অশ্বের দর্পণে মানব অবয়ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডিতে অবস্থিত ঢাকা আর্ট সেন্টারের দোতলায় তিনটি কক্ষে ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরে হয়ে গেল তরুণ শিল্পী দ্রাবিড় সৈকতের ‘সামথিং লাইক গড, প্রাকৃত সত্তায় রৌদ্র প্রসূন’ শিরোনামে একক চিত্র প্রদর্শনী। আর্ট সেন্টারের শিল্পবান্ধব পরিবেশ প্রদর্শনীর ভিন্নমাত্রা হাজির করে। ‘সামথিং লাইক গড’ শিরোনামের ছায়াতলে বসে ভাবা যায় চিত্রগুলোর গতিবিধি কিংবা ঘোড়াকে বিষয় করে তৈরি শিল্পকর্মগুলো সম্পর্কে। বিষয় হিসেবে ঘোড়াকে নিয়েছেন বিখ্যাত শিল্পী সুনীল দাস, কিন্তু যে জায়গায় অশ্বকে নিজের শিল্পকর্মের সঙ্গে আদ্যোপান্ত জড়িয়ে নিয়েছেন সুনীল দাস, সেখানে দ্রাবিড় সৈকত আদতেই ভিন্ন। তিনি সামগ্রিকভাবে নিজেকে একটি আঙ্গিক বা বিষয়ে আবদ্ধ রাখতে নারাজ। উপরন্তু আগের প্রদর্শনীর সঙ্গে ওই প্রদর্শনীর পার্থক্য তাঁর ভিন্ন শিল্পীসত্তার পরিচায়ক। বারবার নতুন আঙ্গিকে ভিন্ন ফর্মে সমসাময়িকতাকে বুঝে মহাকালের দায় পাঠ করে গড়ে তোলেন শিল্পকর্ম।শিল্পের যে আন্তর্জাতিকতা, এই ক্ষেত্রে তাঁর কাজগুলো অনেক বেশি বৈশ্বিক; যেকোনো ভিন্ন সংস্কৃতির মানুষের অনুভূতিতে শিল্পীর বক্তব্য অকপটে পৌঁছে যাবে। ঘোড়ার মতো শিল্পীরও দুর্দমনীয় শৈল্পিক শক্তির পূর্ণ বহিঃপ্রকাশ ঘটেছে চার মাসে আঁকা ৭৫টি চিত্রের প্রদর্শনীতে। নিরীক্ষা-প্রবণতার দিকে শিল্পীর সজাগ বিমুখতা, এ সম্পর্কে তাঁর বক্তব্য, ‘আমি একটি থিমকেই ধরে পুরো প্রদর্শনীর চিত্রগুলো আঁকি এবং খুব বেশি নিরীক্ষা-প্রবণতায় না ঝুঁকে বরং মনোযোগ দিয়েছি চিত্রে মানুষের প্রকৃত শক্তির শৈল্পিক নির্মাণে।’ ব্যক্তির চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে সামষ্টিক মানবসত্তার অন্তর্গত স্পন্দনের এক আশাবাদী বয়ান তাঁর কাজগুলো।চিত্রশিল্পী ও কবি দ্রাবিড় সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এটি তাঁর চতুর্থ একক প্রদর্শনী। কম্পোজিশনে শিল্পীর সহজাত তারুণ্যের বলিষ্ঠ উপস্থিত লক্ষণীয়। ক্যানভাসের সর্বপ্রান্তে একটা তীব্র গতি, ক্ষিপ্রতা কিংবা রহস্যময়তা বিরাজমান। পাশাপাশি আপাতবিরোধী রঙের ব্যবহার দৃশ্যশিল্পে তাঁর দক্ষতার পরিচায়ক। ফিল্মমেকার ব্রেসো যেমন বলেছেন, চিত্রনাট্য লেখার মাধ্যমে একটি ভাবনার মৃত্যু ঘটে। তেমনি যদি বলা যায়, আর্টের ইতি ঘটে ক্যানভাসে, তবে মৃত পটভূমি ক্যানভাস থেকেই শিল্পের নতুন জন্ম। আধুনিকতা ও ব্যক্তিবাদী শিল্পের ঘোর বিরোধী এই চিত্রী সামষ্টিক মানসচিত্রে নিজের শৈল্পিক ভুবন সাজাতে দৃঢ় পরিকর। পারিপার্শ্বিক জগতের সংকট এবং নিজের জাতিসত্তার সম্ভাবনা উভয়ই স্পষ্ট তাঁর কর্মে। চিত্রগুলো দর্শকদের এককভাবে আনন্দ দেয় না, বরং তাঁদের অংশগ্রহণের জায়গা করে দেয়, নিজেকে খোঁজার যাত্রায় শামিল করায় এবং অন্তহীন সন্ধানের মাধ্যমে নিজের ক্ষত কিংবা সম্ভাবনা সম্পর্কে জ্ঞাত করে।