আউরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউরা কার্লোস ফুয়েন্তেসের প্রথম দিককার উপন্যাস। ক্ষীনকায় এই উপন্যাস তিনি রচনা শুরু করেন তাঁর প্যারিসবাসের সময়কালে। প্রথম আলোর পাঠকদের জন্য উপন্যাসটির প্রথম অধ্যায় এখানে প্রকাশ করা হলো। ২১ ফেব্রুয়ারি বইমেলায় আউরা পুস্তককারে প্রকাশ করেছে প্রথমা প্রকাশনবিজ্ঞাপনটা পড়ছ তুমি: এ ধরনের বিজ্ঞাপন সচরাচর চোখে পড়ে না; যে কারণে একবার পড়ার পর আরও একবার পড়লে তুমি। মনে হলো আর কেউ না, বিজ্ঞাপনটা তোমাকে উদ্দেশ করেই ছাপানো হয়েছে। বিজ্ঞাপনটার মধ্যে এতটাই বুঁদ হয়ে ছিলে যে তুমি এতক্ষণ খেয়ালই করোনি, এই সস্তা, নোংরা ক্যাফেতে ঢুকে তুমি চায়ের অর্ডার দিয়েছিলে, এবং এখন সেই ঠান্ডা চায়ের কাপেই ঝরে পড়ছে তোমার সিগারেটের ছাই। বিজ্ঞাপনটা তুমি আবারও পড়লে। ‘ইতিহাস গবেষণায় আগ্রহী এমন একজন উদ্যমী, কর্মঠ তরুণ গবেষক আবশ্যক। আগ্রহী প্রার্থীর অবশ্যই কথ্য ফরাসি ভাষা সম্পর্কে উপযুক্ত জ্ঞান থাকতে হবে।’ কম বয়স...ভালো ফরাসি ভাষাজ্ঞানসম্পন্ন, কিছুকাল ফ্রান্সে বসবাসের অভিজ্ঞতা...অর্থাৎ ‘মাসে চার হাজার পেসো, সঙ্গে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত’—সব ঠিকঠাকমতো মিলে যাচ্ছে তোমার সঙ্গে। শুধু এর সঙ্গে তোমার নামটাই যা উল্লেখ করেনি। তাই বিজ্ঞাপনটায় বড় বড় কালো হরফে আরও দুটো বাড়তি শব্দ শুধু যোগ করা উচিত ছিল, তা হলো তোমার নাম: ফেলিপে মনতেরো। সরবোনের বৃত্তিধারী সাবেক ইতিহাসবিদ, হলুদ জরাজীর্ণ নথিপত্র ঘাঁটায় যে বিশেষ পারদর্শী, প্রাইভেট স্কুলের ৯০০ পেসো বেতনের সাবেক খণ্ডকালীন শিক্ষক। পুরো বিজ্ঞাপনটা পড়ার পর তোমার মনে সন্দেহ জাগে, মনে হয় পুরোটাই কোনো রসিকতা। বিজ্ঞাপনে ঠিকানা দেওয়া হয়েছে: ‘৮১৫ দনসেলেস’। কোনো টেলিফোন নম্বর দেওয়া নেই। অর্থাৎ প্রার্থীকে সশরীরে যোগাযোগ করতে হবে।টেবিলে সামান্য কয়েক পেসো বকশিশ রেখে, ব্রিফকেস নিয়ে উঠে পড়লে তুমি। কিন্তু তোমার ভয় হয়, এখন যদি গিয়ে দেখো, বিজ্ঞাপনটা দেখে তুমি পৌঁছানোর আগেই তোমার মতোই যোগ্যতাসম্পন্ন অন্য কোনো তরুণ এরই মধ্যে চাকরিটা বাগিয়ে নিয়েছে, তাহলে! শঙ্কাটা প্রাণপণে মন থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতে করতে মোড়ের দিকে হাঁটা ধরলে তুমি। মোড়ে পৌঁছে বাসের জন্য অপেক্ষার সময়টায় ক্লাসের ঝিমুনি ধরা ছাত্রদের সমীহ আদায় করার জন্য যেসব সাল-তারিখ একজন শিক্ষকের একেবারে জিভের ডগায় থাকতে হয়, তা-ই আবার নতুন করে ঝালাই করতে শুরু করলে।