অশ্রুত সংগীত ও পিথাগোরাস
ইন্দ্রিয়গত বিচারে সংগীতকে আমরা শ্রুতিশাস্ত্র বলে জেনেছি। কিন্তু তা যে শুনতেই হবে, এমন কোনো নির্দিষ্ট ব্যাখ্যা প্রাচীনকালের সংগীতচিন্তায় পাওয়া যায় না। সেকালে সংগীতকে গাণিতিক বিষয় রূপে দেখা হতো এবং মহাজাগতিক শক্তির সান্নিধ্য লাভের উপায় হিসেবে পাথেয় জ্ঞান করা হতো। মহাজগতের প্রতি অশেষ কৌতূহল এবং জ্যোতির্বিদ্যাকে যে কারণে ধর্মচর্চার বাহন করা হয়েছিল, সংগীতকেও একইভাবে ধর্মের চালিকাশক্তি ধার্য করা হয়েছিল। তাই সংগীতের বিকাশ ও বৈপ্লবিক উন্নতির পেছনে ধর্মেরও যোগ রয়েছে প্রাচীনকাল থেকে। সংগত কারণেই জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সংগীতের ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে উঠেছিল।গ্রহ-নক্ষত্রের চলাচলের সঙ্গে ও আকর্ষণ-বিকর্ষণে মানুষের দেহে যে প্রভাব সৃষ্টি করে, তা নিয়ন্ত্রণে রাখার জন্য জ্যোতির্বিজ্ঞানচর্চায় সংগীতকে অবলম্বন করত কেউ কেউ। এ সংগীত ছিল পাশ্চাত্যের বিচারে গাণিতিক ও সংখ্যাবাচক প্রক্রিয়া। আর ভারতীয়দের ব্যাখ্যায় এসেছিল ‘অনাহত নাদ’ হিসেবে। অনাহত শব্দের অর্থ অশ্রুত বা সংগীত অনুপযোগী স্বরকে বোঝানো হয়। এর উল্টো শব্দ ‘আহত নাদ’ বলতে শ্রুত বা সংগীত উপযোগী ধ্বনি বলে বর্তমানকালের শাস্ত্রকারেরা মতামত দিয়ে থাকেন। প্রাচীনকালে অশ্রুতস্বরকেও যে সংগীতের উপাদান বলা হতো, সে বিষয়ে মুনি-ঋষিদের মত হলো, ‘শরীরের মূলাধার প্রভৃতি নাড়িচক্রে যে ধ্বনি আপনা-আপনি উত্থিত হয় অথচ স্থূলভাবে শ্রবণগোচর হয় না,’ তাকে অনাহত নাদ বলে।সংগীত যে গণিতের ওপর প্রতিষ্ঠিত, এ কথা সবাই মানেন। তবে তা শোনার সময় পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব-নিকাশ কষে গাণিতিক অবয়বকে উপভোগ করার পক্ষপাতী খুব কমসংখ্যক মানুষকেই পাওয়া যাবে। একালের সংগীত এতটাই শ্রুতিমাধুর্যের চলনে আবৃত এবং শ্রুতির অবর্ণনীয় ভাবশৈলী শ্রোতার কানকে এমনভাবে অনুভূতিসম্পন্ন করে তোলে যে গাণিতিক হিসাব-নিকাশের প্রয়োজন পড়ে না। অথবা বলা চলে, বিজ্ঞান গণিতের জটিলতাকে অতি সহজ প্রক্রিয়ায় ব্যবহারের উপযোগী করে দিয়েছে বলেই জটিল সংগীত শোনার জন্য শ্রোতার কান উদ্বিগ্ন থাকে। একটি ক্যালকুলেটরের সঙ্গে এর উদাহরণ টানা যেতে পারে—এই আধুনিক মেশিনটি আসার আগে অঙ্ক কষার জন্য খাতা-কলম বা হাতের