দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ উপন্যাসের জন্য এ বছর ম্যান বুকার পুরস্কার পেলেন তাসমানিয়ায় জন্ম নেওয়া অস্ট্রেলিয়ার কথাশিল্পী রিচার্ড ফ্ল্যানাগান। এই উপন্যাসের বিভিন্ন দিক নিয়ে অস্ট্রেলিয়ার দ্য মান্থলি সাময়িকীর পক্ষে ফ্ল্যানাগানের সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলীয় লেখিকা র্যামোনা কোভাল। তাঁদের কথোপকথনের চুম্বক অংশ অনুবাদ করেছেন সারফুদ্দিন আহমেদ

র্যামোনা কোভাল: আপনার পুরো বইয়ে যুদ্ধ, আত্মত্যাগ, সাহসিকতা—ইত্যাকার নানা বিষয় রয়েছে। কিন্তু এর শুরু একটা প্রেমের ঘটনা দিয়ে। বইটির কাহিনির মূল মর্মস্থল আসলে কোনটি? মানে কোন বিষয়টি আপনাকে মূলতই ভাবিয়েছে?
রিচার্ড ফ্ল্যানাগান: আচ্ছা, এই বইয়ে লাটভিয়ান যে লোকটির গল্প বলা হয়েছে, তাঁর গল্প আমি আসলে শুনেছিলাম আমার বাবা-মায়ের কাছ থেকে। তাসমানিয়ার যে শহরে আমার জন্ম, সেই লংফোর্ডে ওই লোক বাস করতেন। যুদ্ধ (দ্বিতীয় বিশ্বযুদ্ধ) বেধে যাওয়ার পর ভদ্রলোক লাটভিয়া থেকে অস্ট্রেলিয়ায় চলে আসেন। যুদ্ধ শেষ হলে আবার ফিরে যান লাটভিয়ার নিজ গ্রামে। গিয়ে দেখেন, তাঁর গ্রামের সবকিছু ধ্বংস হয়ে গেছে। তাঁকে বলা হয়, তাঁর স্ত্রী মারা গেছেন। কিন্তু সবাই স্ত্রী মারা গেছেন বললেও লোকটি তা বিশ্বাস করেননি। তন্নতন্ন করে তিনি খুঁজতে থাকেন স্ত্রীকে। যুদ্ধপরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন সংগঠন বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়শিবির গড়েছিল। টানা দুই বছর ওই আশ্রয়শিবিরগুলোতে স্ত্রীকে খুঁজতে থাকেন তিনি। একপর্যায়ে মেনে নিতে বাধ্য হন যে তাঁর স্ত্রী সত্যিই মারা গেছেন। এক বুক কষ্ট নিয়ে তিনি চলে আসেন অস্ট্রেলিয়ায়। কয়েক বছর পর এক নারীকে বিয়ে করেন এবং তাঁদের ছেলেমেয়েও হয়। ১৯৫৭ সালে তিনি সিডনিতে যান। একদিন সিডনির পথে হাঁটার সময় চমকে ওঠেন তিনি। দেখতে পান, তাঁর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন তাঁর সেই হারিয়ে যাওয়া স্ত্রী; ওঁর হাত ধরে হাঁটছে এক শিশু। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লোকটির হাতে তখন মাত্র কয়েক মুহূর্ত সময়। তিনি কি দুজনের অমোঘ ও অপরিবর্তনীয় দুই পথকে এক রেখায় মেলানোর চেষ্টা করবেন, নাকি অবলীলায় তাঁকে পাশ কাটিয়ে চলে যাবেন?