বাস আসছে, পায়ের কালো জুতো জোড়া দেখে নিলে একবার। তোমাকে ভালোমতো ফিটফাট হয়ে হাজির হতে হবে ওখানে, নিজেকে শোনালে তুমি। পকেটে হাত ঢুকিয়ে ভাংতি পয়সাগুলো বের করে, বাসভাড়া বাবদ গুনে গুনে ওর মধ্য থেকে ৩০ সেন্ট আলাদা করে নিলে। ভালোমতো তৈরি হয়ে যেতে হবে, কথাটা আরেকবার মনে করিয়ে দিলে নিজেকে। বাসটা স্টপেজে এসে পুরোপুরি থামল না—গতি খানিকটা কমিয়ে আনল শুধু—ওই অবস্থাতেই হ্যান্ডেল ধরে ঝুলে পড়লে তুমি। ভিড় ঠেলে ভেতরে ঢুকে ড্রাইভারকে ৩০ সেন্ট ভাড়া মিটিয়ে সামনে এগোলে, গাদাগাদি করে দাঁড়ানো যাত্রীদের ঠেলে ধাক্কিয়ে কোনো রকমে জায়গা করে নিয়ে মাথার ওপরের হ্যান্ডেলটা ধরে দাঁড়ালে, বাঁ হাতের বগলতলার নিচে ব্রিফকেসটা শক্ত করে চেপে ধরে আছ। ঠিক এ সময় পেছনের পকেটে ভাঁজ করে রাখা টাকাগুলোর কথা মনে হতেই যন্ত্রচালিতের মতো তোমার বাঁ হাত নেমে গেল পকেটের ওপর।আজকের দিনটা অন্য আর দশটা দিনের মতোই ছিল, বিজ্ঞাপনটার কথা তোমার মনেও ছিল না, প্রতিদিনের মতো যথারীতি সকালে উঠে তুমি তোমার পরিচিত ক্যাফেতে নাশতা করতে এসেছ, তখনই বিজ্ঞাপনটা আবার চোখে পড়ল তোমার, নাশতার অর্ডার দিয়ে টেবিলের ওপর রাখা পত্রিকাটা খুলে বসে খানিক নাড়াচাড়া করার পরপরই বিজ্ঞাপনের পাতায় এসে চোখ আটকে গেল তোমার, বিজ্ঞাপনটা আবার ছাপা হয়েছে: তরুণ ঐতিহাসিক আবশ্যক।... চাকরিটা এখনো খালি...বিজ্ঞাপনটা তুমি আবার পড়লে...বেতনের জায়গায় এসে থামলে তুমি: চার হাজার পেসো।দনসেলেস স্ট্রিটে যে কোনো লোকজন থাকে, এটা দেখেই তোমার অবাক লাগছে। তুমি বরাবর ভেবেছ, শহরের ওই পুরোনো অংশে এখন আর কোনো লোকজন থাকে না। তুমি হাঁটার গতি কমিয়ে ঔপনিবেশিক আমলের বড় বড় বাড়ির ভিড়ে ৮১৫ নম্বর বাড়ি খুঁজে বের করার চেষ্টা করলে, বেশির ভাগ বাড়িই এখন হয় মেরামত কারখানা, অলংকারের দোকান, জুতোর আর নয়তো ওষুধের দোকান। অনেক বাড়ির নম্বর বদলে গেছে, কিছু নম্বর ঢাকা পড়ে গেছে চুনকামের নিচে, খুবই বিভ্রান্তিকর, গোলমেলে। যেমন—এক জায়গায় ১৩ নম্বরের পাশে ২০০ নম্বর বাড়ি। আরেক জায়গায় পুরোনো এক ফলকে চারকোলের অস্পষ্ট পেঁচানো লেখায় পড়লে ৪৭: এরপর ৯২৪। আরেকটা ব্যাপার, ওপরের দোতলা বাড়িগুলো নজর করে দেখলে, বোঝা যাচ্ছে; নিচের পরিবর্তনের কোনো ছাপই পড়েনি ওখানে: পাথরে খোদাই করা স্নিগ্ধ বারোক শিল্পরীতি, কাঁধে কবুতর নিয়ে দাঁড়িয়ে থাকা পাথরে