রূপা ফারুকি অর্ধেক বাঙালি। অনেকটা ‘ব্রিক লেন’-এর মনিকা আলীর মতো। মা বাংলাদেশের, বাবা পাকিস্তানের। লাহোরে জন্ম, কিন্তু খুব অল্প বয়সে তাঁরা সবাই লন্ডন চলে আসেন। সেখানেই লেখাপড়া, কর্মজীবন। অল্প-বিস্তর বাংলা এখনো বলতে পারেন। তাঁর গল্পের মুখ্য চরিত্রসমূহ হয় বাঙালি, নয়তো কোনো না কোনোভাবে উপমহাদেশের সঙ্গে সাংস্কৃতিকভাবে জড়িত; ফলে তাদের কথাবার্তায় বাংলা চলে আসে। ঠিক যেমন দেখি জেডি স্মিথের হোয়াইট টিথ-এ। সেখানেও কাহিনির কেন্দ্রে লন্ডনে বসবাসরত এক বাঙালি পরিবার। রূপার প্রথম উপন্যাস বিটার সুইটস (২০০৭) পাঠক মহলে জনপ্রিয় হয়েছিল, বিলাতের একটি প্রথম শ্রেণীর পুরস্কারের জন্য মনোনীতও হয়েছিল। হাফ লাইফ তাঁর তিন কি চার নম্বর বই। এই দুটি উপন্যাসের কাহিনির শরীরে অনিবার্যভাবে উপস্থিত উপমহাদেশ, বিশেষত বাংলাদেশ। এমনকি একাত্তরের কথাও তাতে শুনি, বিশেষত হাফ লাইফ-এ। সে অভিজ্ঞতা গল্পের মৌল কাঠামোকে হয়তো প্রভাবিত করে না, কিন্তু চরিত্রসমূহের মেজাজ বুঝতে সে অভিজ্ঞতা একদম বাহ্য নয়। অবশ্য এ কথাও মানতে হবে, তাঁর কাহিনির চরিত্রসমূহের এই সাংস্কৃতিক আত্মপরিচয় ছাড়া তাঁর বই পড়ে অথবা তাঁর কথা শুনে বোঝার উপায় নেই যে এই মেয়ে বাংলাদেশের। পাকিস্তানি তো নয়ই।বস্তুত রূপা ফারুকির নতুন উপন্যাস হাফ লাইফ পড়ে মনে হয়েছে, তাঁর কাছে তেমন দাবি করাও অন্যায়। বাঙালি তিনি জন্মসূত্রে হতে পারেন, কিন্তু তাঁর অভিজ্ঞতার সবটুকুই বহির্দেশীয়। আধুনিক জীবন এখন আর কোনো একটা গ্রাম বা শহরে আবদ্ধ নয়, তা সারা পৃথিবীর সঙ্গেই অন্বিত। রূপার উপন্যাসে দেখি সে অভিজ্ঞতারই প্রতিফলন। বলতে পারেন, এই হচ্ছে ফিকশনের বিশ্বায়ন। আমি ভৌগোলিক বা কাহিনির অবস্থানগত অর্থে বলছি না, বলছি অভিজ্ঞতার অর্থে। দ্বিতীয় মহাযুদ্ধের পর যে নয়া উপন্যাসের কাঠামো গড়ে উঠেছে, তাতে কাহিনি আর মুখ্য নয়। একটা মোদ্দা কাহিনি-কাঠামোর ওপর ভর করে মানবিক অভিজ্ঞতার নানা চৌহদ্দির অনুসন্ধানই সেখানে মুখ্য। এই অভিজ্ঞতার ধরনটাই এমন যে পৃথিবীর সবখানের মানুষ অন্তর্গত বা গাঠনিক অর্থে আমরা একে অপরের সঙ্গে অন্বিত। আরেক দক্ষিণ এশীয় লেখক, সালমান রুশদি, এই ন্যারাটিভ স্টাইলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। রূপা ফারুকির সঙ্গে রুশদির অবশ্য কোনো মিল নেই। কারণ, রূপার উপন্যাসের