আগমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজা ঠোঁটের মতোই ঘাস—

বৃষ্টি-ঝাপ্টা না শীত-কুয়াশা—কিছুই জানি না,

স্থির-শাদা-বিদ্যুতের মতো মাইল মাইল কাশফুল,

গ্রামীণফোনের লোগোর মতো হয়ে উঠেছে

ভোর-রাত থেকে ঝরে পড়তে থাকা শিউলিগুলো—

ভাদ্রের প্রচণ্ড-ঝানু অ্যাসিড-রোদের গরম

                        ঝল্কানির সঙ্গে

পাল্লা দিচ্ছে আমাদের ঝম্ঝমানো বৃষ্টি!

স্লিম-শরীর মেয়েগুলোর মতো হাল্কা মেঘগুলোও

ওদের ওড়াউড়ির ধরন কেমন পাল্টে ফেলেছে—

খুন্সুটির বদলে চলছে সিরিয়াস চাপান-উতোর

সিরিয়া-মিসরের আকাশের মতো ছেয়ে আছে

বাজারজুড়ে শীতের অকাল সবিজমালা—

তার মানে শরৎ-সাহেব এলেন তাঁর ঐসব

হাল্কা চালের গাট্টি-প্যাট্রা নিয়ে—

হৈ হৈ! তিনি এসেছেন—এক্কেবারে সেই পুরোনো চক্করে—

ওপারের বাংলা সিরিয়ালগুলোর মতোই—দারুণ! দারুণ!!