তৈরি ভাঙাচোরা সাধু-সন্তের মূর্তি, ঝুলবারান্দার জাফরিকাটা অলিন্দ, তামার জলনিষ্কাশনের নালা, নালার মাথায় বেলেপাথর দিয়ে বানানো বিকট গার্গলের মুখ, কোনো কিছুতেই নিচের রাস্তার সস্তা দোকানপাট, ঝলমলে বাতির প্রভাব পড়েনি। সব আগের মতোই রয়ে গেছে। জানালায় ঝোলানো দীর্ঘ সবুজ পর্দায় চোখ পড়ামাত্র মনে হলো কেউ যেন দ্রুত সরে গেল। তুমি কৌতূহলী চোখে দরজার ওপরে খোদাই করা বাহারি আঙুরলতাগুলো দেখ, তারপর তোমার দৃষ্টি নেমে আসে নিচের পলেস্তারা খসা দেয়ালে, তখনই চোখে পড়ে ৮১৫ নম্বরটা, যা আগে ছিল ৬৯।তুমি কুকুরের মাথাঅলা তামার কড়াটা ধরে যেন মিছেই নাড়া দিলে। অতি ব্যবহারে মসৃণ আর জীর্ণ হয়ে পড়া তামার কড়াটা দেখতে এখন অনেকটাই ন্যাচারাল সায়েন্সের জাদুঘরে রাখা কুকুরের ভ্রূণের মতো দেখাচ্ছে। তোমাকে দেখে যেন ওটা দাঁত বের করে হাসছে। শীতল কড়া থেকে হাত সরিয়ে নিলে তুমি। দরজাটায় সামান্য একটু ঠেলা দিতেই খুলে গেল, ভেতরে ঢোকার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনের রাস্তাটা দেখে নিলে, সার সার গাড়ি জমে গেছে রাস্তায়, অধৈর্য হয়ে সমানে হর্ন বাজাচ্ছে, পেছনে ধোঁয়ার মেঘ। বাইরের এই অকিঞ্চিৎকর জগতের একটা ছবি তুমি মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করলে।পেছনে দরজা বন্ধ করে দিয়ে চোখ সরু করে ভেতরের ছাদের নিচের দীর্ঘ অন্ধকার গলিটা দেখার চেষ্টা করলে। এটা প্যাটিও ধরনের কিছু একটা হবে। কারণ, কেমন ভেজা ভেজা আর স্যাঁতসেঁতে, লতাপাতা-শিকড়বাঁকড় পচে বাতাস কেমন ভারী হয়ে আছে। প্যাটিওর এই অংশে কোনো আলো না থাকায় পথ দেখে যে সামনে এগোবে তার কোনো উপায় নেই। দেশলাইয়ের জন্য যখন তুমি কোটের পকেট হাতড়াচ্ছ, তখনই দূর থেকে তীক্ষ চিকন একটা কণ্ঠস্বর বলে উঠল: ‘আলো জ্বালবেন না, প্লিজ। ১৩ কদম সামনে চলে আসুন। আপনার ডান পাশেই সিঁড়ি। সোজা ওপরে চলে আসুন, প্লিজ। ২২ ধাপ। গুনে গুনে উঠুন।’১৩ কদম। তারপর ডান দিকে সিঁড়ি। তারপর ২২ ধাপ। পা গুনে গুনে এগোনোর সময় টের পেলে পায়ের তলার পাথুরে মেঝে, ককিয়ে ওঠা সিঁড়ি কেমন ভেজা ভেজা আর স্পঞ্জের মতো নরম, চারপাশ ভারী হয়ে আছে লতাপাতা পচা দুর্গন্ধে। নিচু গলায় ২২ ধাপ গুনে গুনে উঠে তুমি থেমে দাঁড়াও, তোমার হাতে ধরা দেশলাইয়ের বাক্স আর বগলতলায় ব্রিফকেস। তোমার সামনে পাইনের গন্ধ ছড়ানো একটা দরজা। কড়া খুঁজে না পেয়ে দরজায় টোকা দাও তুমি। তারপর খানিক অপেক্ষা করে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়। মেঝেয় অযত্নে এবড়োখেবড়ো হয়ে কুঁচকে থাকা নরম কার্পেটে পা দেবে গিয়ে তোমার প্রায় হোঁচট খেয়ে পড়ার উপক্রম হলো। এ সময় কোত্থেকে ঠিকরে আসা এক টুকরো ঝাপসা আলোয় কুঁজের মতো কিছু একটা চোখে পড়ে তোমার।