অমৃতের পুত্র জুল ভার্ন
১৮৬৩ সালে ৩১ জানুয়ারি নতুন আসা একটি বই ফ্রান্সের সমস্ত বুকশপ ছেয়ে ফেলল। তিনজন অভিযাত্রীকে নিয়ে বই। অভিযানে নেতৃত্ব দিয়েছেন ড. ফার্গুসন। তিনি একই সঙ্গে দুর্ধর্ষ এবং ভদ্রলোক। আফ্রিকার গহিনতম অরণ্যে তিনি মহানন্দে বেলুনে চেপে বিহার করেন। অরণ্যে যে জাতীয় ভয়ডর থাকা উচিত তার সবই এখানে উপস্থিত। বল্লম হাতে বদরাগী নেটিভরা ঘুরছে। জান হাতে করে পালানোর সুযোগ দেবে না এ রকম জন্তু-জানোয়ারও আছে। কিন্তু মহামতি ফার্গুসন এসব পরোয়া করেন না। বইটি নিয়ে জনমনে প্রবল বিভ্রান্তি দেখা দিল। বইটির গালগপ্প সত্যি তো, নাকি বানোয়াট? পড়তে গেলে অবশ্য অবিশ্বাস করা কঠিন। একেবারে নির্ভেজাল ভ্রমণের ডায়েরি। সমস্ত বিবরণ নিখুঁতভাবে লেখা। কোন জঙ্গলে কত দ্রাঘিমাংশে অভিযাত্রী দল অবস্থান করছে, সেই হিসাবটা পর্যন্ত ঠিকঠাক মিলে যাচ্ছে। কিন্তু মুশকিল হলো, তারা যেসব কাণ্ডকারখানা করছে সেটা অবিশ্বাস্য। প্যারিসের দৈনিক লে ফিগারোতে বইটির পরিচিতি বেরোল। সেখানে লেখা হলো, ‘ড. ফার্গুসনের অভিযান বাস্তব নাকি কল্পনা—আমরা জানি না। শুধু এইটুক বলতে পারি, উপন্যাস হিসাবে এটা যেমন সম্মোহনী, তেমনি বিজ্ঞানের বই হিসাবেও পথপ্রদর্শক।’এই তাক লাগানো ভ্রমণকাহিনির নাম ফাইভ উইকস ইন অ্যা বেলুন। জুল ভার্নের প্রথম উপন্যাস। এই লোকটির নাম শোনেনি এ রকম মানুষ পৃথিবীতে দিন দিন কমে আসছে, একদিন হয়তো বিলুপ্ত হয়ে যাবে। জুল ভার্নকে বলতে চাই ‘অমৃতের পুত্র’। তিনি জন্মেছেন আজ থেকে ঠিক ১৮৩ বছর আগে (৮ ফেব্রুয়ারি ১৮২৮)। তাঁর আইনজ্ঞ বাবার সাধ ছিল ‘মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন’ সেই পথ ধরে বেটাও আইনজ্ঞ হবে। কিন্তু বিধি এখানে বাম। দুষ্টুমতি বালক খটোমটো আইনের বই ফেলে থিয়েটার নিয়ে মেতে উঠল। এ কাজে তাকে মন্ত্রণা দিতেন আলেকজান্ডার ডুমা, যিনি পরে থ্রি মাস্কেটিয়ার্স লিখে অমরত্ব পেয়েছেন। জুল ভার্ন থিয়েটারি দলে কিছু নাটক লিখলেন। এতে থিয়েটারের তেমন ক্ষতিবৃদ্ধি হলো না। তবে পিতৃদেব অগ্নিশর্মা হয়ে পড়ালেখার খরচ বন্ধ করে দিলেন। বেচারা জুল ভার্ন ঠেকায় পড়ে স্টক ব্রোকারের কাজ নিলেন। মনে মনে এই কাজের ওপর খাপ্পা থাকলেও তিনি বেশ পয়সা কামিয়ে ফেলেন। ১৮৫৭ সালে ভারতবর্ষে যখন সিপাহি বিদ্রোহ চলছে, তিনি তখন হনোরাইন নামে এক বিধবাকে বিয়ে করে ফেললেন। তাঁর ক্যারিয়ার চপলা নদীর মতো বাঁক নিল ১৮৬২ সালে। এটা নিয়ে খুব সুন্দর একটা জনশ্রুতি আছে। একদিন প্যারিস স্টক এক্সচেঞ্জের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি সতীর্থদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন, ‘বন্ধুরা! আমার বিশ্বাস, আমি আর বেশি দিন তোমাদের মাঝে নেই। সৌভাগ্যের প্রসূতি হতে যেমন আইডিয়া থাকা উচিত বলে এমিল জেরার্দ বলেছিলেন, ঠিক তেমন একটা আইডিয়া এই মুহূর্তে আমার মাথায় আছে। খুবই নতুন ধারার একটি উপন্যাস লিখছি আমি। যদি শিকে ছেঁড়ে, বলতে পার, একটা সোনার খনি পেয়ে গেলাম।’ তাঁর কথা শুনে সবাই হো হো হাসছে। নাকের পাটা ফুলিয়ে জুল ভার্ন প্রাণপণে বলছেন, ‘হাসো, বন্ধুরা, প্রাণভরে হাসো। শেষ হাসিটা কে হাসবে দেখাই যাক না।’এটা বলা খুবই কঠিন, গল্পটা আদৌ সত্যি কি না। যে বইটার কথা ভেবে জুল ভার্ন এই আত্মম্ভরী ঘোষণা দিচ্ছেন, সেই বইয়ের মতোই ব্যাপারটা। ফার্গুসনের অভিযান সত্য না মিথ্যা, ফ্রান্সের লোকেরা সেটা জানত না। কিন্তু এতে কোনো সন্দেহ নেই, জুল ভার্ন উপন্যাসের একটি নতুন ধরন সৃষ্টি করেছিলেন। এই ধরনের জোরেই তিনি ভাগ্যদেবীকে পেয়েছেন, পেয়েছেন বিশ্বজোড়া খ্যাতি। জুল ভার্নের কয়েকটি বইয়ের নাম বলা যাক। অনেক পাঠক শোনামাত্র চিনে ফেলবেন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ (১৮৭৩), তাঁর সবচেয়ে বিখ্যাত ক্ল্যাসিক। আগেই বেরিয়ে গেছে অ্যা জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ (১৮৬৪), টুয়েন্টি থাউজেন্ডস লিগস আন্ডার দ্য সি (১৮৭০)। ১৮৭৪ সালে বেরোল আরেকটি অমর গ্রন্থ, মিস্টিরিয়াস আইল্যান্ড। কার্টুন, অ্যানিমেশন, মুভি, থিয়েটার, লিটারেচার—সমস্ত মাধ্যমে এসব উপন্যাসের চরিত্রগুলো ১০০ বছরের বেশি হলো মহাপ্রতাপে ঘুরে বেড়াচ্ছে। এইচ জি ওয়েলসের পাশাপাশি তিনিও সায়েন্স ফিকশনের জনক হিসেবে স্মরণীয়। তাঁর উপন্যাসে জলপথ বা আকাশপথের বাহন দেখা যায়, যদিও এর কোনোটাই তখনো আবিষ্কৃত হয়নি। পৃথিবীর সবচেয়ে বেশি অনূদিত লেখকদের তালিকায় তাঁর অবস্থান তৃতীয়। এই অমর স্রষ্টার ১৮৩তম জন্মতিথিতে তাঁকে অভিবাদন।