আইনস্টাইনের তত্ত্বে ভূত!
ই=এম সি স্কয়ার। এ-ই তো জেনে এসেছেন এত দিন। এখন কেউ যদি বলে, আরে ধুর মশাই, ওসব এমসি-স্কয়ার-টয়ার কিছু নয়, ই-ইকুয়ালটু আসলে গোস্ট, মানে ভূত! চমকে ওঠারই কথা। এমন আজগুবি কথা বলছেন কোন গোঁসাই! না, ঠিক এই তত্ত্ব নয়, তবে অ্যালবার্ট আইনস্টাইনের আরেকটি তত্ত্ব দিয়ে এখন ভূত ধরছে ভূতশিকারিরা। তাঁরা বলছেন, ভূত যে আছে, সেটা নাকি আইনস্টাইনের তত্ত্ব দিয়েই প্রমাণ করা সম্ভব! এই জীবনে ভূত অনেকেই দেখেছে। কেউ দিনদুপুরে দেখে, কেউবা শর্ষের মধ্যে দেখে। তবে ভূত যে আছে সেটার অকাট্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখন পর্যন্ত হাজির করতে পারেনি কেউ। তা না পারুক। তাতে বয়েই গেছে ভূতশিকারি বা গোস্ট হান্টারসদের। তাঁরা ভূতের সুলুক-সন্ধান করেই চলেছেন। চলছে প্রমাণ জোগাড়ের তোড়জোড়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে আছে ভূতশিকারিদের সংগঠনও। তাদের কোনো কোনোটি আবার বেশ শক্তিশালীও! প্রতি রাতে শৌখিন ভূতশিকারিরা নেমে পড়েন ভূতের খোঁজে। পরিত্যক্ত কারখানা বা গুদাম, পোড়ো বাড়ি, কবরস্থান, জঙ্গল নাকি ভূতের খনি। আগে ভূত শিকারের সময় সঙ্গে থাকত তন্ত্রমন্ত্র। কিন্তু যুগটা এখন বিজ্ঞানের। এখনকার ভূতশিকারিদের কাছে থাকে অত্যাধুনিক যন্ত্রপাতি। এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ভূত ধরার যন্ত্র হলো ইএমএফ বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। বিশেষ ধরনের বৈদ্যুতিক তরঙ্গ খুঁজে বের করাই এ যন্ত্রে কাজ।তবে কি ভূতের শরীর থেকে বিশেষ কোনো বৈদ্যুতিক তরঙ্গ বের হয়? তা তো হয়! আইনস্টাইনই নাকি বলে গেছেন এ কথা! ভিড়মি খাওয়ার আগে আইনস্টাইনের সেই তত্ত্বটায় একটু চোখ বুলিয়ে নিন ফের। কী বলছেন সর্বকালের সেরা এই পদার্থবিজ্ঞানী? বলছেন, শক্তির (এনার্জি) বিনাশ নেই। শক্তি আসলে ধ্রুবক। শক্তি তৈরি করা যায় না, ধ্বংসও করা যায় না। শক্তির কেবল রূপান্তর আছে।এই যদি হয় তত্ত্ব, তাহলে আমরা যখন মারা যাই, আমাদের শরীরে যে শক্তিগুলো থাকে, সেগুলো তাহলে কোথায় যায়? এমন প্রশ্নই হাঁকিয়েছেন খ্যাতনামা ভূত বিশেষজ্ঞ জন কাচুবা। অনেকগুলো বছর ভূতের সন্ধানে কাটিয়ে দেওয়া এই ভদ্রলোক ভূত নিয়ে পেল্লায় সাইজের গোটা কয় নিবন্ধ আর বই লিখেছেন। এরই একটা বইয়ের নাম গোস্ট হান্টারস। সেই বইয়ে আইনস্টাইনের তত্ত্ব দিয়ে ভূতের অস্তিত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন কাচুবা। বলেছেন, ‘যদি শক্তির বিনাশ না-ই থাকে, তাহলে আমরা মরে যাওয়ার পর কী হয়? তাহলে তো আইনস্টাইনের কথা অনুযায়ী শক্তিটা অন্য এক শক্তিতে রূপান্তরিত হয়। নতুন এই রূপান্তরিত শক্তিটা কী? এটাকে কি আমরা ভূত বলতে পারি?’কাচুবার এই তত্ত্ব রাতারাতি লুফে নিয়েছে ভূতশিকারিরা। এই মুহূর্তে আপনি যদি ইন্টারনেট-প্রদীপে একটা ঘষা মারেন, গুগলদৈত্য আপনাকে জানিয়ে দেবে, কমপক্ষে ৮০ লাখ ভুক্তি আছে, যেখানে বলা হয়েছে আইনস্টাইনের তত্ত্বের মধ্যেই লুকিয়ে আছে ভূতের অস্তিত্ব!এ নিয়ে সবচেয়ে সোচ্চার ভূতশিকারি সংগঠন ট্রাই কাউন্টি প্যারানরমাল। তারা বলছে, ‘আমরা জীবিত থাকার সময় আমাদের শরীরে এক ধরনের বৈদ্যুতিক শক্তি থাকে। হূৎপিণ্ডকে সচল রাখা, শ্বাসপ্রশ্বাস নিতে সাহায্য করা এই বৈদ্যুতিক শক্তি কোথায় যায় আমাদের মৃত্যুর পর? এর কোনো সহজ উত্তর নেই।’আছে, সহজ উত্তর আছে। মানবদেহের মৃত্যুর পর কী হয়, সেটিও বিজ্ঞান ব্যাখ্যা করেছে ভালোভাবেই। কিন্তু এসব বিজ্ঞানের ব্যাপারে ভূতশিকারিদের যে রুচি তা বলাই বাহুল্য। তবে তারা তাদের মতোই থাকুক। আইনস্টাইনের তত্ত্ব অপব্যাখ্যা করে খুঁজতে থাকুক ভূত। আপনি তাদের দলে যোগ দেবেন নাকি বিজ্ঞানের পক্ষে থাকবেন—সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।রাজীব হাসান, সূত্র:ইয়াহু নিউজ