‘সিনোরা’, বলে ডেকে ওঠো তুমি কারণ, মনে আছে একটা নারীকণ্ঠ তোমার সঙ্গে কথা বলেছিল। ‘সিনোরা...’ ‘বাঁয়ে চলে যান, প্রথম দরজা।’ঠেলা দিয়ে তুমি দরজা খোল। কারণ, এরই মধ্যে তুমি জেনে গেছ, কোনো দরজাতেই ভেতর থেকে খিল লাগানো নেই, কাজেই ঠেলা দিলেই খুলে যাবে। ঘরে ঢুকতেই আচম্বিতে যেন চোখের ওপর ঝাঁপিয়ে পড়ল হাজার হাজার আলোর রেখা, তোমার মনে হলো তুমি কোনো সিল্কের জাল ভেদ করে দেখছ, প্রথমে ডজন খানেক আলোর ঝলকানি ছাড়া আর কিছুই ঠাহর করতে পার না। তারপর ধীরে ধীরে তুমি চিনতে পার ওগুলো প্রার্থনার সময় জ্বালানো মোমবাতি, দেয়ালের সঙ্গে কয়েকটা মোমদানিতে আর কিছু সিলিং থেকে লাগানো প্যানেলের ওপর দূরে দূরে এলোমেলোভাবে বসানো। মোমবাতিগুলোর আলো চকচকে কাচের শিশি আর সোনায় বাঁধানো আয়নায় অদ্ভুত কম্পমান এক নকশার মতো তৈরি করেছে। এসব ছাড়িয়ে তোমার চোখ যায় পেছনের ছায়ায় আড়াল হয়ে থাকা বিছানাটার দিকে, ক্ষীণ অস্পষ্ট একটা হাতের নড়াচড়া চোখে পড়ে সেখানে, যেন হাতছানি দিয়ে ওই হাত তোমাকে কাছে যেতে বলছে।মোমের আলোর দিক থেকে ঘুরে দাঁড়ানোর পরই কেবল তুমি তার মুখ দেখতে পেলে। কিন্তু এগোতে গিয়ে খাটের পায়ের সঙ্গে একটা হোঁচট খেয়ে ঘুরে শিয়রের দিকে এগোলে তুমি। দেখলে বিশাল বিছানার সঙ্গে যেন লেপ্টে আছে ছোট্ট একটা শরীর। করমর্দনের জন্য হাত বাড়ানোর পরও অন্য কোনো হাত এগিয়ে এসে হাত ধরল না, উল্টো তোমার হাতে ঠেকল এক জোড়া কান আর অন্ধকারে একনাগাড়ে জাবর কাটতে থাকা ঘন লোমশ কোনো এক প্রাণীর শরীরে। প্রাণীটা লাল জ্বলজ্বলে চোখ তুলে দেখল তোমাকে। একটা খরগোশ, তার কৃশকায় হাতের কাছেই গুড়ি মেরে শুয়ে আছে ওটা, তুমি হেসে জন্তুটার গায়ে আস্তে করে হাত বুলিয়ে আদর করে দিলে।তোমরা হাত মেলালে এরপর। তার ঠান্ডা হাত অনেকক্ষণ তোমার ঘামে ভেজা হাতের তালুতে ধরা রইল।‘আমি ফেলিপে মনতেরো। আমি আপনার বিজ্ঞাপনটা পড়ে এসেছি।’‘হ্যাঁ, বুঝেছি। আমাকে মাপ করো, এখানে কোনো চেয়ার নেই যে বসতে বলব।’‘ঠিক আছে, অসুবিধা নেই। ব্যস্ত হবেন না।’‘আচ্ছা। আগে তোমাকে একটু ভালো করে দেখে নিই। না, ঠিকমতো দেখতে পাচ্ছি না। তুমি আলোর দিকে ঘুরে দাঁড়াও। