অসমাপ্ত চুম্বনের স্মৃতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব দৃশ্য ঠিক রেখে এখনো দাঁড়িয়ে আছি
প্ল্যাটফর্মে—টিকিটবিহীন।
সব দৃশ্য ঠিক রেখে এখনো দাঁড়িয়ে আছি
ভাঙাচোরা ছায়ার ভিতর।
—এ ছায়া ভাঙিনি আমি, ভেঙেছিল দুপুরের রোদ।
কিছুই ভাঙিনি আমি, সবকিছু যথাযথ—পেয়ালা-পিরিচ
ফুলদানি, জুতা-মোজা, টিফিনের বাক্স, হোম-ওয়ার্ক।
সবকিছু ঠিকঠাক ঘরবাড়ি সংসার সমাজ
খেলনা গাড়ির চাবি ঠিকভাবে ঘোরে।
কিছুই ভাঙিনি আমি
প্রবাহিত স্রোতের ওপর
ভাসমান লোকাচার—শোকেসের সব রীতিনীতি।
তবু
ভাঙাচোরা ছায়ার ভিতর
সিগারেট ধরাতে গেলেই
করো কী করো কী বলে বহুদূর থেকে ছুটে আসে
অসমাপ্ত চুম্বনের স্মৃতি।