ভিত্তি বাস্তব নাগরিক অভিজ্ঞতার ওপর, অন্যদিকে রুশদির বেলায় প্রতিটি কাহিনিই উপস্থিত হয় এলেগরি হিসেবে। বিটার সুইটস-এর বিষয় ছিল বিলাতের বাঙালি/পাকিস্তানিদের জটিল পারিবারিক আন্তসম্পর্ক। তাতে নাটকের কোনো কমতি নেই, ঘটনার ঘনঘটাও বিস্তর; তবে তার মুখ্য লক্ষ্য গল্প বলা নয়, বিলাতের এক অভিবাসী সাব-গ্রুপের ভেতর মহলে যে গোপন ছলনা কাজ করে, তার মুখোশ খুলে ধরা। বাইরে থেকে তাদের যেমন দেখি, তা তাদের আসল চেহার নয়। লেখক যেন এক বাজিকর, ম্যাজিক বাক্স থেকে টেনে টেনে নামাচ্ছেন মুখোশের কাপড়। সে বাজির খেলা শেষ হলে অবশিষ্ট থাকে নির্মোক, নির্বস্ত্র মানুষ—তারা সবাই অসহায়, একাকী পলায়নপর ও পরাজিত। হাফ লাইফ-এও তা-ই। গল্পের কেন্দ্রে যে যুবক ও যুবতী, জন্মসূত্রে তাঁরা সংযুক্ত এক বাঙালি লেখকের সঙ্গে হ্যারি হাসান, ইংরেজি ভাষার একসময়ের সুপরিচিত কবি, ভারত বিভাগের আগে কলকাতায় চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে প্রেমসূত্রে আবদ্ধ ছিলেন। সেই প্রেমের ফসল এক অবৈধ কন্যাসন্তান, কিন্তু প্রসবকালে সে তরুণীর মৃত্যু হয়। হ্যারি জানতেও পারেন না তাঁর প্রেমিকার মৃত্যুর খবর। সে সংবাদ যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য জন্মানোর সঙ্গে সঙ্গে সেই শিশুকন্যাটিকে দত্তক হিসেবে তুলে দেওয়া হয়। ভারত বিভক্তির পর হ্যারি চলে আসেন সিঙ্গাপুরে। তাঁর এক পাকিস্তানি বন্ধুর অনুরোধে সম্ভবত করুণাবশত তিনি বিয়ে করেন ইতিমধ্যে অন্তঃসত্ত্বা এক বাঙালি তরুণীকে। যে পুত্রসন্তানটির জন্ম হয়, তাঁর নিজের নয় জেনেও হ্যারি তাকে গভীর যত্নে লালন করেন। অথচ স্ত্রীর প্রতি কোনো অনুরাগ বা প্রেম তাঁর বিন্দুমাত্র ছিল না। স্ত্রীর সঙ্গে তাঁর এই দূরত্বের কারণে পুত্রের সঙ্গে তাঁর দূরত্ব গড়ে ওঠে। সিঙ্গাপুরেই সেই পুত্রের—ইজাজ বা ইজ্জি—পরিচয় হয় এক বাঙালি মেয়ে অরুণা আহমেদের সঙ্গে। সে সম্পর্ক গড়ায় গভীর ও উদ্দাম প্রেমে। অনেক পরে, যখন অনেক বিলম্ব হয়ে গেছে, তারা আবিষ্কার করে তাদের দুজনের চেহারায় যে আশ্চর্য মিল রয়েছে তার কারণ জন্মসূত্রে তারা একে অপরের সঙ্গে জড়িত। হাফ লাইফ সেই অজ্ঞাতপরিচয় উন্মোচনেরই কাহিনি। গল্পটি আমি ভেঙে বলতে চাই না, পাঠক বরং নিজেই তা আবিষ্কার করুন। বইটির আসল ওজন এই আবিষ্কারের ভেতরে। এক মানুষের ভেতর বাস