এই তাৎক্ষণিক সিদ্ধান্তে পৌঁছুতে প্রথম স্ত্রীর প্রতি তখন লোকটির ভালোবাসা কতটুকু ছিল আর এখনই বা কতটুকু অবশিষ্ট আছে, তা যেন তাঁকে হৃদয়ের বাটখারায় ওজন করে দেখতে হবে। অর্থাৎ আমার মনে হয়, আবেগের এক অপ্রতিরোধ্য বিরলতম হিমবাহের পথ পাড়ি দিয়ে তাঁকেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে।
আমি মনে করি, এটাই আমার গল্পের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত দিক। কারণ, এর মধ্য দিয়ে বহুরৈখিক ব্যঞ্জনার আশ্রয়ে ভালোবাসার কথা বলা হয়েছে। পুরো বইজুড়েই ঘুরেফিরে আমি ভালোবাসার এই দৃশ্যকল্প ও গল্প বিনির্মাণ করেছি।
র্যামোনা: আপনার বইয়ের চরিত্রগুলোর মতো বাস্তবে মানুষকে অনেক সময় তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আপনি নিজে যখন এ ধরনের পরিস্থিতির মুখে পড়েন, তখন কী করেন?

রিচার্ড: ভালো কথা, আমার মনে হয় মানুষের জীবনটাই এ রকম। জীবন আসলে পাহাড় বেয়ে নেমে আসা তুষারপ্রবাহের মতো। এর মধ্যে হঠাৎ হঠাৎ কিছু আকস্মিকতাসূচক মুহূর্ত আসে; তখন মনে হয়, এই আকস্মিকতার মুহূর্তের জন্যই আমরা বেঁচে আছি। এসব মুহূর্তে আমাদের তাৎক্ষণিকভাবেই দুটির মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয়। এটা অদ্ভুত এক ব্যাপার যে, এক ঐন্দ্রজালিক ট্রামলাইনের পথ বেয়ে পৃথিবী এগিয়ে যেতে থাকে আর আমরা নেমে যেতে থাকি যার যার ঈপ্সিত স্টেশনে। কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের মুহূর্তগুলো এ রকম নিয়মানুবর্তিতা অনুসরণ করে আসে না। এটা হিমশৈল থেকে হঠাৎ ভেঙে পড়া তুষারখণ্ডের মতো ছুটে আসে আচমকা।
র্যামোনা: আপনার অন্যান্য বইয়েও এ ধরনের ঘটনা নানাভাবে এসেছে: কোনো ব্যক্তি, খলনায়ক, অতীত, ভবিষ্যৎ—ইত্যাদি বিভিন্ন চেহারা নিয়ে এ ধরনের মুহূর্তকে হাজির হতে দেখেছি আমরা। আপনার এই বইটির ঠিক কোন বিষয়টি এই তাৎক্ষণিকতার চুম্বক নিয়ামক হিসেবে কাজ করেছে?
রিচার্ড: জানি না। সত্যিই আমি জানি না। শুধু জানতাম, ১২ বছরেরও বেশি সময় ধরে এই বিষয়গুলো আমার মনে আসছিল। সেগুলোর সমন্বয়ে আমি একটা প্রেমের গল্প লিখতে চেয়েছিলাম। আমি শুধু জানতাম, এটা হবে যুদ্ধবন্দীদের গল্প; গল্পের মূল কেন্দ্রে থাকবে যুদ্ধবন্দীদের কয়েদি জীবনের নিদারুণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা তুলে ধরার জন্য আমি সিডনিতে ছুটে গিয়েছিলাম। আমার বাবা যে ক্যাম্পে বন্দী ছিলেন, সেই একই ক্যাম্পে বন্দী ছিলেন টম ইউরেন। ইউরেন সিডনিতে থাকতেন। আমি সেখানে গিয়ে তাঁর সঙ্গে বেশ কয়েক দিন কাটিয়েছি। ইউরেনের সঙ্গে দেখা হওয়ার পরই এই উপন্যাসের পুরো পটভূমি