আঁধারে আলোর সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে ব্রিটেন-প্রবাসী তরুণ শিল্পী মোহাম্মদ ফকরুজ্জামানের একক চিত্র প্রদর্শনী।শিল্পী ফকরুজ্জামানের পাঁচটি একক চিত্র প্রদর্শনী হয়েছে ঢাকা ও লন্ডনে। ২০০৫ সালে বেঙ্গল শিল্পালয়ে একক প্রদর্শনী তাঁকে ঢাকার শিল্পাঙ্গনে পরিচিতি এনে দেয়। গ্যালারি চিত্রকে চলমান প্রদর্শনী দেশে শিল্পীর এই পরিচিতিকে আরও দৃঢ় করবে।ঢাকা ও লন্ডনে শিল্প-শিক্ষা নেওয়া ফকরুজ্জামানের চিত্রপটে প্রাচ্য ও পাশ্চাত্যের ঐতিহ্য ও আধুনিকতার সংশ্লেষ ঘটেছে। তাঁর কাজ প্রকাশবাদী বিমূর্ত রীতির কম্পোজিশন-নির্ভর। চিত্রপটে প্রয়োগ করা ফর্মগুলো ফ্ল্যাট হলেও সেগুলো মাত্রা ও ঘনত্ব পায় টেক্সচারে! পেইন্টিংয়ে তিনি ছাপচিত্রের করণকৌশল কাজে লাগান। প্রয়োজনে নখের আঁচড়, তুলির গোড়া এবং নেপচুলা ব্যবহার করেন।গ্যালারি চিত্রকে চলমান প্রদর্শনীতে শিল্পীর ৩০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে আছে পেইন্টিং, ছাপচিত্র দুই-ই। ছাপচিত্রগুলো কলোগ্রাফ নামে পরিচিত। ক্যানভাসে কাগজ, বোর্ড, কাপড় ইত্যাদি সেঁটে দিয়ে তার ওপর বর্ণ প্রলেপ করে নখ বা কোনো ধাতব বস্তুর আঁচড়ে নানা ইফেক্ট তৈরি করে স্বচ্ছ জলরোধক কালি লেপন করে ছাপ নিতে হয়।ফকরুজ্জামানের চিত্রপটে বাদামি, লাল ও কালো বর্ণের প্রাধান্য। তাঁর চিত্রপট যেন রহস্যময় অন্ধকারাচ্ছন্ন। সেই রহস্য আঁধারের শূন্য পরিসরে শিল্পী আনুভূমিক বর্ণ প্রয়োগ করে শূন্যতার বুকে সেতুবন্ধ রচনা করেন। বিরোধপূর্ণ পৃথিবীর নানা বিভাজন দেখেশুনে ত্যক্ত শিল্পী সৌহার্দ্যের ঐক্য কামনা করেন। নিজের চিত্রকর্মে গড়ে তুলেছেন সেই ঐক্যচেতনা, বিভেদ ঘোচানোর বাতাবরণ, মিলনের সেতুবন্ধ।প্রকৃতির শান্ত অবয়বকে ঘন আঁধারের রহস্যময়তার পটভূমে স্থাপন করে এমন এক বৈপরীত্য তিনি তুলে ধরেন—যা মানবমনের দ্বৈততাকে নির্দেশ করে। চিত্রপটকে অসংখ্য ফর্মে বিদ্ধ না করায় তাঁর কাজের সারল্য আমাদের মুগ্ধ করে। চিত্রপটের কেন্দ্র থেকে ওপর-নিচে প্রচুর জায়গা থাকায় তাঁর কাজগুলোয় যেন শ্বাস ফেলার পরিসর পাওয়া যায়। ২৭ জুন প্রদর্শনীর শেষ দিন।—জাহিদ মুস্তাফা