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, দারুণ।’‘আমি আপনার বিজ্ঞাপনটা পড়ে...’‘হ্যাঁ, বুঝেছি। কিন্তু তুমি কি যোগ্য এ কাজের জন্য? (এ পর্যায়ে এসে কনসুয়েলো ফরাসি ভাষায় কথা বলতে শুরু করল) পড়াশোনা শেষ করেছ?’‘হ্যাঁ পারিসে, মাদাম।’‘ওহ্ হ্যাঁ...এখনো শুনতে এত ভালো লাগে...এত আনন্দ হয়...বুঝতেই পারছ, ওখানে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম...’তুমি এক পাশে সরে দাঁড়ানোয় মোমবাতি, কাচ আর রুপোয় প্রতিফলিত আলোয় তোমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল সিল্কের খোঁপা বাঁধার কাপড়ের নিচে একমাথা সাদা চুল, আর তার সঙ্গে একটা মুখের কাঠামো, কিন্তু এতই বুড়োটে আর শুষ্ক অস্থিচর্মসার যে হঠাৎ দেখলে মনে হয় কোনো বাচ্চার মুখ। পালকের বালিশে শোয়া তার পুরো শরীর একটা কাপড়ে ঢাকা, জামার গলার কাছটায় বোতাম আঁটা গলাবন্ধের মতো, তবে হাতের ওপরের অংশটুকু ঢাকা একটা শালে, বিবর্ণ হাত দুটো এলিয়ে পড়ে আছে পেটের ওপর। আড়চোখে মুখটা দেখছিলে তুমি কিন্তু খরগোশটার নড়াচড়ায় তোমার দৃষ্টি সরে যায় বালিশের পুরোনো জীর্ণ লালরঙা সিল্কের কাপড়ের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা রুটির টুকরো আর গুঁড়োর ওপর।‘কাজের কথায় আসি। আমার সামনে খুব বেশি সময় নেই, সিনর মনতেরো; যে কারণে আমি আমার সারা জীবনের সংস্কার ভেঙে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি।’‘হ্যাঁ, বিজ্ঞাপন দেখেই আমার আসা।’‘হ্যাঁ। চাকরিটা তুমি নিতে চাচ্ছ?’‘তার আগে আরেকটু বিস্তারিত জানতে পারলে ভালো হতো।’‘হ্যাঁ। তোমার কৌতূহল হওয়া স্বাভাবিক।’মহিলা লক্ষ করল, তুমি তার বিছানার পাশের টেবিলটা দেখছ; দেখছ মেঝের নানা রঙের শিশি-বোতল, গেলাস, অ্যালুমিনিয়ামের চামচ, সার সার বড়ির বাক্স, অন্য আরও কয়েকটা গেলাস—সব কটার গায়ে সাদাটে কোনো তরলের দাগ লেগে আছে—জিনিসগুলো এমনভাবে রাখা, যাতে চাইলেই হাত বাড়িয়ে মেঝে থেকে তুলে নিতে পারে। এরপর তুমি খেয়াল করো, বিছানাটার উচ্চতা মেঝে থেকে এত সামান্য যে নজর করে না দেখলে ওই পার্থক্যটুকু হঠাৎ করে চোখেই পড়ে না।আচমকা খরগোশটা লাফিয়ে নামল, এবং চোখের পলকে গায়েব হয়ে গেল কোনো ছায়ায়।‘আমি তোমাকে চার হাজার পেসো বেতন দেব।’‘হ্যাঁ, বিজ্ঞাপনে সে রকমই বলা আছে।’‘ও, বিজ্ঞাপনটা ছাপা হয়েছে।’‘হ্যাঁ, বিজ্ঞাপনে উল্লেখ আছে, আজকের পত্রিকাতেও এসেছে।’