আঁদ্রে মালরোর বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ এপ্রিল ১৯৭৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত আমন্ত্রণে তিন দিনের সফরে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে সস্ত্রীক পা রাখলেন সত্তরোর্ধ্ব এক ফরাসি যোদ্ধা—আঁদ্রে মালরো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ফরেন লিজিয়ন গঠন করে বাঙালির প্রতিরোধযুদ্ধে অংশ নিতে চেয়েছিলেন তিনি। উদ্বুদ্ধ করেছিলেন বিশ্বজনমতকে। বিশ শতকের বিশিষ্ট লেখক ও ফ্রান্সের দ্য গল সরকারের একসময়ের মন্ত্রী আঁদ্রে মালরো সম্পর্কে পেছনে ফিরে গিয়ে আরও বলতে হবে যে তিনি ফ্রান্সে ফ্যাসিবিরোধী আন্দোলনে এবং স্পেনের গৃহযুদ্ধে প্রগতিশীলদের পক্ষে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মালরোর যে লড়াই, ‘স্বাধীনতা’ শব্দটির জন্য মৃত্যুর আগে তাঁর শেষ লড়াই।১৯৭৩ সালে আঁদ্রে মালরোর বাংলাদেশ সফর ছিল অসম্ভব বৈচিত্র্যপূর্ণ। এ সময় তিনি বাংলাদেশের সেই সময়ের রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী ও প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলেছেন ফ্রান্স ও বাংলাদেশের সভ্যতা-সংস্কৃতি সম্পর্কে। বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে মুক্তিযুদ্ধে বাঙালির বীরত্ব ও শহীদদের আত্মত্যাগের কথা বারবার স্মরণ করতেও ভোলেননি। যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গও উঁকি দিয়েছে তাঁর বক্তব্যে। আছে শান্তির কথাও।বাংলাদেশে পা রেখে নানা কাজের ফাঁকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে আঁদ্রে মালরো গিয়েছিলেন হাসপাতালে। এক হাত ও এক পা কাটা যুদ্ধাহত এক যুবককে দেখে নিজের মালা খুলে পরিয়ে দিলেন তাঁর গলায়। এর জবাবে যুবকটি তাঁর থেকে কয়েকটি নীল, সাদা ও লাল ফুল নিয়ে মুকুট বানিয়ে পরিয়ে দিলেন মালরোর মাথায়। আঁদ্রে মালরোর বাংলাদেশ ভ্রমণ সম্পর্কে একটি রচনায় এ ঘটনার বিবরণ দিয়েছেন তাঁর জীবনের শেষ পর্যায়ের সঙ্গিনী সোফি দ্য ভিলমোরাঁ।মালরোর বাংলাদেশ সফরের উজ্জ্বল কিছু মুহূর্ত সপ্রাণ হয়ে আছে বাংলাদেশ: ইয়ার ওয়ান ফ্রম ডিসপেয়ার টু হোপ নামের এক প্রামাণ্যচিত্রে। মালরোর বাংলাদেশ সফরের সময় তাঁর সঙ্গে ছিল ফরাসি টেলিভিশনের একটি দল। তারাই তৈরি করেছিল এটি। অনেক দিন এই প্রামাণ্যচিত্রের হদিস ছিল না। পরে ঘটনাচক্রে উদ্ধার হওয়া এই ফরাসি প্রামাণ্যচিত্রটি বাংলায় ভাষান্তর করে আলিয়াঁস ফ্রঁসেজের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে প্রদর্শিত হয়। বাংলা ভাষায় এর নাম দেওয়া হয় বাংলাদেশ: প্রত্যাশার পথে। সে আরেক চমকপ্রদ কাহিনি। ফিলিপ হ্যালফেন পরিচালিত ৩১ মিনিটের এই প্রামাণ্যচিত্রে বন্দী হয়ে আছে বাংলাদেশ নিয়ে আঁদ্রে মালরোর নানা অনুভব আর কথা। ওই কথাগুলোয় যেমন আছে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তাঁর গভীর উপলব্ধি, তেমনি আছে একজন বিদেশি যোদ্ধার চোখ দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশকে দেখার উত্তাপ।বিমান থেকে বাংলাদেশে নেমেই পুষ্পসিক্ত অভিনন্দনের জবাবে আর্দ্র হলো আঁদ্রে মালরোর কণ্ঠ, ‘সবাইকে তো বুকে টেনে নেওয়ার সামর্থ্য আমার নেই। পুরো বাংলাদেশকে আমি আমার বুকে জড়িয়ে ধরছি।’প্রামাণ্যচিত্রের ক্যামেরা এবার ঘুরে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে। এক সাংবাদিক মুজিবকে জিগ্যেস করলেন, ‘আপনি তাঁর কাছ থেকে কী প্রত্যাশা করেন?’ মুজিব একটিমাত্র বাক্যে মুহূর্তেই উত্তর দিলেন, ‘আমরা তাঁর ভালোবাসা চাই।’