আছে দুঃখ আছে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে একাকিত্বের সময় আমার সঙ্গী হয় গান। সে সময় ঘরের বাতি নিভিয়ে গান শুনি। ভীষণ ভালো লাগে। আর কাজ করতে করতে গান শোনা তো আমার চিরকালীন অভ্যাস। সেই দিক থেকে এটা ঠিক যে, সব সময়ই গান আমায় বিভোর করে রাখে।আর ধরনের দিক থেকে বিভিন্ন গান আমার ভালো লাগে। প্রথমেই বলতে হয় রবীন্দ্রসংগীতের কথা। রবীন্দ্রনাথের সব গানই ভালো লাগে। এই তালিকায় আরও রয়েছে পঞ্চকবির গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, বিভিন্ন্ন ধ্রুপদি সংগীত, সুফি, কাওয়ালি, লোক ও পাশ্চাত্যের বিভিন্ন ধরনের গান। বিদেশি বিভিন্ন অঞ্চলের লোকগানও বেশ ভালো লাগে। আর আধুনিক গানের মধ্যে পঞ্চাশ-ষাটের দশকের গানগুলো ভালো লাগে। আমার গানের পৃথিবী সর্বজনীন। আসলে সুর যেখানে টেনে নিয়ে যায়, সেটাই শুনি। আর যেটার কথা বুঝি, সেটা তো পুরোপুরিই ভালো লাগে। সেদিক থেকে রবীন্দ্রনাথের গান এক নম্বরে। আর তার মধ্যে যে গানটি খুব প্রিয় সেটি হচ্ছে, ‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে/ তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে’। গানটি সুচিত্রা মিত্রের কণ্ঠে ভীষণ ভালো লাগে।গানটিতে মানুষের পুরো জীবনদর্শনের কথা আছে। জীবনে দুঃখ আছে, ব্যথা আছে, কষ্ট আছে। জীবনের দৈর্ঘ্য কমও হতে পারে। আবার বেশিও হতে পারে। এই এক জীবনে আছে কত হরেক রকমের অভিজ্ঞতা। আর চিরকালীন সত্য হচ্ছে, জীবনটা আনন্দের। সবকিছু অতিক্রম করেই যাপিত জীবন সুখের। আগেই বলেছি, লোকগান আমার ভীষণ ভালো লাগে। ভীষণ টানে। আর তার মধ্যে লালনের গান খুব প্রিয়। ‘খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়’—এখানেও লালন কত বড় দর্শনের কথা অনায়াসে বলেছেন! এটা তো জীবনের পরম উপলব্ধি। লোকগানের মধ্যে দেহতত্ত্বের গানও ভালো লাগে। আসলে লোকগান শুনলে মনের কথা আর সুরে কী যেন এক সমন্বয় আছে, যা মনকে নাড়া দিয়ে যায়। এ অঞ্চলের কীর্তনও বেশ ভালো লাগে। ছায়া দেবীর কীর্তন আমার বেশ পছন্দ। গানের কথা বলতে কত ধরনের গানের কথাই মনে আসে। হাসন রাজার ‘মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে’ এই গানটিতেও আছে জীবনের দর্শনের কথা। দেহের মধ্যে আত্মা বন্দী হয়ে আছে। কিন্তু সে দূর থেকে দূরে চলে যেতে চায়।আসলে পৃথিবীর যে প্রান্তের গানই হোক, সেগুলো সে অঞ্চলের পরিচয়ই বহন করে। আমাদের দেশ নদীমাতৃক। তাই আমাদের গানের কথায় নদী ও নৌকা আছে। এ জন্যই পারাপার, ভবতরী—এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়। প্রায়ই আমি গানের সিডি কিনি। কিছুদিন আগে ঢাকা থেকে সুফিয়ানা নামে একটা গানের সিডি কিনেছি। সেখানে ভারত ও পাকিস্তানের বিখ্যাত শিল্পীদের গাওয়া অনেকগুলো সুফি গান রয়েছে। এগুলো শুনছি। তন্ময় হয়েই শুনছি।প্রিয় শিল্পীদের মধ্যে বাংলাদেশের মিতা হক, লাইসা আহমেদ লিসা, অদিতি মহসিন, বুলবুল ইসলামের গান ভালো লাগে। ভারতের শিল্পীদের মধ্যে সুচিত্রা মিত্র, কনিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন আর সুবিনয় রায়ের গান শুনি। এ ছাড়া উপমহাদেশের মধ্যে করিম খাঁ, আমির খাঁ আমার প্রিয়।যন্ত্রসংগীতে আমার প্রিয় রবিশঙ্কর। সানাইয়ে বিসমিল্লাহ খাঁ, বাঁশিতে হরিপ্রসাদ চৌরাসিয়ার বাজনা ভালো লাগে। অনুলিখন: সুচিত্রা সরকার