অ্যারোপ্লেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিতার খাতাটা ছিঁড়ে ফেলেছি। কবিতা লেখার কাগজ দিয়ে অ্যারোপ্লেন বানিয়ে আমি উড়িয়ে দিয়েছি। কী সুন্দর বাতাস কেটে তারা উড়ে যায়! কখনো বা মাকড়সার জালে আটকা পড়ে ভড়কে দেয়। পাখিরা আমার অ্যারোপ্লেনকে ভয় করে না। তারা হয়তো জানে এটা স্রেফ একটা কবিতা লেখা কাগজ। আমার কলেজের সহপাঠিনীরা শুধু হাসে। তারা ভয় পায় না, পথিকের মতো অবাক হয় না।
কবিতার কাগজগুলো শেষ হয়ে আসছে। আবার কবিতা লিখে খাতা ভর্তি করতে হবে। এরপর হাজার হাজার অ্যারোপ্লেন ছাদের পাশে কদমগাছের বুড়ো মাকড়সাকে ভড়কে দেবে। বাজারের ব্যাগ হাতে বাড়ি ফেরা গৃহস্থদের করবে অবাক। প্রাইভেট পড়ে বাড়ি ফেরা সহপাঠিনীদের কাছে পৌঁছে দেবে আমার বাড়ির কদম ফুলের ঘ্রাণ।
বড়লেখা, মৌলবীবাজার