কর গোনার মতো অধ্যবসায়ের বিকল্প ছিল না, সংগীতও তেমনই ছিল। এখন নানা ধরনের সুরের চলনকে ক্যালকুলেটরের মতো সুকৌশলে শৃঙ্খলাপূর্ণভাবে রাগ-রাগিণীর অবয়বে সুবিন্যস্ত করা হয়েছে। একসময় প্রকৃতির রূপ দেখে কঠিন তপস্যার ভেতর দিয়ে সংগীতের ঐকতান আবিষ্কার করা হতো। এখন সেই ধৈর্য ধারণের প্রয়োজন পড়ে না। একজন নির্বোধ শ্রোতাও এ কাঠামোসদৃশ সংগীত থেকে আস্বাদন করে নিতে পারে সুরের মর্ম ও ভাবার্থ।প্রাচীনকালের সংগীত যে এমন ব্যাপক আয়োজনমুখর ছিল না, তা মহামতি পিথাগোরাসের সংগীতচিন্তার ধরন দেখে বোঝা যায়। কিন্তু পিথাগোরাস যদি সত্যানুসন্ধানের জন্য সংগীতকে গাণিতিক স্তম্ভের ওপর স্থাপন না করাতেন এবং বিজ্ঞানসম্মত উপায়ে এক স্বরের সঙ্গে আরেক স্বরের ব্যবধান নির্ধারণ না করতেন, তা হলে হয়তো ইউরোপীয় সংগীত আজও অনুন্নত আদিম-নৃগোষ্ঠীর সংগীতরীতির মতো সরল থেকে যেত। সাত স্বরের বিন্যাস এবং নানা ধরনের সূক্ষ্মভাব ও মিশ্রভাব প্রকাশে সংগীতের এতটা উন্নতি সম্ভব হতো কি না, সন্দেহ থেকে যায়। তা ছাড়া পিথাগোরাসের গাণিতিক বিন্যাসই পৃথিবীর সব সংগীতাঞ্চলের স্বরকাঠামোর ভাষাগত পারম্পর্য রক্ষা করেছে। স্কেলপদ্ধতির ভিন্নতা থাকলেও ভাবগত ঐক্য প্রতিষ্ঠিত করেছে। সংগীতের ভাষা আন্তর্জাতিক হয়ে ওঠার জন্য এ আবিষ্কার খুবই তাৎপর্যপূর্ণ।পিথাগোরাস যে উচ্চতর সংগীতজ্ঞ ছিলেন, সে কথা বলা যাবে না। কৈশোরে পুরোহিতের সাহচর্য থেকে পাওয়া সংগীত সম্পর্কে নানা ধরনের আধ্যাত্মিক পাঠ তাঁকে এ বিষয়ে কৌতূহলী করে তুলেছিল—এ কথার প্রমাণ মেলে পরবর্তীকালের ধর্মপ্রচারে সংগীতের নানামুখী প্রয়োগ দেখে। তিনি যে পাঠ নিয়েছিলেন, এর প্রধান বৈশিষ্ট্য ছিল এমন—সংগীত বলতে কোনো গান গাওয়া বা সুর বাজানো মুখ্য নয়, অর্থাৎ শ্রবণবৈশিষ্ট্যের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এ পাঠের প্রধান বিষয়বস্তু ছিল না। এমনকি সংগীত বলতে শিল্পীর অনুশীলন ও দক্ষতাকেও প্রধান প্রতিপাদ্য বিষয় মনে করা হতো না। বরং ধ্বনিবিজ্ঞানের বিশেষ জ্ঞান এবং সেই জ্ঞানের সঙ্গে মহাবিশ্বের গ্রহ-নক্ষত্রের যোগাযোগ-সম্পর্কিত এক আধ্যাত্মিক উপলব্ধিই অধ্যয়নের কেন্দ্রীভূত বিষয় ছিল। ‘আধ্যাত্মিক উপলব্ধি’ কথাটির ওপর বিশেষ জোর দিলে বিষয়টি আরেকটু পরিষ্কার হতে পারে। যেমন একটি সাধারণ উদাহরণ দেওয়া যাক, কেউ গান শেখার কালে