অস্তিত্বের গহনে ‘পেন্টাগন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে চলছে ‘পেন্টাগন’ শিরোনামের একটি দলগত চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে এ দেশের ফাইন আর্টের ভূবনের পাঁচজন গুরুত্বপূর্ণ শিল্পীর ৪০টি শিল্পকর্ম রয়েছে। শিল্পীরা হচ্ছেন: মোহাম্মদ ইউনূস, জামাল আহমেদ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন ও মোহাম্মদ ইকবাল। গ্যালারি অ্যাথেনার এটি চতুর্থ প্রদর্শনী। অ্যাথেনার অবস্থান প্রগতি সরণি, উত্তর বাড্ডায়। অন্য গ্যালারিগুলো যেখানে কাজ করছে শহরের কেন্দ্রীয় পরিসরে, সেখানে অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের প্রান্তিক অবস্থান কোনো নেতিবাচক ব্যাপার হয়ে উঠতে পারেনি গ্যালারির কিউরেটরদের আন্তরিক প্রচেষ্টার কারণে। প্রদর্শনীতে স্থান পাওয়া মোহাম্মদ ইউনূসের ছবিগুলো বহুমাত্রিক তল, রেখা ও আঙ্গিকের বিন্যাসে, রং ও বুনন (টেক্সচার) ব্যবহারের মুনশিয়ানায় নির্মিত। একবিংশ শতাব্দীতে এসে বিশ্ববাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের যাপিত-জীবনের মতোই ছবিগুলোয় সীমিত পরিসরে আছে আধা বিমূর্তায়ন-আধা বাস্তবধর্মিতা। যদিও শিল্পী ক্যানভাসে নিজস্ব আবেগ-অনুভূতির দৃশ্যভাষা তৈরি করেছেন। মোহাম্মদ ইউনূসের দৃশ্যভাষা নির্মাণ কিছু বস্তুর ব্যবহারে পেয়েছে দেশজ স্বকীয়তা। রং ব্যবহারে খুব পরিমার্জিত কৌশল লক্ষণীয়। সংগীত ও নৃত্যের আবহ তৈরি হয় ছবিতে। পঞ্চাশের দশকে শুরু হওয়া বিমূর্ত ধারার যে চর্চা অনেক শিল্পীর ভাষা হয়ে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তানে, তারই ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে চিহ্নিত করা হয়। নিজ শিল্পকর্ম সম্পর্কে প্রদর্শনীর ক্যাটালগে ইউনূস বলেছেন, ‘আমার শিল্পকর্মকে একটি ল্যাটিন শব্দ “কারমেন”-এর শব্দার্থে ব্যাখ্যা করা যেতে পারে, সেই কবিতা যা বহুবিধ রূপান্তরকে ধারণ করে।’ শিল্পীর অধিকাংশ পেইন্টিং তেল রঙে করা।জামাল আহমেদের ক্যানভাস অনেক প্রাণবন্ত, এর নাটকীয় আবহ তৈরির প্রয়াসের কারণে। ক্যানভাস ভর্তি করে ছবি আঁকেন না তিনি। কিন্তু পুরো ক্যানভাসেই বিভিন্ন মাধ্যম ব্যবহারে একটি আবহ তৈরি করেন এবং এখানে কেন্দ্রীয় চরিত্র হলো ‘মানুষ’। তিনি বলেছেন, ‘আমি আমার পেইন্টিংয়ে সব সময় একটি স্বতন্ত্র পরিবেশ তৈরি করতে চেয়েছি এবং এটি করার জন্য একজনকে অবশ্যই “বোধ”কে বিবেচনায় আনতে হবে। এ কারণে আমি সরাসরি মডেল ব্যবহার করে আনন্দ পাই, যাতে আমার সঙ্গে তাঁদের অভিজ্ঞতা বিনিময় আমার পেইন্টিংয়ে বাস্তবতা তৈরি করে।’ রোমান্টিক রিয়েলিজম জামাল আহমেদের দৃশ্যভাষা নির্মাণের মূল বৈশিষ্ট্য। এই প্রদর্শনীতে ‘রানিং হর্স’, ‘ফ্রম দ্য রিভার’ ইত্যাদি শিরোনামের ক্যানভাসগুলো মিশ্র মাধ্যমে করা। তাঁর কাজে নারী শরীরের বিভিন্ন ভঙ্গি বেশি লক্ষণীয়। শিল্পী আহমেদ শামসুদ্দোহার ‘সুন্দরবন ২, ৩’ চিত্রকর্মগুলো সুন্দরবনের ভবিষ্যৎ পরিণতিকেই ইঙ্গিত করেছে। যেন সুন্দরবন সম্পর্কে একটি সতর্কবাণী। শামসুদ্দোহা শিল্পী হিসেবে রোমান্টিক এক্সপ্রেশনিস্ট। তাঁর কাজে স্বপ্ন বাস্তবতার আবহ দেখা যায়। ক্যাটালগে নিজের কাজ সম্পর্কে তিনি বলেন, ‘আমার প্রথম ভালোবাসা হলো প্রকৃতি এবং ভূ-দৃশ্য (ল্যান্ডস্কেপ)’। ফুল, মাশরুম ইত্যাদি রূপকের মতো ব্যবহূত হয়েছে তাঁর ছবিতে। আফজাল হোসেন ছাত্রজীবনেই খ্যাতি অর্জন করেন প্রতিকৃতি আঁকায় দক্ষতার জন্য। এরপর দীর্ঘ সময় পাড়ি দিলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার দক্ষতা তাঁর ছবির মূল প্রাণ। শিল্পীর নিজের ভাষায়, ‘মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে চাই, তাই মানুষই আমার আঁকার বিষয়।’ ‘মাদার অ্যান্ড ডটার’, ‘ইনোসেন্স’ ইত্যাদি শিরোনামের পেইন্টিং নানা তলে, নানা রঙের এবং আলোছায়ার বাস্তবানুগ খেলায় পূর্ণতা পেয়েছে।মোহাম্মদ ইকবাল ক্যাটালগে মুদ্রিত তাঁর বক্তব্যে জানিয়েছেন, ‘আমার শিল্পকর্ম একই সঙ্গে বিমূর্ত কম্পোজিশন ও ফিগারের (অবয়ব) নির্মাণ।’ ইকবাল নিজেকে সামাজিকভাবে দায়বদ্ধ শিল্পী মনে করেন। তিনি ডিটেইলিং কাজ করেন। সূক্ষ্মতর বোধের প্রকাশ ঘটান ক্যানভাসে আঁচড় কেটে। কিংবা শিশু প্রতিকৃতির চোখের মণির বাস্তবায়নুগ ডিটেইলিংয়ে। এতে তৈরি হওয়া স্পর্শকাতরতার অভিজ্ঞতা দর্শককে আন্দোলিত করে। রং ও ফর্ম (আল্টিক) ও স্থান বিভাজন নিয়ে তিনি অভিজ্ঞ পারদর্শিতা দেখিয়েছেন বিমূর্ত পেইন্টিংগুলোতে।প্রদর্শনী সম্পর্কে এর কিউরেটর জিনাত ইকরামুল্লাহর বক্তব্য: ‘এ পাঁচজন শিল্পী একই অঙ্গনে একত্রে কাজ করে তাঁদের শিল্পশৈলীকে পূর্ণাঙ্গ রূপ দেবেন। প্রদর্শনীর নাম রাখা হয়েছে পেন্টাগন, কারণ পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারে আমরা পৃথিবীকে উপভোগ করি। শিল্পের বিকাশও ঘটে এই পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারে।’ ২২ ডিসেম্বর শুরু হওয়া প্রদর্শনী চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।