অযোধ্যার মঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যের পশ্চিম যাত্রা শুরু হয়েছে বেশ আগেই। তাই দিনের অবশিষ্টাংশও ক্রমশই ছোট হয়ে আসছে। গাড়িঘোড়া পেতে অনেক সমস্যা হয়েছিল বলে এখানে আসাটা খুব ঝক্কির ব্যাপার ছিল। কিন্তু এসে যা দেখলাম, তাতে নয়ন জুড়িয়ে গেল। টকটকে লাল রঙের আকাশছোঁয়া দালান। তবে শুধু দালান নয়, তার চেয়েও বেশি কিছু যেন। চীনের স্টোন ফরেস্টের মতো এও যেন বাংলার ব্রিক ফরেস্টের একটি অংশ। মাটি থেকে খাড়া হয়ে আকাশপানে উঠে যাওয়া এই দালানটাকে আকাশ থেকে দেখলে মোটাসোটা একটা স্তম্ভ বলে মনে হওয়ার কথা।বহুকালের পুরোনো দালান এটি, তবে আজও এর উচ্চতা ৬৪ ফুট অর্থাৎ প্রায় ১৯ দশমিক ৫০ মিটার! বাগেরহাট জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় ১০ কিলোমিটার উত্তরে। অযোধ্যা গ্রামে অবস্থিত বলে এর নাম অযোধ্যার মঠ। এটি মোগল যুগের এক আশ্চর্য কীর্তি। মুসলিম শাসনামলে নির্মিত হলেও মুসলিম শিল্পকলার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত এটি। বাংলাদেশে মুসলিম শিল্পকলার পুরোপুরি প্রভাবমুক্ত যে কটি মঠ রয়েছে, তার মধ্যে এটিকে সবচেয়ে পুরোনো বলে বিবেচনা করা হয়। দক্ষিণ ভারতীয় স্থাপত্যরীতির সুস্পষ্ট ছাপ এতে দেখা যায়। এমনটি ঘটাও অসম্ভব নয় যে সেখানকার নির্মাণবিশেষজ্ঞরা এটি নির্মাণে হাত লাগিয়েছিলেন। ভারতের উড়িষ্যায় খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দী পর্যন্ত রেখা পদ্ধতির মন্দির নির্মাণকৌশল অনুসৃত হয়েছিল। সেই কৌশলের দ্বারা এর নির্মাতারা প্রভাবিত হয়েছিলেন বলে মনে হয়। একই অনুমান করেছেন আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। এই মঠটি নিচের দিকে চার কোনাকার, তবে ওপরের দিকে তা ক্রমান্বয়ে গোলাকার হয়ে উঠে গেছে। রাজবাড়ী মেলার বালিয়াকান্দি উপজেলার বিখ্যাত মথুরাপুর দেউলের সঙ্গে এর প্রধান দুটি পার্থক্যের একটি হলো উচ্চতার, অন্যটি কোণের। মথুরাপুর দেউল ৭০ ফুট উঁচু, আর এটি ৬৪ ফুট। মথুরাপুর দেউল ১২ কোনাকার, আর এটি চার কোনাকার। গঠনপ্রণালির ভিত্তিতে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া এটির নির্মাণকাল ষোড়শ শতাব্দীর শেষ দিকে বা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে বলে অনুমান করেছেন। পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশপথ দেখা যায় এই মঠে। প্রতি প্রবেশপথের ওপরটা বিশেষভাবে অলঙ্কৃত এবং ভেতরের দিকটা অনেকটা চৌচালা গম্বুজাকৃতির। এই মঠের ভিত্তিটি বর্গাকার। এর ভেতরে কোনো বিগ্রহ নেই, তবে দক্ষিণ বাদে অন্যসব দিকে কুলুঙ্গি আছে। উত্তর দেয়ালে আছে একটি বড় কুলুঙ্গি এবং পূর্ব ও পশ্চিম দেয়ালে আছে দুটি করে ছোট কুলুঙ্গি।বাইরের দেয়ালে ভরা আছে টেরাকোটার চিত্রফলক আর অলঙ্কৃত ইটে। টেরাকোটার ফলকে পুষ্পলতার নকশা যেমন আছে, তেমনি আছে প্রাণীমূর্তিও। তবে প্রাণীমূর্তির চেয়ে ফুল-লতা-পাতার চিত্রশোভিত ফলকের ব্যবহার এখানে অনেক বেশি। এ ছাড়া জ্যামিতিক নকশাও এখানে কম নেই। এই মঠের বাইরের দেয়ালে প্রাণীমূর্তি-শোভিত পোড়ামাটির চিত্রফলকের বর্ণনা দিয়ে যশোহর খুলনার ইতিহাস গ্রন্থের ২০০১ সংস্করণে ৫৫০ পৃষ্ঠায় সতীশ চন্দ্র মিত্র লিখেছেন—‘পূর্ব্ব প্রাচীরের একস্থানে দুইজন গজারোহীর পশ্চাতে দুইজন ধনুকাধারীর ছবি এবং দক্ষিণ প্রাচীরের কার্নিশের অগ্রভাগ মকরাঙ্কিত আছে।’ টেরাকোটার সেই ফলক চিত্রগুলো আমিও দেখলাম নয়ন মেলে।সতীশ চন্দ্র মিত্র অযোধ্যাকে আলাদা কোনো গ্রাম হিসেবে উল্লেখ না করে একে কোদলা গ্রামের একটি অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু গাঁয়ে গিয়ে দেখলাম, সবাই অযোধ্যাকে আলাদা গ্রাম হিসেবেই উল্লেখ করছেন।মঠটির দেয়ালে দুই লাইনের লেখা খোদিত আছে। কিন্তু তা পুরোপুরি টিকে না থাকায় এর প্রকৃত অর্থ বোঝা যাচ্ছে না। যদি যেত, তাহলে এটির নির্মাণকাল সম্পর্কেও হয়তো সুনির্দিষ্ট মতামত দেওয়া যেতে পারত। কিন্তু তাতে কী? এই মঠের স্মৃতি তো আর মন থেকে মুছে যাওয়ার নয়। এ যাত্রায় এটাই সঞ্চয়।