ও গল্পের কাঠামো মাথায় আসে আমার। এর আগে আমার কাছে বিস্তারিত তথ্য ছিল না। ইতিপূর্বে দীর্ঘ ১২ বছর ধরে জমানো তথ্য-উপাত্ত আমি বিন্যস্ত করতে পারিনি। তবে এসব ছেঁড়া ছেঁড়া তথ্যের ভিত্তিতে উপন্যাসটির খসড়া নয়, একেবারে আস্ত পাঁচটি ভিন্ন উপন্যাস লিখেছি আমি। এর মধ্যে একটি হাইকুর সঙ্গে সম্পর্কিত, একটি উপন্যাস হাইবান (হাইবান জাপানি সাহিত্যের একটি বিশেষ ধারা, যাতে হাইকু ও গদ্যের সমন্বয়ে লেখা হয়) ফর্মে লেখা। রাশিয়ার যুদ্ধ নিয়ে আমি একটি মহাকাব্যিক উপন্যাস লিখেছি। একটি পারিবারিক মহাকাব্যিক উপন্যাসও লিখেছি। এবং সেগুলোকে মনের দিক থেকে পরিত্যাগ করেছি। কারণ, সেগুলো আমার মোক্ষলাভে কাজ করেনি। তবে এই শেষ উপন্যাস রচনার জন্য আগের পাঁচটি উপন্যাস লেখার প্রয়োজন ছিল। আগের উপন্যাসগুলোর বহু উপাদান, এমনকি হাইকুর সঙ্গে সম্পর্কিত উপন্যাসেরও বহু অনুষঙ্গ স্থান পেয়েছে এই উপন্যাসে।
র্যামোনা: যুদ্ধবন্দী হিসেবে বার্মা রেলওয়ে নির্মাণে আপনার বাবাকে কাজ করতে হয়েছিল, তাঁর সেই বন্দিজীবনের বেশ কিছু গল্প শুনে শুনে বড় হয়েছেন আপনি। তিনি আসলে কী ধরনের গল্প করতেন? অবশ্যই এই বইটি আপনি উৎসর্গ করেছেন... উৎসর্গপত্রে বাবার নাম না বলে বলেছেন কয়েদি নম্বর—
রিচার্ড: কয়েদি স্যান বিয়াকু স্যান জু গো; জাপানি ভাষার এই কথার মানে হলো ‘কয়েদি নম্বর ৩৩৫’। জাপানের বন্দিশালায় আমার বাবার কয়েদি নম্বর ছিল এটি। আমরা যখন একেবারেই ছোট, বাবা তখন এ কথার অর্থ শিখিয়েছিলেন আমাদের। বাবা একজন যুদ্ধবন্দী ছিলেন—এই বিষয় মাথায় নিয়েই আমরা বড় হয়েছি। বাবা নিজে আমাদের মনে তাঁর বন্দিত্বের ঘটনা ঢুকিয়ে দিয়েছিলেন তা নয়; তবে বিষয়টি আমরা নামেমাত্র হজম করতে পেরেছিলাম। বাবার সেই গল্পের সুলুকসন্ধান করতেই আমার সিডনিতে আসা। সেই অনুসন্ধানী প্রতিবেদনটিই হলো আমার এই উপন্যাস।
রিচার্ড ফ্ল্যানাগান
জন্ম ১৯৬১ সালে, তাসমানিয়ায়। এখন বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। পেশায় তিনি পুরোদস্তুর লেখক। খানিক আগ্রহ আছে সাংবাদিকতায়ও। পরিবেশ, রাজনীতি ও সাহিত্য বিষয়ে নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে। এ লেখকের উপন্যাস লেখার শুরু ১৯৯৪ সালে। তাঁর পঞ্চম উপন্যাস ওয়ান্টিং একাধারে কুইন্সল্যান্ড প্রিমিয়ারস ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান প্রিমিয়ারস পুরস্কার লাভ করে ২০০৮ সালে। এ বছর ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ তাঁর ষষ্ঠ উপন্যাস। রিচার্ড ফ্ল্যানাগানকে অনেকেই বিবেচনা করেন তাঁর প্রজন্মের শ্রেষ্ঠ অস্ট্রেলীয় ঔপন্যাসিক হিসেবে।