আমার জীবনের সবটা জুড়েই জড়িয়ে আছে গান। আনন্দ-বেদনা, হাসি-কান্না সব মুহূর্তে আমি গানেই আশ্রয় খুঁজে পাই। তবে আমার একেক সময় একেক গান ভালো লাগে। এটা নির্ভর করে পরিস্থিতির ওপর। যেমন বিশেষ বিশেষ ঋতুতে সেই ঋতুকে নিয়ে গান। আবার আখড়ায় গেলে লালন সাঁইয়ের গানের জন্য মন টানে। একবার আখড়ায় গিয়ে এক বাউলের কণ্ঠে শুনেছিলাম ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’। শুনে মনটা ভীষণ অন্য রকম হয়ে গিয়েছিল। আমার মর্মে মর্মে স্পর্শ করেছিল গানটা। আমার বাড়ি যেতে হলে মেঘনা নদীর ওপর দিয়ে যেতে হয়। বর্ষাকালে মেঘনা নদীর চেহারা পাল্টে যায়। চারদিকে থই থই পানি। একবার বর্ষাকালে মেঘনা নদীতে নৌকায় চড়ে বাড়ি যাচ্ছিলাম। নদীতেই এক মাঝির কণ্ঠে শুনেছিলাম, ‘নদীর কূল নাই, কিনার নাই...’। আমরা বসে ছিলাম নৌকার ভেতরে। চারদিকে শুধু পানি আর পানি। আকাশটাও ভীষণ মেঘলা ছিল। মনটা হঠাৎ কেঁদে উঠেছিল। মনে হয়েছিল, জীবনটা কত বিশাল আর ব্যাপক। কত মহাযজ্ঞ অপেক্ষা করছে মানুষের জন্য। পর মুহূর্তেই মনে হলো, এই বিশাল সম্ভাবনাময় জীবনটা মাঝে মাঝে কত অসহায়। গানটা শুনেই জীবনের এই গভীর মানেটা উপলব্ধিতে এল। আর রবীন্দ্রনাথের গান তো আমার পুরো সত্তাজুড়ে। তবে সবচেয়ে ভালো লাগে সুচিত্রা মিত্রের কণ্ঠে, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...’। আর দেশের বাইরে গেলে দেশাত্মবোধক গানগুলোও যেন সঙ্গী হয়। তখন দেশের গানগুলো সব সময় মনের মধ্যে রিনরিনিয়ে বাজতে থাকে।কখন যে কোন গান ভালো লেগে যায়, তা কেউ বলতে পারে না। তেমনি একটা গানের কথা বলতে পারি। সেবার পাকিস্তানের মুলতানে গিয়েছিলাম। সেখানে পাহাড়ের ওপর একটা মাজার ছিল। সেখানে চড়লাম। পাহাড় থেকে পুরো প্রকৃতিটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। পাহাড়ের চারপাশে রুক্ষ পরিবেশ। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশটা কী চমৎকার রক্তিম আভা ছড়িয়ে দিয়েছে চারপাশে! সে সময় মাজারের বাইরে এক অন্ধ গায়ক গাইছিল, ‘দামা দাম মাস কালান্দার...’। খুব মমতা দিয়ে গাইছিল গানটি। ভাষাটা ভিন্ন হয়েও যেন গানটা আমায় স্পর্শ করল। সেই থেকে গানটা আমার ভালো লাগা গানের তালিকায় যুক্ত হলো। কী চমৎকার সব শব্দের সমন্বয়ে গানটি তৈরি হয়েছে! শিল্পীর কি অদ্ভুত সৃষ্টি! আমার মনে হয় একটা গান তখনই ভালো গান হয়ে ওঠে, যখন গানটি শ্রোতাকে মুগ্ধ করে। এই গানটিও তেমনি একটি গান। ভালো গানের সব বৈশিষ্ট্য এই গানে আছে। বাংলাদেশে শিল্পী রুনা লায়লা গানটি দারুণভাবে গেয়েছেন। ওঁর গায়কি আমার বেশ ভালো লাগে। তাই প্রথম শুনে গানটি যেমন ভালো লেগেছিল, আজও তেমনি মুগ্ধ হয়ে আছি গানটিতে।অনুলিখন: সুচিত্রা সরকার