২১ এপ্রিল সেই ভালোবাসা যেন মালরো উজাড় করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের বক্তৃতায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আজ আমি প্রথমবারের মতো এখানে কথা বলছি। এটা পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয়, যেখানে জীবিতের সংখ্যা মৃতের চেয়ে কম। ফ্রান্সের সব শিক্ষার্থী জানে, আপনাদের শিক্ষক ও সহপাঠীরা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। পৃথিবীর আর কোথাও ছাত্র-শিক্ষকেরা স্বাধীনতার জন্য এত কঠিন ত্যাগ স্বীকার করেননি। তাই আপনারা যাঁরা যুদ্ধ করেছেন, ভবিষ্যতের শিক্ষার্থীদের আপনারা এটা বলতেই পারেন, আমরা খালি হাতে যুদ্ধ করেছি।’শিক্ষর্থীদের তুমুল হাততালি সঙ্গী করে মালরো সেদিন ফিরেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরদিন ২২ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়ে লাল গাউন পরা এই মানবতাবাদী যোদ্ধা বলেন, ‘আপনাদের যেকোনো কবরের ওপর, বুদ্ধিজীবীদের শবদেহভরা কোনো গর্তের ওপর বড় বড় হরফে লিখে দিন: “যাঁরা এখানে শুয়ে আছেন, নিদারুণ কষ্টকর নয়টি মাস খালি হাতে যুদ্ধ করতে তাঁরা একটুও দ্বিধা করেননি।”...আপনারা পৃথিবীকে দেখালেন, যে জাতি হার মানে না, তার আত্মাকে কখনো হত্যা করা যায় না।’বক্তব্যের একপর্যায়ে এল তাঁর ধন্যবাদ দেওয়ার পালা। আঁদ্রে মালরো বাংলার সভ্যতার সঙ্গে ফরাসি সভ্যতার রাখিবন্ধন ঘটালেন। তিনি বলেন, ‘আপনাদের আহত যোদ্ধা, যাঁদের সঙ্গে গতকাল দেখা হয়েছে, তাঁদের ও বাংলার আদি সভ্যতার পক্ষ থেকে আমাকে বরণ করার পাশাপাশি আপনারা বরণ করে নিলেন আমার দেশের সভ্যতাকেও। এ উপাধি গ্রহণ করে আমি বাংলাদেশকে বলতে চাই, এখানে এসে আমি সম্মানিত বোধ করছি।’এরপর শান্তির বার্তা নিয়ে আঁদ্রে মালরোকে দেখা গেল চট্টগ্রামের রাস্তায়। বাংলার সভ্যতা-সংস্কৃতির প্রতি অনুরাগ আবারও তাঁর কণ্ঠে, ‘আপনাদের আছে তিন হাজার বছর ধরে আত্মার ভেতর লালিত সভ্যতা।’ তিনি স্মরণ করলেন মহাত্মা গান্ধীকে। শেখ মুজিবকেও মিলিয়ে দিলেন একই সুতোয়, ‘আপনাদের বিপ্লব বাংলার সঙ্গে আমাদের বিপ্লবকে একাত্ম করেছে। ভারত ও আপনাদের বিপ্লবই একমাত্র, যা সর্বাত্মকবাদী নয়। না স্টালিন, না হিটলার, না মাও (জে দং)—কেবল গান্ধী আর শেখ মুজিবুর রহমান। বিশ্ব এখনো বিষয়টি বুঝে ওঠেনি। কিন্তু এখনই সময় জেগে ওঠার।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুদ্ধাপরাধী ও আটকে পড়া পাকিস্তানি সেনাদের বিচারের বিষয়েও মন্তব্য করতে হলো তাঁকে। ১৯৭৬ সালে মারা যাওয়া এই মানুষটি বলেন, ‘এতে সন্দেহের লেশমাত্র নেই যে অপরাধীদের শাস্তি পেতে হবে। এটাও ঠিক, এরা যে অপরাধী, আগে সেটা প্রমাণ করতে হবে, ব্যাপারটা আদালতের।’প্রামাণ্যচিত্রের খোঁজেসবাই যতই বলুন, ‘পাইরেসি বন্ধ হোক,’ কখনো কখনো পাইরেসিকে ‘হ্যাঁ’ বলতেই হচ্ছে। কারণ, পাইরেসির গুণেই আমরা এখন দেখতে পাচ্ছি প্রামাণ্যচিত্রটি। ফরাসি টেলিভিশনকর্মীদের ধারণ করা চিত্র থেকে ফরাসি ভাষায় ফিলিপ হ্যালফেন নির্মাণ করেন প্রামাণ্যচিত্র। বহুদিন পর্যন্ত এই প্রামাণ্যচিত্রের কোনো খোঁজ ছিল না। পরে ১৯৯৬ সালে আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে আঁদ্রে মালরোকে নিয়ে একটি অনুষ্ঠানে এটি প্রথম প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়। সে সময় মুজিবুর রহমান খান নামের এক আলোকচিত্রী ভিডিও ক্যামেরায় (ভিএইচএস) এটি আবার ধারণ করেন। শুরু হয় ‘পাইরেসি’-এর প্রথম ধাপ। পরে আলিয়ঁস ফ্রঁসেজের প্রধান গ্রন্থাগারিক জিয়া হায়দার খান ২০০০ সালে এটিকে ডিভিডি ফরম্যাটে রূপান্তর করেন—‘পাইরেসি’-এর দ্বিতীয় ধাপ সমাপ্ত। মজার ব্যাপার হলো, প্রামাণ্যচিত্রটির এই ডিভিডি ফরম্যাটটিই এখন টিকে আছে, নষ্ট হয়ে গেছে মূল সংস্করণটি। ২০১১ সালে বাংলাদেশের স্বাধীনতার চল্লিশ বছর পূর্তিতে প্রামাণ্যচিত্রের এই ‘পাইরেসি’ সংস্করণটি বাংলা ভাষায় ভাষান্তর করে আবার আরেকটি প্রদর্শনী করেছিল আলিয়ঁস ফ্রঁসেজ। ওই সময় বাংলায় এর নাম দেওয়া হয় বাংলাদেশ: প্রত্যাশার পথে। আলিয়ঁস ফ্রঁসেজের বর্তমান পরিচালক আলিভিয়ের লিতভিনের উৎসাহে প্রদর্শনীটি হয়েছিল বলে জানা গেছে।