যুক্তরাষ্ট্রের প্রথম ‘এয়ারমেইল’ চিঠি লেখেন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তিনি ওই চিঠিটা দেন ফরাসি জাঁ পিয়েরে ব্লাসচার্ডকে, তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম বেলুনভ্রমণকারী। জর্জ ওয়াশিংটনের দেওয়া চিঠিটি তিনি তাঁর প্রথম বেলুনভ্রমণের সময়ই সঙ্গে করে নিয়ে যান। জর্জ ওয়াশিংটনের উপস্থিতিতে পিয়েরে যুক্তরাষ্ট্রের তখনকার রাজধানী ফিলাডেলফিয়ার এক কারাগারের উঠান থেকে আকাশে ওঠেন। তিনি ৪৬ মাইল দূরে নিউজার্সির গ্লসস্টার কাউন্টিতে অবতরণ করেন। যুক্তরাষ্ট্রের নভোচারী মাইকেল কলিন্স মহাকাশে হাঁটার সময় হাসেলব্লাড ক্যামেরাটি অসতর্কতায় ফেলে দেন। ওই ক্যামেরা অনন্তকাল ধরে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে যাচ্ছে এবং করে যাবে। একটি বুমেরাং কোনো কিছুকে আঘাত করার পর নিক্ষেপকারীর কাছে ফিরে আসতে পারে না। আকাশ থেকে প্রথম আলোকচিত্র তোলা হয় একটি বেলুন থেকে, এবং সেটা তোলা হয় যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়। মহাকাশে পরিভ্রমণের সময়, পৃথিবীর চারদিকে প্রদক্ষিণকালে নভোচারীরা ‘প্রতিদিন’ ১৬ বার সূর্যোদয় এবং ১৬ বার সূর্যাস্ত দেখতে পায়। যুক্তরাষ্ট্রের প্রথম ২৩ জন নভোচারী, যাঁরা মহাকাশ অভিযানে যান, তাঁদের ভেতর ২১ জন ছিলেন হয় তাঁদের পিতামাতার একমাত্র সন্তান কিংবা প্রথম পুত্রসন্তান। বিমান চালনার ইতিহাসে প্রথম ৭৫ বছরে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষটি ঘটে দুটো জাম্বো জেট বিমানের মধ্যে। ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে বিমানবন্দরে একটা বিমান উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাত্রা শুরু করলে, হোল্ডিং এলাকা থেকে পরবর্তী ফ্লাইটের জন্য ঘুরতে থাকা আরেকটি বিমান এসে আছড়ে পড়ে উড্ডয়নরত বিমানটির ওপর। এতে ৫৭৯ জন যাত্রী মারা যান। ঘটনাটি ঘটেছিল ১৯৭৭ সালের ২৭ মার্চ। ১৯৬৯ সালে চাঁদের বুকে প্রথম হাঁটার পর প্যান আমেরিকান এয়ারলাইনস চাঁদে যাওয়ার জন্য বাণিজ্যিক ফ্লাইটের রিজার্ভেশন গ্রহণ করতে শুরু করে, দিন ও সময় নির্দিষ্ট না থাকা সত্ত্বেও ৮০ হাজারের বেশি অনুরোধ আসে। ‘ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, লিফট-অফ’—এই বিখ্যাত রকেট উড্ডয়নের কাউন্টডাউন—আবিষ্কার করেন বিখ্যাত জার্মান চলচ্চিত্র পরিচালক ফ্রিৎজ লাং ১৯২৮ সালে। তিনিউইম্যান ইন দ্য মুন চলচ্চিত্রে এই কাউন্টডাউনটি ব্যবহার করেন। অস্ট্রিয়ান পদার্থবিদ আর্নস্ট মাক শব্দের গতিবেগ আবিষ্কার করেন। তাঁর নামানুসারে শব্দের এ গতিবেগের নাম হয় মাক-১। শব্দের বেগ বিভিন্ন উচ্চতায় ভিন্ন ভিন্ন। উদহারণস্বরূপ সমুদ্রপৃষ্ঠে প্রতি ঘণ্টায় ৭৬০ মাইল। ৩৬ হাজার ফুট ওপরে ঘণ্টায় তা প্রায় ৬৬০ মাইলেও পৌঁছায়। একটা স্টেজকোচ ইংল্যান্ডের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে যে সময় নেয়, মনুষ্যবাহী একটি রকেট চাঁদে পৌঁছাতে তার চেয়েও কম সময় নেয়। ভাষান্তর: হাসান খুরশীদ