অলুক, অনশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমরা কারা? কত দূর থেকে এলে?

মনোহরপুর? মধুপ্রস্থ? লীলাস্থলী? অবাকনগর?

কোন যুগেরই-বা তোমরা?

উপলীয়? তাম্র? প্রত্ন? নাকি নুহের আমল?

যে যেখান থেকে যে যুগ থেকেই আসো না কেন

একই জাহাজের যাত্রী আমরা এ অকূল মহাকাশে।

সহযাত্রী এবং সমবয়সী।

তোমাদের বয়স প্রায় পনেরো শ কোটি বছর, আমাদেরও তা-ই।

যে যে কণিকায় গড়া দেহ তোমাদের আমাদের,

সব উদ্ভব ওই মহাবিস্ফোরণের ক্ষণে।

অমরতা চাও? চাও অন্তহীন পরমায়ু?

বিলাপ থামাও, শোনো, আমরা যে যখনই আসি

অমরতা নিয়েই আসি হে অমৃতের সন্তান—

                                অলুক অনশ্বর চির-আয়ুষ্মান।

জরা ব্যাধি মন্বন্তর মহামারি অনাহার অত্যাচার

                                গুম খুন দুর্বিপাক দুর্ঘটনা

কোনো কিছুতেই হবে না কিছুই, ধস নেই, মৃত্যু নেই,

                                ক্ষয়ে যাওয়া ঝরে যাওয়া নেই

শুধু বয়ে চলা আছে, রূপ থেকে রূপান্তরে,

                                রূপক থেকে ক্রমশ রূপকথায়...

জলে স্থলে মহাশূন্যে অগ্নিকুণ্ডে...কোত্থাও মরণ নেই তোর

                                                কোনোকালে...

             
সাড়ে চার শ কোটি বছরের পুরোনো এক সজল সবুজ

কমলা আকারের মহাকাশযানে চড়ে

চলেছি সবাই এক অনন্ত সফরে।