
ফ্রিদা কাহলোকে আদ্রেঁ ব্রেতো বলেছিলেন, ‘রঙিন ফিতায় বোনা বোমা’। মেক্সিকোর এই বিস্ফোরক শিল্পীকে আমরা মূলত চিনেছি দিয়েগো রিভেরার সঙ্গে তাঁর ট্র্যাজিক প্রণয়ের মাধ্যমে। তাঁদের এই প্রেমের গল্পটি স্মরণীয় হয়েছে জুলি তাইমোরের একই নামের অসাধারণ চলচ্চিত্রে। সেই ফ্রিদাকে আবার নতুনভাবে চেনা গেল নিউইয়র্কের ব্রঙ্কস বোটানিক্যাল গার্ডেনে ‘আর্ট, গার্ডেন অ্যান্ড লাইফ’ শিরোনামের ভিন্নধর্মী এক প্রদর্শনীতে এসে। গত ১৬ মে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে ১ নভেম্বর পর্যন্ত।
মেক্সিকো সিটিতে নিজ বাসভবনে একটি বাগান গড়েছিলেন ফ্রিদা। ১৯২৫ সালে, যখন তাঁর বয়স মাত্র ১৮, সে সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় মরতে বসেছিলেন তিনি। তাঁর শিরদাঁড়া গুঁড়িয়ে যায়, শ্রোণি ক্ষতবিক্ষত হয়, এক পা ভেঙে দু-টুকরো হয়। সন্তান ধারণের ক্ষমতাও হারিয়ে ফেলেন চিরদিনের মতো। তারপরও বেঁচে ছিলেন এই শিল্পী, কিন্তু জীবনভর তাঁকে বহন করতে হয়েছে অবিশ্বাস্য দৈহিক বেদনা। সহ্য করতে হয়েছে স্বামী রিভেরার বহুগামিতা ও দৈহিক নির্যাতন।
এই অহর্নিশ যাতনা লাঘব করার জন্য ফ্রিদা বেছে নেন বাগান। আবার সড়ক দুর্ঘটনার পরই ছবি আঁকায় হাত লাগান তিনি। তাই তাঁর ছবিতে বারবার ফিরে এসেছে নিজের হাতে বোনা বাগান ও বাগানের ফুল। ভীষণ একাকী ও বিষণ্ন জীবনে উজ্জ্বল ও বহু বর্ণিল এই বাগান ছিল ফ্রিদার প্রধান আশ্রয়।
যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল তাঁর জীবনে, সরাসরি সে দুর্ঘটনার কোনো ছবি ফ্রিদা কখনো আঁকেননি, বরং রঙের উজ্জ্বলতা ও পুষ্পের বর্ণিল ঔজ্জ্বল্যে ঢেকে রেখেছেন তাকে। এতে বেদনার সুর মিলেছে বটে, কিন্তু তার আভা মিলিয়ে যায়নি।
ব্রঙ্কসের বোটানিক্যাল গার্ডেনটি এমনিতেই উদ্যানপ্রেমীদের জন্য স্বর্গ। আড়াই শ একরের ওপরে সাজানো এই বাগানে রয়েছে প্রায় ১০ লাখ নানা প্রজাতির বৃক্ষ ও গুল্ম। পাহাড়ি ও পাথুরে পথ—বিজ্ঞানীরা বলছেন যে পাথরের কোনো কোনোটির বয়স ৫০০ মিলিয়ন বছর বা তার চেয়েও বেশি—সেই পাথর কেটে উদ্যানটি সাজানো। উদ্যানটি এক শ বছরেরও বেশি পুরোনো, যা এখন বিশ্বের একটি প্রধান উদ্যান গবেষণাগার। উল্লেখ করার মতো তথ্য হলো, এ উদ্যানের পুরোটাই এই শহরের বিভিন্ন মানুষের দানের অর্থে নির্মিত।
প্রদর্শনীটির কেন্দ্রে রয়েছে ফ্রিদার উদ্যানভিত্তিক বেশ কয়েকটি তেলরং ও অ্যাক্রেলিক ছবি এবং স্কেচ। মেক্সিকো সিটিতে ফ্রিদার বাসভবন, যা তিনি মুড়ে দিয়েছিলেন নীল রঙে, তার অনুকরণে একটি বাগান সাজানো হয়েছে এখানে। ফ্রিদা যেসব গাছ ও ফুল পছন্দ করতেন, এখানে দেখা গেল তারই আধিক্য। এর আগের বছর এই বোটানিক্যাল গার্ডেনেই ক্লদ মোনের বাগানের অনুকরণে প্রায় অবিকল একটি বাগান তৈরি হয়েছিল। সে তুলনায় ফ্রিদার বাগানটি কিঞ্চিৎ মলিন। আমাদের চেনাজানা ফুলগাছের মধ্যে সহজেই নজরে এল গোলাপ, ক্রিসেনন্থিমাম, বোগেনভেলিয়া, ডালিয়াসহ নানা রঙের দোপাটি ফুল। দেয়ালজুড়ে ফ্রিদার বাগানের যে ছবি রয়েছে, তা দেখে বেশ বোঝা যায় মেক্সিকোর নিজস্ব আবহে অভ্যস্ত নানা ফুল ও গুল্মে শোভিত বাগানটি। নিউইয়র্কের খামখেয়ালি জলবায়ুতে এটি টিকবে না, সে জন্যই এখানকার আয়োজন কিঞ্চিৎ নিরাভরণ। কিন্তু সে অসম্পূর্ণতা আমরা ভুলে গেলাম মূল প্রদর্শনীতে ফ্রিদার ছবিগুলো দেখে।
