আকাশে মেঘের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো যখন কমে আসে, আকাশ আর মাটি তখন একাকার হয়ে যায়। নদীপাড়ে দূরদিগন্তের হাতছানিকে মনে হয় মেঘের মায়া। এই মেঘের কত বিচিত্র রূপ! তার রূপে মুগ্ধ শিল্পী আবদুল মান্নান নিজ ক্যানভাসে সাজিয়েছেন কত-না মেঘের ভেলা। ধানমন্ডির গ্যালারি চিত্রকের ঘরগুলোর চারদেয়ালে মেঘের পসরা।‘মেঘের পরে মেঘ’ শিরোনামে শিল্পী মান্নানের এ প্রদর্শনী। চিত্রকর্মের সংখ্যা ৫৭টি। ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে আঁকা কাজই এখানে বেশি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অবয়ব ২০০১ সালে আঁকা। কাগজে ও ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে আঁকা কাজ বেশি। কয়েকটি জলরঙের ছবিও আছে। এটি তাঁর দ্বিতীয় একক প্রদর্শনী। প্রথম প্রদর্শনী হয়েছিল ১৯৯৩ সালে রবীন্দ্র প্রতিকৃতি নিয়ে। সেটা ছিল সাড়া জাগানো প্রদর্শনী।আমাদের শিল্পীরা নিসর্গকেন্দ্রিক ছবি বেশি আঁকেন। আমাদের প্রকৃতির রূপের ঐশ্বর্য এমন, তাকে উপেক্ষা করা যায় না। সে অনিবার্যভাবে চলে আসে শিল্পীর চিত্রপটে রঙের দ্যোতনায়, রেখার স্ফূর্তিতে। তবে বেশিসংখ্যক শিল্পী প্রকৃতিকে পাঠ করে তাকে বাঁধেন প্রকাশবাদী বিমূর্ততায়। প্রকৃতির রূপ-রস-গন্ধ তাতে থাকে বটে, তবে বস্তুরূপ থাকে না। শিল্পী আবদুল মান্নান প্রকৃতির প্রেমে আকুল হয়ে তার রূপ-রস প্রায় বাস্তবানুগভাবে তুলে ধরেছেন দর্শকদের জন্য।এই নদীমেখলা প্রকৃতি আর আকাশে মেঘের ঘনঘটার রূপপ্রাচুর্য সেই দূর শৈশবেই শিল্পীর মনে ঢুকে পড়েছে। তাঁর জন্মই তো নদীঘেরা বরিশালের গৌরনদীতে। আশৈশব তিনি দেখেছেন নদী ও নিসর্গের বদলে যাওয়া। বর্ষার নদী বন্ধনহীন রুদ্র, শীতের নদী যেন শান্ত স্নিগ্ধ আঁকাবাঁকা এক শাড়ির আঁচল। ঋতুবদলের সঙ্গে বদলে যায় আকাশ, বদলে যায় মেঘের অবয়ব। নিসর্গের এই বদলে যাওয়া রূপের মুগ্ধ পাঠক মান্নান চিত্রপটে রঙের মায়ায় নিজের হূদয় নিংড়ে করেছেন নিসর্গবন্ধনা, আর মেঘের সঙ্গে মিতালি। তাঁর আঁকাশ যেন উবু হয়ে নদী ও দিগন্তকে ছোট করে আনে।ভূদৃশ্য আঁকার এই ধরন তো আজকের নয়। তবু এর পুনরাবৃত্তি বারবার হলেও আমাদের ভালো লাগে। নগরজীবনের বাঁধাধরা ছকের ভেতর অকস্মাৎ যদি আমাদের শৈশবের নদী ও মেঘ হুড়মুড় করে চলে আসে, এমনকি শিল্পীর তুলিতেও যদি সে রূপের দেখা পেয়ে যাই, তা হূদয়কে উদ্বেলিত, আকুল করে। শিল্পী মান্নানের প্রদর্শনীর কাজগুলো দর্শকহূদয়ে সেই ভালোবাসার স্মৃতিতাড়না যুগপৎ উসকে দেয় ও নিবৃত্তি ঘটায়।ব্রিটিশ ভূদৃশ্যশিল্পী টার্নারের আঁকা অসাধারণ ভূচিত্র আমাদের চোখে লেগে আছে। মেঘের নানা দোলাচল তাঁর চিত্রকর্মে। সেই অভিজ্ঞতা মান্নান গ্রহণ করেছেন ঠিকই, তবে আমাদের বাংলার আকাশের মেঘ আরও ভারী ও জলবতী। তাঁর চিত্রপটেও এই ইমেজ এসেছে। ভারী বাতাসের দিগ্বিদিক উড়ালের অনুভব আমরা পেয়ে যাই কোনো কোনো চিত্রকর্মে। সিডরের আগ্রাসী রূপও তুলে ধরেছেন সংক্ষুব্ধ মেঘ আর নদীর ঢেউয়ের আক্রোশে। তবে নদী ও মেঘের আপাতপ্রশান্ত রূপটিই যেন শিল্পীকে বেশি টানে।দিঘল নীল আকাশের তলে সাদা মেঘাবৃত প্রায়-বিলীয়মান দিগন্তে কয়েকটি নৌকার আভাস, সাদা কাশফুলের বনে বাতাসের বেগ যেন শরৎ নিয়ে রবীন্দ্রনাথের গানকেই মনে করিয়ে দেয়। শিল্পী মান্নানের এ প্রদর্শনী চলবে ২ আগস্ট পর্যন্ত।