মনে মনে যেভাবে সুর ধরে রাখে, পরে তা হুবহু পরিবেশন করে থাকে। মানুষের সচেতন উপলব্ধিই সেই শ্রুতস্বর বা সুরের চলনকে অশ্রুত অবস্থায় ধরে রাখতে পারে। এক ধরনের সংখ্যাবাচক অভিজ্ঞতা ও মনঃসংযোগের বিশেষ ক্ষমতাই এ সুর ধরে রাখার অন্যতম উপায় মনে করা যায়। এখানে আরেকটি বিষয় বলে নেওয়া আবশ্যক, সুর ভুলে গেলে কিংবা স্বরের প্রকৃত অবস্থানকে সন্দেহাতীত করার উপায় পিথাগোরাসের আগে কারও জানা ছিল না। যেটুকু ছিল, তা অনুমান ও শ্রবণাভিজ্ঞতানির্ভর। পিথাগোরাস সেই সমস্যাকে সমাধান করলেন এক স্বরের সঙ্গে অন্য স্বরের নির্দিষ্ট ব্যবধান (ইন্টারভ্যাল) ও আনুপাতিক অবস্থান আবিষ্কার করার মধ্য দিয়ে। এই সত্যানুসন্ধানের পেছনে একটি সাধারণ ঘটনা অবলোকন করার ইতিহাস প্রচলিত আছে।একদিন তিনি কামারশালার পাশ দিয়ে যেতে যেতে খেয়াল করলেন হাতুড়ি পেটানোর শব্দ। একই বস্তুতে কয়েকজন কামারের হাতুড়ির আঘাতে নানা ধরনের ধ্বনি সৃষ্টি হচ্ছে। এই ধ্বনির কোনোটি নিম্ন আবার কোনোটি উচ্চনিনাদি। ধ্বনির এই বৈষম্যের রহস্য কী? প্রশ্নটি তাঁকে তাড়িত করল। তিনি গবেষণাগারে নানা ওজনের হাতুড়ি ব্যবহার করলেন। একটি পাত্র আঘাতের মাধ্যমে পরীক্ষা করে দেখলেন, প্রথম হাতুড়ির ওজন অপেক্ষা দ্বিতীয় হাতুড়ির ওজন দ্বিগুণ হলে প্রথমটির আঘাতের ধ্বনি দ্বিগুণ উচ্চতায় শোনা যায়। আরেকটি পরীক্ষায় তিনি মোটা ও সরু তারকে বিভিন্ন ওজনে টানটান করে বাঁধলেন। একটি তারের বিভিন্ন আনুপাতিকতায় ভিন্ন ভিন্ন স্বর খুঁজে পেলেন এবং সংগীত উপযোগী ও অনুপযোগী স্বরের ব্যবধানও নির্ধারণ করতে সক্ষম হলেন। অর্থাৎ একটি তারকে টান করে বেঁধে আঘাত করলে যে স্বর পাওয়া যাবে, ঠিক এর অর্ধেক বা ২: ১ বরাবর আবদ্ধ করে তারে টংকার দিলে এক অক্টেভ ওপরে বা দ্বিগুণ উচ্চতার ধ্বনি পাওয়া যাবে। আবার ওই তারকে তিন ভাগ করে দুই ভাগের অবস্থানে আবদ্ধ করে বাজানো হলে পঞ্চম স্বর বা ‘জি’ স্বর পাওয়া যাবে। এভাবে তিনি তারের আনুপাতিক অবস্থান চিহ্নিত করতে পেরেছেন বলেই পাশ্চাত্য সংগীতে ডায়াটনিক স্কেল বের করা সম্ভব হয়েছে।পিথাগোরাস ৫৭০ খ্রিষ্টপূর্বাব্দে এশিয়া মাইনর উপকূলে সামোস নামক দ্বীপে জন্ম নেন। বাবার নাম নেসারসাস এবং মায়ের নাম ফাইস। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। শিক্ষা ও দর্শনের প্রতি আকর্ষণ ছোটবেলা থেকেই ছিল। এমনকি ধর্মের প্রতিও তাঁর গভীর আসক্তি ছিল। অবসর সময়ে তিনি ‘লায়ার’ বাজাতেন এবং মহাকবি হোমারের কবিতা আবৃত্তি করতেন। তাঁর জীবনে প্রভাব সৃষ্টিকারী তিনজন শিক্ষকের মধ্যে ফেরেকিডস অন্যতম। দার্শনিক থালেসের কাছ থেকে তিনি ‘কসমোলজি’ বিষয়ে জ্ঞান লাভ করেন। এরপর পিথাগোরাস বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েন। ৫৩৫ খ্রিষ্টপূর্বে তিনি মিসর হয়ে ফিনিশীয়, ক্যালদিয়োসহ বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন। ৫৩০ সালে ইতালির ক্রোটন শহরে ফিরে আসেন।পিথাগোরাসের স্বসৃষ্ট কোনো গ্রন্থের সন্ধান জানা যায়নি। তাঁর শিষ্যরাই মত ও দর্শনকে জাগিয়ে তোলে এবং ইউরোপব্যাপী ছড়িয়ে দেয়। ৪৭৫ খ্রিষ্টপূর্বে মেটাপোনটাস অঞ্চলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর ধর্মানুসারীরা ‘পিথাগোরিয়ান সন্ন্যাস সংঘ’ নামে ইউরোপের সর্বত্র প্রভাব জাগিয়ে রেখেছিল। সংগীত সাধনা এবং নিরামিষ-জাতীয় খাবার এই সম্প্রদায়ের জন্য অপরিহার্য চর্চার বিষয় ছিল। ইয়ামব্লিখাসের মতে, পিথাগোরাসের মতবাদগুলো বহুকাল ধরে আশ্চর্য রকম প্রামাণিকতা ও গোপনীয়তার সঙ্গে সংরক্ষিত ছিল। পিথাগোরিয়ানদের দৃষ্টিতে জ্যামিতি, জ্যোতিষশাস্ত্র ও সংগীত—প্রতিটির বিষয়বস্তু পরিণামে সংখ্যায় রূপান্তরিত করা যায়। পিথাগোরাস সংগীতের স্বরের অবস্থান নির্ধারণ ছাড়াও বেশ কিছু তত্ত্ব দাঁড় করিয়েছেন। এর মধ্যে ‘টেট্রাড অব দ্য ডিকেড’, ‘মিউজিক থেরাপি’ ও ‘হারমনি অব দ্য স্ফিয়ার্স’ অন্যতম।মহাজগতের বিচরণশীল অগুনতি গ্রহ-নক্ষত্র একে অন্যের মধ্যে নির্দিষ্ট ব্যবধান বা দূরত্ব রেখে ভেসে বেড়াচ্ছে; ঠিক যেমন সংগীতে একটি স্বরের সঙ্গে আরেকটি স্বরের নির্দিষ্ট দূরত্ব রয়েছে। পৃথিবী ও অন্যান্য গ্রহ-নক্ষত্রের দূরত্ব তিনি নির্ধারণ করেছেন এভাবে—পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো এক টোন, যেমন সংগীতের সাতটি স্বরের মধ্যে ‘সা’ থেকে ‘রে’-এর ব্যবধান এক টোন। আবার ‘গা’ থেকে ‘মা’-এর ব্যবধান এক সেমিটোন। পিথাগোরাস চাঁদ থেকে বুধ গ্রহের দূরত্ব এক সেমিটোন, বুধ থেকে শুক্র এক সেমিটোন, সূর্য থেকে মঙ্গল এক টোন, মঙ্গল থেকে বৃহস্পতি এক টোন ও এক সেমিটোন, বৃহস্পতি থেকে শনি এক টোন ও এক সেমিটোন এবং শনি থেকে অন্যান্য নির্ধারিত নক্ষত্রের দূরত্ব এক টোন ও এক সেমিটোন