প্রথম আলোর ‘সাহিত্য সাময়িকী’র ৩১ বৈশাখ ১৪১৭ সংখ্যায় বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলা ২০১০-এ প্রকাশিত তরুণদের ১০ বইয়ের আলোচনায় আমার ও সাইমন জাকারিয়া রচিত বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস গ্রন্থটি অন্তর্ভুক্ত করায় প্রথম আলোকে ধন্যবাদ এবং আলোচক রায়হান রাইনকে কৃতজ্ঞতা। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমাদের কৃত গ্রন্থটির আলোচনা পাঠে আমরা সত্যি প্রীত হয়েছি। তবে আলোচনার শিরোনাম এবং আলোচকের বক্তব্যের বিষয়ে আমাদের কিছু দ্বিমত আছে বলেই এ প্রতিক্রিয়া লিখতে বসা। আলোচনার শিরোনাম রাখা হয়েছে ‘সাহিত্যনির্ভর পরিবেশনাশিল্পের ইতিহাস’। আলোচকের এই মতামতের প্রতি সম্মান রেখেই বলতে হচ্ছে, আমাদের গ্রন্থের মর্মমূলে কিন্তু পরিবেশনানির্ভর সাহিত্যের ইতিহাসই বেশি আলোচিত হয়েছে, সাহিত্যনির্ভর পরিবেশনাশিল্পের আলোচনা সংগত কারণেই কম রয়েছে। কেননা, পূর্ববর্তী গবেষক নির্ধারিত বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের প্রায় সমুদয় কাব্য-আখ্যান-পাঁচালি রচিত হয়েছিল পরিবেশনার উদ্দেশেই, আমাদের গ্রন্থের বৃহত্তর আলোচনার অংশজুড়ে রয়েছে সেই প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকীর্তি। আর আমরা তার উল্লেখ করেছি এভাবে যে তার প্রাণবন্ত রূপ সুনির্দিষ্টকালের গণ্ডি পেরিয়ে সমকালকেও স্পর্শ করেছে। গ্রন্থ রচনার আমাদের প্রেরণায় মূলত যে বিষয়টি ক্রিয়াশীল ছিল, তা হলো, ‘পাঠ্যপুস্তকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের যে পাঠ গ্রহণ করি, তা অনেকটা যেন প্রত্নবস্তু মাত্র। সাধারণত সাহিত্যকীর্তির রচনাকাল, লেখকের সময়কাল এবং সাহিত্যবস্তুর সৌন্দর্যতত্ত্ব, শিল্পগুণ ইত্যাদি আলোচনার মধ্যেই বাংলা সাহিত্যের প্রচলিত ইতিহাস সীমাবদ্ধ থাকে। কিন্তু আমাদের বিবেচনা বলে, বাংলা সাহিত্যের গ্রন্থকেন্দ্রিক ও প্রচলিত ইতিহাসের পাশাপাশি ভিন্ন একটি পরিচয় বা প্রাণবন্ত ধারা প্রচলিত রয়েছে এ দেশের জনসংস্কৃতির মধ্যে। খোলা চোখে আলোচনা করলে দেখা যায়, প্রাচীনকাল থেকে এ দেশে সাহিত্যকীর্তি রচিত হওয়ার আগে এবং সঙ্গে সঙ্গে তার একটি জনসাংস্কৃতিক ঐতিহ্য প্রচলিত ছিল। একই সঙ্গে এও লক্ষ করা গেছে, সাহিত্যকীর্তি রচিত হওয়ার পর তার জনসাংস্কৃতিক ঐতিহ্য আরও প্রাণবন্তভাবে গৃহীত হয়েছে জনজীবনে। কখনো দেখা যায়, বাংলার সাহিত্যকীর্তি নতুন জনসংস্কৃতিরও জন্ম দিয়েছে, নতুন আত্মপরিচয় প্রতিষ্ঠা করেছে, এমনকি প্রচলিত সাংস্কৃতিক চর্চার ভেতর আত্তীকৃত হয়েছে লিখিত সাহিত্যকীর্তি। দেখা যায়, গ্রামের স্বল্পশিক্ষিত সাধারণ মানুষ কত অসাধারণভাবেই না বাংলার লিখিত সাহিত্যকে মৌখিক সংস্কৃতিতে রূপান্তর করেছেন।’ আসলে আমরা বাংলা সাহিত্যের প্রাণময় সত্তাকে পাঠক-শিক্ষার্থী-শিক্ষক-গবেষকদের সামনে উপস্থাপন করতেই গ্রন্থটি রচনা করেছি। একই সঙ্গে সাহিত্যকীর্তির সমাজিক, রাজনৈতিক, ধর্মীয় শক্তিমত্তাকে প্রকাশ করতে কৃত্তিবাসী রামায়ণের কথা যেমন উল্লেখ করেছি, তেমনি ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসই যে বাংলায় সাম্প্রদায়িক চেতনা বিস্তারে ভূমিকা রেখেছিল এবং বাংলা বিভাগের জন্য দায়ী’ সে কথাও প্রামাণ্যসহ উল্লেখ করেছি। কিন্তু আলোচক রায়হান রাইন গ্রন্থভুক্ত সাতটি অধ্যায় ও পরিশিষ্টে অন্তর্ভুক্ত মধ্যযুগের নাটগীত শ্রীকৃষ্ণকীর্তন ও মণিপুরি বৈষ্ণব সম্প্রদায়ের নটপালার তুলনামূলক আলোচনার কোনো ধরনের ব্যাখ্যা-বিশ্লেষণ বা উল্লেখ ছাড়াই গ্রন্থটির লেখকদ্বয়ের ‘বিপুল এক অনুসন্ধানযজ্ঞ’কে ‘কৌতূহলোদ্দীপক’ বলে শনাক্ত করেছেন। অথচ আমাদের গ্রন্থে বাংলা সাহিত্যের ইতিহাসের অনালোচিত বহু দিক নিয়ে আলোচনা উপস্থাপন করেছি, যেমন—রবীন্দ্র-জসীমউদ্দীনের সাহিত্যকীর্তি অবলম্বনে বিজয় সরকারের গান, মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধুর বিচিত্র পরিবেশনাশিল্পের কথা, শ্রীকৃষ্ণকীর্তন-এর পুঁথি আবিষ্কার ও তার ভূ-ভাগ মথুরা-বৃন্দাবনের অবস্থান, ‘চর্যাগীতি’র সমকালীন ধারা বিচারে সাম্প্রতিককালের নেপাল ও বাংলাদেশে পাওয়া বুদ্ধ নাটকের পাণ্ডুলিপি প্রসঙ্গ ইত্যাদি আরও কত কী। আরেকটি কথা মনে রাখা প্রয়োজন, বাংলা সাহিত্যের ইতিহাসের উপাদানের সাম্প্রতিককালের প্রতিটি পরিবেশনার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস গ্রন্থমধ্যে নিশ্চিতভাবেই আছে। যেমন—নেত্রকোনা অঞ্চলে প্রচলিত জারিগানের আসরে সুনির্দিষ্টভাবে ১৯৬৫ খ্রিষ্টাব্দের দিকে বয়াতিরা মীর মশাররফ হোসেন রচিত বিষাদ-সিন্ধু ব্যবহার করতে শুরু করেন। তার আগে ওই অঞ্চলে জঙ্গনামা, শহীদে কারবালা ইত্যাদি পুঁথি ব্যবহূত হতো। আমাদের বিশ্লেষণে জারিগানের আসরে বিষাদ-সিন্ধু আত্তীকৃত হওয়ার ইতিহাসের সঙ্গে তার সমাজতাত্ত্বিক গুরুত্ব এবং তা আত্তীকৃত করার কৌশল সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা প্রযুক্ত হয়েছে। কিন্তু আলোচক এসব বিষয় অবলীলায় এড়িয়ে গেছেন বলে গ্রন্থকার হিসেবে আমাকে এই নাতিদীর্ঘ প্রতিক্রিয়া লিখতে হলো।নাজমীন মর্তুজামোহাম্মদপুর, ঢাকা।