অ্যাংকরের জঙ্গলে
১৮৬০। ফরাসি প্রকৃতিবিদ হেনরি মৌউত বর্তমান কম্বোডিয়ার কাছে ইন্দোচীনের জঙ্গলে গিয়েছিলেন অজানা কিছু পাখি আর পোকামাকড়ের সন্ধানে। জঙ্গলে ঘুরতে ঘুরতেই হঠাৎ তাঁর চোখে পড়ে প্রাচীন অসাধারণ এক পুরাকীর্তি পোড়া ইটের রাস্তা, কৃত্রিম পানিপথ আর চোখ-ধাঁধানো স্থাপত্যের বিশাল কিছু টাওয়ার। মৌউত অনুমান করেন, এই কীর্তি কোনো উন্নত সভ্যতার নিদর্শন, যা গ্রিস ও রোমের প্রত্নতাত্ত্বিক শিল্পকেও ছাপিয়ে যায়। ব্যস, এতটুকুই। হেনরি মৌউত জঙ্গলেই বুনো-জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে এই আবিষ্কারের কথা লিখে যান ডায়েরিতে। আর সেই ডায়েরি কীভাবে যেন চলে আসে এই সভ্য দুনিয়ায়। ব্যস, শুরু হয়ে যায় তোলপাড়।ডায়েরির তথ্য সম্বল করেই ফরাসি সরকার ওই সভ্যতা অনুসন্ধানের জন্য কমিশন বানিয়ে ফেলে। সেই কমিশন ১৮৮৫ সালে আবিষ্কার করে ফেলে খুমের সভ্যতা।মনে করা হয়, এটিই মৌউত-বর্ণিত সেই সভ্যতা। এই সভ্যতার মানুষগুলো দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ভ্রমণ করে আসে। ধর্মীয় ও সামরিক ক্ষেত্রে তারা ছিল উন্নত ও দক্ষ। তাদের ধর্মীয় ভাবাদর্শের সঙ্গে ভারতীয় প্রাচীন ধর্মচর্চার ভালো মিল আছে। ৫০০ বছর ধরে খুমের সভ্যতা বিকশিত হয় এবং এরই ফলে গড়ে ওঠে নানা অসাধারণ স্থাপত্য নিদর্শন। প্রতিপত্তিশালী খুমের রাজা জয়া বর্মান নিজেকে শিবের অবতার বলে দাবি করতেন। জয়া বর্মান জটিল ও স্থাপত্যশৈলীতে নিপুণ ভবন, টাওয়ার ও ধর্মীয় উপাসনালয় নির্মাণ করেন। প্রায় ৪৮ বছর শাসন করার পর খুমের রাজত্বে রাজা হন ইন্দ্রভার্মান। ইন্দ্রভার্মানও বিভিন্ন ভবনের পাশাপাশি ব্যারাজ, কৃত্রিম জলপ্রপাত, জলাধার নির্মাণ করেন। রাজ্যে কৃষিকাজে নানা পরিবর্তন আনেন। তাঁর ছেলে যশভার্মানও কম যাননি। তিনি বিশাল একটি লেকের মাঝে অসাধারণ একটি সমাধিস্তম্ভ তৈরি করেন। রাজধানীর কাছে পাথরের পিরামিড-সদৃশ একটি স্থাপনাও নির্মাণ করেন। এভাবেই বারো-তেরো শতকে খুমের সভ্যতা নানা নৈপুণ্যময় স্থাপনা তৈরি করে। যশভার্মানের ছেলে সুরিয়াভার্মান ১২ শতকে তাঁর রাজধানীতে অ্যাংকর ওয়াট নামে অসাধারণ একটি মন্দির নির্মাণ করেন, যা আজও বর্তমান। কিন্তু রহস্য হলো, এই সভ্যতার মানুষগুলো কোথায় গেল? কীভাবে নিশ্চিহ্ন হয়ে গেল তারা! অনুমান করা হয়, তেরো শতকের দিকে খুমের সভ্যতায় ক্ষয় দেখা দেয়। রাজার সম্ভাব্য ও যোগ্য উত্তরাধিকারের অভাবে রাজত্বে বিশৃঙ্খলা দেখা দেয়। জনগণের মধ্যে দাসপ্রথা, গৃহযুদ্ধ শুরু হয়। পনেরো শতকে খুমের সভ্যতার পতন ঘটায় সিয়ামিজ সভ্যতা। আঘাত হানতে থাকে পার্শ্ববর্তী থাই ও ভিয়েতনামি সভ্যতাও। ধীরে ধীরে হারিয়ে যায় খুমের সভ্যতা। ধ্বংসাবশেষের চাপায় পড়ে যায় খুমের সভ্যতার নানা অসাধারণ স্থাপনাশিল্প।আসল রহস্য কী, কে জানে!—শিখ্তী সানী