারতে ফিরিয়ে নিয়ে আসে। পাঁচ বছর ভারতের বিভিন্ন অঞ্চলে বাস করার পর ম্যারি ইউরোপ যেতে অনাগ্রহী স্বামীকে মেয়েদের উচ্চশিক্ষার দোহাই দিয়ে প্যারিসে নিয়ে আসতে বাধ্য করেন। ষোলো বছর বয়সী অমৃতার শুরু হয় শিল্পচর্চা এবং একই সঙ্গে বেপরোয়া জীবনযাপন। নগ্নতা অমৃতাকে বিশেষভাবে আকৃষ্ট করে। আয়নার সামনে নগ্ন হয়ে নিজের পোর্ট্রেট আঁকতে শুরু করেন তিনি। একসময় অমৃতা বুঝতে পারেন বিমূর্ততার প্যারিস তাঁর জন্য নয়। ইউরোপের জন্য পিকাসো, মাতিসে রয়েছেন। কিন্তু ভারতের জন্য তিনিই অমৃতা শের-গিল। অমৃতা ফিরে আসেন ভারতে। আঁকতে শুরু করেন ভারতীয় স্বপ্ন: ক্যানভাসে দরিদ্র ভারতীয়দের জীবন, তাদের বিষণ্ন চাহনি ও সৌন্দর্য। অমৃতা শের-গিলের বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে ইয়ং গার্লস, জিপসি গার্ল, সেল্ফ পোর্ট্রেট, ন্যুড, স্ট্যান্ডিং, চ্যুড, ইয়াংম্যান উইথ অ্যাপলস, গ্রুপ অব থ্রি গার্লস, হিল ওমেন, ব্রাইডস টয়লেট, ব্রহ্মচারিস, ইন দ্য লেডিস এনক্লোজার, অ্যানসিয়েন্ট স্টোরি টেনার, ক্যামেলস। অমৃতা তাঁর দীর্ঘদিনের গোপন প্রেমিক মামাতো ভাই ভিক্টর এগানকে বিয়ে করেন। ৫ ডিসেম্বর ১৯৪১, ২৮ বছর বয়সে সেকালের অন্যতম শ্রেষ্ঠ সেলেব্রিটি অমৃতা শের-গিলের মৃত্যু হয়। তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি, এই অভিযোগ তাঁর স্বামী ভিক্টর এগানকে আমৃত্যু বয়ে বেড়াতে হয়েছে।