‘শোনো, কাজটা হলো আমার স্বামী জেনারেল ইয়োরেন্তের স্মৃতিকথাটাকে গোছগাছ করার। ওটা ছাপার সিদ্ধান্ত নিয়েছি আমি, আমি মরার আগেই ওটার ছাপার কাজটা শেষ করে যেতে চাই।’‘কিন্তু জেনারেল সাহেব নিজে? তিনি নিজে কি ওটা...’‘ষাট বছর আগে সে মারা গেছে, সিনর। এগুলো তার অসমাপ্ত স্মৃতিকথা। আমার মৃত্যুর আগে যেভাবেই হোক ওটার কাজ আমাকে শেষ করতে হবে।’ ‘কিন্তু...’‘আমি তোমাকে সব বলে দেব। তুমি আমার স্বামীর লেখার ধরনটা শুধু রপ্ত করে নেবে। কিছু না ওর ধরনটা বোঝার জন্য তোমাকে শুধু মনোযোগ দিয়ে ওর পাণ্ডুলিপি পড়তে হবে...খুব পরিষ্কার...ওর বর্ণনা...’‘হ্যাঁ, আমি বুঝেছি।’‘সাগা, সাগা। কই তুই? ইশ্, সাগা!’‘কে?’‘আমার সখী।’‘ওই খরগোশটা?’‘হ্যাঁ, এখুনি ফিরে আসবে ও।’তুমি এতক্ষণ নিচের দিকে তাকিয়ে ছিলে, এবার চোখ তুলে তাকিয়ে দেখলে; মহিলার মুখ বন্ধ, ঠোঁট নড়ছে না, কিন্তু তোমার মনে হলো তুমি আবারও শুনতে পেলে, ‘ও এখুনি ফিরে আসবে’—যেন এই মাত্র বিড়বিড় করে কথাগুলো উচ্চারণ করল বৃদ্ধা। তার ঠোঁট এখনো বোজা, স্থির। পেছন ফিরে তাকাও তুমি, মুহূর্তে ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে জ্বালানো বাতিগুলোর আলোয় চোখ ধাঁধিয়ে গিয়ে প্রায় অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো তোমার। আবার যখন তার দিকে ফিরে তাকালে, দেখলে বিশাল বড় বড় চোখ তার, খুুব ঝকঝকে, সজল আর সাদা। এই সাদা কেমন একটু হলদেটে, কিন্তু হলদেটে সাদার এই নিখাদ স্বচ্ছতা খানিক বাধা পেয়েছে মণির কালোয়। তবে একটু পরই খোলা বড় বড় চোখ দুটো ঢাকা পড়ে গেল ভারী পাতার নিচে, যেন ওই দৃষ্টি সে সযত্নে গোপন রাখতে চায়, তাই যত দ্রুত সে পারল, তা লুকিয়ে ফেলল শুকনো গুহার আড়ালে।‘তাহলে এখন থেকে তুমি এখানেই থাকছ। তোমার ঘর ওপরে। ওপরে প্রচুর আলো-বাতাস পাবে।’কার্লোস ফুয়েন্তেসের শেষ সাক্ষাৎকারকার্লোস ফুয়েন্তেস বলেন, রাজনীতির ঝোঁক আদর্শবাদের দিকে, ধর্ম হতে চায় অন্ধবিশ্বাস। কিন্তু সাহিত্য সর্বদাই দ্ব্যর্থবোধক। পিডব্লিউ (পাবলিশার্স উইকলি) সম্প্রতি এই লেখকের সঙ্গে তাঁর সাহিত্যকর্ম ও নতুন উপন্যাস নিয়ে কথা বলে। ব্লাদ নামের উপন্যাসটি সামনের জুলাই মাসে ড্যালকি আর্কাইভ প্রেস থেকে প্রকাশিত হওয়ার কথা। লেখক কদিন আগে আকস্মিকভাবে মারা গেলেন। তাঁর শেষ সাক্ষাৎকারটির অনুবাদ আমরা এখানে প্রকাশ করছি।আপনার নতুন উপন্যাস ব্লাদ নিয়ে কিছু বলুন।