সবার আগে নজরে এল ফ্রিদার সেই অসাধারণ আত্মপ্রতিকৃতি। সারা জীবন নিজের অসংখ্য ছবি এঁকেছেন ফ্রিদা—নানা সময় ও ভাবের দেড় শতাধিক চিত্র। ‘আমি নিজের ছবি আঁকি, কারণ নিজেকেই আমি সবচেয়ে ভালোভাবে জানি’, বলেছেন ফ্রিদা। এখানে রাখা সবগুলো ছবিতেই দেখা গেল পুষ্প ও প্রকৃতির বিপুল উপস্থিতি। একাধিক কোনা থেকে উঁকি দেয় চেনা-অজানা নানা রকম পাখি অথবা বুনো জন্তু, যার অধিকাংশই ফ্রিদা লালন করতেন সন্তানস্নেহে।
প্রদর্শনীতে তাঁর যে আত্মপ্রতিকৃতিটি রয়েছে—‘সেলফ পোট্রে৴ট উইথ নেকলেস অ্যান্ড হামিং বার্ড’—তাতে ফ্রিদার মেক্সিকান সৌন্দর্যের সব চেনা বৈশিষ্ট্যই বর্তমান। তাঁর ঘন কালো জোড়া ভুরু, ওপর ওষ্ঠে হালকা গোঁফের রেখা, বিষণ্ন মুখ। এক কাঁধে একটি পোষা বানর, অন্য কাঁধে একটি বিড়াল। সাদা একটি জামা পরিহিত ফ্রিদা, গলায় কাঁটার মালা। চুলের ফাঁকে রয়েছে দুটি প্রজাপতি। ১৯৪০ সালে আঁকা হয়েছিল ছবিটি, তত দিনে ফ্রিদা ও রিভেরার বিয়ের ১০ বছর পেরিয়েছে। বিয়ের পর ১৯৩৯ সালে তাঁদের প্রথম বিচ্ছেদ, অব্যবহিত পরে পুনর্বিবাহ। বিবাহ-বিচ্ছেদের আগে তাঁর মনের যে অবস্থা, ছবিতে সম্ভবত আছে তারই প্রকাশ। গলায় কাঁটার মালা তাঁর অব্যাহত রক্তক্ষরণের প্রতীক। কিন্তু সেই কাঁটাটি ধরে আছে একটি খঞ্জনা পাখি, যা আশার প্রতীক। তার দুটি ডানা দুদিকে ছড়ানো, যা ক্রুশবিদ্ধ যিশুর কথা মনে করিয়ে দেয়। এই ছবিতে তাঁর শ্বেতশুভ্র জামাটিও মনে করায় যিশুর কথা। চুলের ফাঁকে যে দুটি প্রজাপতি, সেটি মনে করিয়ে দেয় প্রজাপতির মতো ডানা মেলে জেগে উঠেছে এই মেয়ে, যেমন যিশু জেগে উঠেছিলেন মৃত্যুর গহন আঁধার থেকে। রিভেরার সঙ্গে পুনর্বিবাহের সময় নিজের এক প্রেমিককে বিদায় উপহার হিসেবে এই ছবিটি এঁকেছিলেন ফ্রিদা।
প্রদর্শনীটিতে ফ্রিদার মোট ১৪টি সুপরিচিত চিত্রকলা রয়েছে। তার মধ্যে দুটি ছবি ‘সান অ্যান্ড লাইফ’ (১৯৪৭) ও ‘ইনসাইড আ সানফ্লাওয়ার’ এর আগে কোথাও দেখেছি বলে মনে পড়ে না। সবগুলো ছবিই নির্বাচন করা হয়েছে পুষ্প ও উদ্যানের প্রতি ফ্রিদার আশৈশব ভালোবাসা ও নৈকট্যের প্রকাশ হিসেবে।
মানুষের জীবন ও ফুলের জীবন, ফ্রিদার চোখে বিস্ময়করভাবে অভিন্ন। এমনকি তাদের যৌন-জীবনাভ্যাসেও রয়েছে এই অভিন্নতা। এসব ছবিতে সে অভিন্নতার প্রকাশ মনোযোগী দর্শকের দৃষ্টি এড়ায় না। মেক্সিকোর আদিবাসী আজটেকদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ফ্রিদার ভালোবাসা সুপরিচিত। প্রদর্শনীতে অন্তর্ভুক্ত ছবিগুলো নীরবে বলে যায় সেই ভালোবাসার কথাও।
কে জানত, পুষ্প ও উদ্যানের এই আপাতলাবণ্যের পেছনে রয়েছে গভীর বেদনা ও গ্লানির এক যুগল গল্প। রয়েছে একই সঙ্গে আশঙ্কা ও আশংসনের এক আশ্চর্য সম্মিলন। ফ্রিদা কাহলো বলেই বোধ করি এমন সমন্বয় সম্ভব।