অলক রায়ের প্রকৃতির সঙ্গে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চারুকলা কলেজে পড়ার সময়ই অলক রায় ও তাঁর সহপাঠীরা তাঁদের কাজে নিরীক্ষাপ্রবণ হয়ে উঠেছিলেন। বরোদায় পড়তে গিয়ে তিনি নানা মাধ্যমে কাজ করেছেন। বরোদায় শিক্ষক হিসেবে পেয়েছিলেন বিখ্যাত ভারতীয় শিল্পী কে জি সুব্রাহ্মানিয়ামকে। সুব্রাহ্মানিয়াম কিছু পোড়ামাটির কাজ করেছিলেন। তাঁর কাজ দেখে তিনি অনুপ্রাণিত হন।অলক রায় ছোটবেলায় গ্রামের কুমোরপাড়ায় খুব যেতেন। পাড়ার ছেলেদের সঙ্গে খেলাধুলা করতেন। মাঝেমধ্যে দেখতেন কুমোরদের কাজ, তাঁদের কাজের ধরন। ছোটবেলায় তাঁর সুযোগ হয়েছে পোড়ামাটির মন্দির দেখার। এগুলো তাঁর মধ্যে আগ্রহ জাগিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর একদল শিল্পী তাঁদের কাজে দেশের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হতে চাইছিলেন। পোড়ামাটির কাজের মধ্য দিয়ে অলক রায় চাইলেন স্বদেশ-সংলগ্নতা।সুব্রাহ্মানিয়াম পোড়ামাটির রিলিফ ধরনের কাজ করেছেন। অলক রায় ভাবছিলেন, কীভাবে বড় আকৃতির কাজ করা যায়। ‘কুমোরদের দেখেছি, ওরা বড় বড় পাত্র তৈরি করত। আমার জিজ্ঞাসা, পোড়ামাটির ভাস্কর্য কেন বড় করা যাবে না? তারপর আমি নিজে একটা পদ্ধতি বের করি, যাতে মাটি দিয়ে অনেক বড় মাপের কাজ করা যায়। অনেক সময় অনেক টুকরো জোড়া লাগিয়ে বড় করি।’এখানে যে ভাস্কর্যটির ছবি ছাপা হলো, তার শিরোনাম ‘প্রকৃতির সঙ্গে বসবাস’। এখানে একটা মানুষ ও একটা পাখি। মানুষটির পেটের মধ্যে একটা পাখি আছে, আর পাখিটার পেটের মধ্যে আছে একটা মানুষ। মানুষ ও পাখি মুখোমুখি দাঁড়িয়ে। এই কাজে শিল্পীর ভাবনাটা হলো, ‘আমাদের না হলেও প্রকৃতির চলে, কিন্তু প্রকৃতি ছাড়া আমরা বাঁচতে পারব না। কারণ, মানুষ প্রকৃতির মধ্যেই বাস করে। এখন আমরা নিরন্তর প্রকৃতির ওপর নানা ধরনের নির্যাতন করে চলেছি। এর মধ্য দিয়ে আসলে আমরা নিজেদেরই সর্বনাশ ডেকে আনছি।’অলক রায়ের জন্ম ২০ জুলাই ১৯৫০, ময়মনসিংহ শহরে। ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি (১৯৬৬) পাস করে ভর্তি হন ঢাকা চারুকলা কলেজে। ১৯৭৩ সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর পড়তে যান বরোদা এমএস বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে ১৯৭৮ সালে ম্যুরাল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক।—রেজা হাসান