এটি একটি পিশাচকাহিনি। ব্লাদ ইউরোপের সব রক্ত নিঃশেষ করে চলে এসেছে মেক্সিকো সিটিতে। উপন্যাসটির কাহিনি সম্পর্কে এখন আমি বেশি কিছু বলতে চাই না। সত্যিকারের ঐতিহাসিক ব্লাদ ছিল বলকানের এক রাজনৈতিক শক্তি: একটা খুনি, কিন্তু পিশাচ নয়।এটা আপনি কেন লিখলেন?ড্রাকুলা সিরিজের চলচ্চিত্রগুলো আমি ভালোবাসতাম। ছেলেবেলায় আমি একই অনুষ্ঠানে বেলা লাগোসির ছবি আর বরিস কারলোফের ছবি পাশাপাশি দেখতে পারতাম। এটা হতো একসঙ্গে দুইটা দানব দেখার মতো ব্যাপার। জানেন তো, ড্রাকুলা কক্ষনো তার পোশাক বদলায় না। সে রাতের পোশাকে তার কফিনের মধ্যে ঘুমাতে যায়, আর সকালবেলা বেরিয়ে আসে একদম একই পোশাকে।এই সময়ের পিশাচসাহিত্য আর পিশাচচলচ্চিত্রগুলোর সম্পর্কে কি আপনার জানাশোনা আছে?হ্যাঁ। এখনকার পিশাচদের বয়স কম, এমনকি কুড়ির নিচেও বয়স কারও কারও। কিন্তু আমার পছন্দ বয়স্ক পিশাচ।আপনি এই বইটার পটভূমি হিসেবে মেক্সিকো সিটি বেছে নিলেন কেন?রক্তপানের উৎসবে মেতে ওঠার জন্য মেক্সিকো সিটিতে ব্লাদের জন্য আছে এক কোটি মানুষ। আর আজতেক জাতির লোকদের মধ্যে মানুষ বলি দেওয়ার একটা ঐতিহ্য আছে। মোট কথা, আমি এই দেশটাকে ভালোভাবে জানি। আমি যদি আর্হেন্তিনো হতাম, তাহলে উপন্যাসটার পটভূমি করতাম আর্হেতিনাকে।আপনি কি একজন সুশৃঙ্খল লেখক? আপনার কি লেখালেখির বাঁধাধরা সময়সূচি আছে?আমি খুবই সুশৃঙ্খল লেখক। আমার দাদি জার্মান। স্প্যানিশ ভাষার অনেক লেখক বলেন, তাঁরা লেখেন তীব্র প্রেরণা থেকে। কিন্তু আমার ক্ষেত্রে সে রকম ঘটে না। আমার প্রেরণা আসে কাজ করতে করতে। আমি শুরু করি সকাল সাড়ে সাতটায়, টানা পাঁচ ঘণ্টা কাজ চলে। কাজ আমার জন্য আনন্দের বিষয়; একই সঙ্গে নির্জন আর আনন্দময়। আমার কষ্ট হয় না। রাতে আমি কিছু ভাবনা টুকে রাখি, পরদিন দেখে অবাক হয়ে যাই, আমি কী লিখেছি!আপনি কি কম্পিউটারে লেখেন?আমি লিখি সার্ভেনতেসের মতো, কলম দিয়ে কাগজের বুকে। যখন অন্য কোনোভাবে লেখার চেষ্টা করি, ব্যর্থ হই।আপনি তো সারভেনতেসের বিরাট ভক্ত! তিনি স্প্যানিশ ভাষার আধুনিক মহান লেখক। আমি প্রতি দুই বছরে দন কিহোতে একবার করে পড়ি। এটা হলো উপন্যাসের উপন্যাস; উপন্যাসের ভেতরে উপন্যাস।আপনি তো চিত্রনাট্য আর মঞ্চনাটকও লিখেছেন?সেসব লেখা পুরোপুরি ছেড়ে দিয়েছি। সাহিত্য লিখতে হলে চারপাশের বস্তুজগৎ দেখতে হয়, জানতে হয় কীভাবে একটা দরজার বর্ণনা লিখতে হয়। আপনি হয় লেখক, নয় চলচ্চিত্রকার; দুটো একসঙ্গে হয় না। সাহিত্য হচ্ছে সিনেমা বানানোর উল্টো কাজ; অ্যান্টিথিসিস।ইংরেজি থেকে অনুবাদ: মশিউল আলম