অরৈখিক
একটা নিঃসঙ্গ বেঞ্চি ও চঞ্চল কাঠবিড়ালির গল্প লিখতে লিখতে বিকেলের ঘাসগুলো
উজ্জ্বলতা হারাল;
আঙুলের ফাঁক গলে পালিয়ে গেল যে আলো তার পেছনে ছুটে বেড়াল অন্ধকার ইঁদুরগুলো
যথোপযুক্ত নৈর্ব্যক্তিকতা দেখাতে না পারার অক্ষমতায় আমি নিজেকে তিরস্কার করি
আমার টেবিলে নৃত্য করে দুটি প্রেমময় গ্লাস, কলহ করে থালা-বাসন
একটা হালকা পালক একাকী উড়তে উড়তে বাতাসে ধাক্কা খায়
হেই আয়নার মানুষ, তুমি কি কথা বলবে আমার সাথে একবার?
শত্রু বা মিত্র দৈত্য বা দানব লাজুক বা নির্লজ্জ যেই হও না কেন বেরিয়ে এসো
সোজা কথাগুলো কত জটিল করে বলা যায় সে তুমি ভালোই জানো
নকল করতে চাই তোমাকে হে বসন্তের নবীন পাতা
স্কুল পালিয়ে সিনেমা দেখার দিনগুলির মতন
নায়িকার চোখের পানি আর নায়কের ঘোড়ায় চড়ে দিগন্তে হারিয়ে যাওয়া।
একটা হিট ফর্মুলার মধ্যে জীবনকে বেঁধে রেখে কসম খাই
সম্পূর্ণ করব ওই অপূর্ণ সঙ্গম যখন ছিঁড়েছিল সতীপর্দা।