নির্ধারণ করেন। সংগীতের স্বরে একে অন্যের সঙ্গে ব্যবধানগত সংগতি ও অসংগতি রয়ে গেছে। যেমন—‘সা’ থেকে ‘পা’-এর ব্যবধান সংগতিপূর্ণ আবার ‘সা’ থেকে ‘ধা কোমল’-এর ব্যবধান অসংগতিপূর্ণ। একইভাবে, মহাজগতের একে অন্যের সঙ্গে উপলব্ধিগত সাংঘর্ষিক অবস্থান রয়েছে, ভারসাম্যও। পিথাগোরাসের ভাষায় এর নাম ‘হারমনি অব দ্য স্ফিয়ার্স’। সংগীতের স্বর বাজালে যেমন আমরা শুনতে পারি, মহাবিশ্ব থেকে ভেসে আসা ধ্বনি সেভাবে শোনা যায় না। বাস্তব অর্থে, এই স্বর উপলব্ধিমাত্র। সত্যিকারের মানুষের মনুষ্যত্ব অর্জন করতে হলে ভেতরে লুকিয়ে থাকা এ মহাজগতের সাংগীতিক সুরস্পন্দন বা কসমিক মিউজিক্যাল সিম্ফনিকে খুঁজে বের করতে হবে, তা না হলে নিস্তার নেই। এ কারণে পিথাগোরিয়ানরা আত্মমুক্তির জন্য সংগীত সাধনায় এত বেশি জোর দিতেন।বর্তমান বিশ্বের মানুষের ব্যস্ততা এবং চারদিকে অসংখ্য যান্ত্রিকতার শব্দ বাতাসে মিলেমিশে থাকায় পৃথিবী আজ নিস্তব্ধতা হারিয়েছে। বাতাসে ভেসে চলেছে বাস-ট্রাক, ইন্ডাস্ট্রি ও মানুষের কথাবার্তার গুঞ্জন। একসময় এত মানুষ ও মেশিন ছিল না, তাই শব্দও ছিল না। তখনকার মানুষের উপলব্ধির মাত্রাও বেশি ছিল বলে মহাজগতের শব্দগুঞ্জনকে অনুভব করতে পারত (অবশ্য তা কঠোর সাধনায় আনতে হতো)। এ অনুভবের আরেক ভিত্তি হলো সংখ্যাতত্ত্ব। পুরো জগৎই যে একটি সংখ্যাতাত্ত্বিক অনুশাসন মাত্র, তা এখনো কেউ ভুল প্রমাণ করতে পারেনি। বর্তমানকালের প্রযুক্তিতে যে ডিজিটাল মিউজিক সাড়া ফেলেছে, তা-ও সংখ্যাসমূহের সমন্বয়মাত্র। পিথাগোরাসের আবিষ্কৃত বিভিন্ন গ্রহের ব্যবধান ও সেখান থেকে ভেসে আসা ধ্বনির মধ্যে সংখ্যাবাচক আনুপাতিক অবস্থান নিয়ে আরও গবেষণা হলে হয়তো আরও নতুন কোনো সত্য বেরিয়ে আসবে।বিভিন্ন দেশে মিউজিক থেরাপিস্ট, ধ্যান-অনুসারী ও বাদ্যযন্ত্রীরা পরীক্ষা-নিরীক্ষায় অনেক সুফল পেয়েছেন। তা ছাড়া নতুন সংগীত সৃষ্টির যোগ্যতা অর্জন ও চিন্তার বিকাশ ঘটাতে হলে আকাশের পানে তাকাতেই হয়। রবীন্দ্রনাথের গানে সেই কথাই ঘোষিত হয়েছে—‘যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানেমেলাব তাই জীবন ও গানেগগনে তব বিমল নীল—হূদয়ে লব তাহারি মিলশান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে\’বাজায় উষা নিশীথ কূলে যে গীত ভাষাসে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা\’