করে আরেক মানুষ, তার ভেতরে আরেক। এই উপন্যাসে সে কথাটা আক্ষরিকভাবেই ঠিক। হ্যারি, ইজ্জি বা অরুণা—কেউ ঠিক সেই মানুষ নয়, যে মানুষ হিসেবে তারা নিজেদের জানে। আমি কে, একের পর এক পর্দা সরিয়ে তারা নিজেরাই সে রহস্য উন্মোচন করে। কিন্তু এটি কোনো রহস্য-উপন্যাস নয়, এই আবিষ্কারে কোনো রোমাঞ্চ নেই। গভীর বেদনা ও যন্ত্রণার সাগর মন্থন করেই তাদের এগোতে হয়। অবশেষে যে সত্য তারা আবিষ্কার করে, তার মুখোমুখি হয়ে বিস্ময়ে ও বেদনায় নীল হয়ে পড়ে। অরুণার বেলায় এই অভিজ্ঞতা আরও প্রবল ও তাৎক্ষণিক। জটিল বাই-পোলার রোগে সে আক্রান্ত। এক মুহূর্ত সে একদম স্বাভাবিক, পরমুহূর্তেই সে আত্মধ্বংসী, বিষাদগ্রস্ত। নিজের এই বাই-পোলার পরিচয় জগতের সবার কাছ থেকে লুকাতে সে ব্যস্ত, কিন্তু কীভাবে পরিত্রাণ পাবে, সে কথা তার জানা নেই। অভিন্ন জনক অথবা জননীর সূত্রে সে ও তার প্রেমিক পরস্পরের সঙ্গে সম্পর্কিত—এই সত্য জানার পর নিজের ও পৃথিবীর সব পরিচিতজনের কাছ থেকে সে পালাতে উদ্যত হয়। চলে আসে লন্ডনে, ঝোঁকের মাথায় এক রাতের প্রেমিক ইংরেজ যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। তাতে প্রেম নেই, আছে শরীর। অরুণা আসক্ত হয়ে পড়ে যৌনতায় ও মাদকে। কিন্তু তার পরেও কি সে পালাতে পারে? সারা পৃথিবীর সবার কাছ থেকে পালাতে পারলেও নিজের কাছ থেকে পালাবে কী করে? ফলে শুধু বেঁচে থাকার জন্য, সেই নিজের কাছেই তাকে ফিরে আসতে হয়। যত কঠিনই হোক, জন্মের সে গূঢ় সত্য তাকে জানতেই হয়, কারণ অনেক বেদনার মেঘ ও জল সরিয়ে সে বুঝতে পারে ‘অর্ধেক জীবন শূন্য জীবনের চেয়ে উত্তম।’এই উপন্যাস সমকালীন জীবনাভিজ্ঞতার বিবরণ। জটিল এই মানবজীবনে প্রতিটি মানুষ বাস করে গাছের মতো, একা একা। অথচ ডালপালা ও শিকড়ের জালে আরও কত মানুষের সঙ্গেই না সে জড়িত। সবাই ভালোবাসার কাঙাল, অথচ মুখ ফুটে সে কথা বলে, কারও সে সাহসটুকু নেই। এসব একা, অসুখী মানুষকে ডেকে রূপা যেন বলছে, বাঁচো, হাতটা বাড়াও, তোমার দিকে যে হাতটা বাড়ানো ছিল, তাকে আঁকড়ে ধরো। মনে রেখো, একটাই জীবন, তাকে হেলায় নষ্ট কোরো না। রূপার ভাষায় বা বয়ানে কোথায় বিন্দুমাত্র সেন্টিমেন্টালিটি নেই, অথচ এই বই পড়তে পড়তে বুকের ভেতর এক অনির্দিষ্ট বেদনা দলা পাকিয়ে ওঠে। চোখ হয়তো ভেজে না, কিন্তু কী যেন এক শূন্যতা আমাদের আক্রান্ত করে।