অশ্রুলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি আসবে না জেনেও বৃষ্টি হলো সারা রাত,
আকাশটা নেমে এল জানালার ধারে
বকুল ফুলের ঘুম ভেঙে গেল খুব ভোরে,
তুমি আসবে না জেনেও বিশটি রাতের পর এসেছিল
একটি প্রভাত।

তুমি ভালোবাসবে না জেনেও এক উদ্ভ্রান্ত বালক
প্রণয়ের পতাকা ওড়াল কাল সারাটা বিকেল
আর সূর্যাস্ত-টেনিসের পিছু পিছু ছুটতে ছুটতে
ছিঁড়ে ফেলল সে সন্ধ্যার পালক।

তুমি ভালোবাসবে না জেনেও একটি শালিক
খড়কুটো কুড়াল সারাটি সন্ধ্যা,
কৃষ্ণচূড়া ফুলগুলো ভীষণ রক্তিম হলো সারা রাত,
খুব ভোরে বকুল ফুলের ঘুম ভেঙে গেলে
দেখা গেল তুমি আমি একই—
আমাদের মধ্যে শুধু
পাশাপাশি জেগে থাকা গাছের তফাত।