আজ রাজকুমারের বিয়ে
ঔপনিবেশিক মানসিকতার দোহাই দিয়ে ব্রিটিশ যুবরাজের বিয়েতে আমাদের মুখ ভার করে থাকার কোনো মানেই নেই। আকস্মিক কোনো কারণে যদি ব্রিটিশ রাজতন্ত্র সহসা বিলুপ্ত না হয়, এই রাজপুত্র-রানি এলিজাবেথের দৌহিত্র চার্লস ও ডায়নাতনয় উইলিয়াম যদি অকাল প্রয়াত না হন, তাহলে রাজমুকুট যে তিনিই পরবেন, তাতে সন্দেহ নেই। আমাদের হাইকমিশনার বাকিংহাম প্যালেসে গিয়ে তাঁর কাছেই পেশ করবেন পরিচয়পত্র। রাজার গার্ডেন পার্টিতে নিমন্ত্রণ পাওয়ার গল্প জনে জনে বলে বেড়াবেন, কেউ কেউ অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার খেতাব গ্রহণ করবেন। তাই আজ ২৯ এপ্রিল, রাজপুত্রের বিয়ের দিনে নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে তাঁদের জন্য নিরবচ্ছিন্ন সুখ ও শান্তি কামনা আমরা করতে পারি।ব্রিটিশ সাম্রাজ্যের অবিসংবাদিত মহারানি ১৯০১ সালে প্রয়াত হলে, শোকসাগরে আমাদের হয়ে রবীন্দ্রনাথও অশ্রু বিসর্জন করেছেন। ১৮৯৩ সালে যুবরাজ জর্জের বিয়েতে আনন্দিত ভারতবর্ষ জিলাপি ও বাতাসা খেয়ে উৎসবে মেতে উঠেছে। রবীন্দ্রনাথ সাম্রাজ্যেশ্বরীর মৃত্যুতে লিখেছেন:‘ভারতসম্রাজ্ঞী মহারাণী ভিক্টোরিয়া—যিনি সুদীর্ঘকাল তাঁহার বিপুল সাম্রাজ্যের জননীপদে অধিষ্ঠিতা ছিলেন। তিনি তাঁহার রাজশক্তিকে মাতৃস্নেহের দ্বারা সুধাসিক্ত করিয়া তাঁহার অগণ্য প্রজাবৃন্দের মস্তকের উপর প্রসারিত করিয়া রাখিয়া ছিলেন। ক্ষমা, শান্তি ও কল্যাণ যাঁহার অকলঙ্ক রাজদণ্ডকে পরিবেষ্টন করিয়াছিল, সেই ভারতেশ্বরী মহারাণী যে পরম পুরুষের বিয়োগে এই পার্থিব রাজভার গ্রহণ করিয়াছিলেন এবং যাঁহার প্রাসাদে সুচিরকাল জীবিত থাকিয়া আনন্দিতা রাজশ্রীকে দেশে কালে এবং প্রকৃতিবর্গের হূদয়ের মধ্যে সুদৃঢ়তররূপে প্রতিষ্ঠিত করিয়াছিলেন, অদ্য সমস্ত রাজসম্পদ পরিহারপূর্বক ললাটের মাণিক্যমণ্ডিত মুকুট অবতারণ করিয়া একাকিনী সেই রাজরাজের মহাসভায় গমন করিয়াছেন। পরমপিতা তাঁহার মঙ্গলবিধান করুন।’১৮৯৩ সালের ৬ জুলাই প্রিন্স জর্জ এবং প্রিন্সেস মেরীর শুভবিবাহ মহারানি ভিক্টোরিয়ার উপস্থিতিতে মহাসমারোহে অনুষ্ঠিত হয়; সাম্রাজ্যের সম্ভ্রান্ত ব্যক্তিরা উপযুক্ত বেশভূষায় সজ্জিত হয়ে অনুষ্ঠানের মহিমা বর্ধন করেন। সেন্ট জেমস গির্জায় ক্যান্টারবারির আর্চবিশপ বিয়ে পড়িয়ে যখন বিশ্বের যোগ্যতম পুরুষ ও নারীকে স্বামী-স্ত্রী ঘোষণা করলেন ১০১টি তোপধ্বনি করে, সর্বসাধারণকে তখন সুসংবাদটি জানিয়ে দেওয়া হলো।শতবর্ষ আগে ঢাকার সাহিত্যিক দেবেন্দ্রনাথ ভট্টাচার্য্য লিখেছেন:‘...আমাদের রাজা জর্জ্জের গুণকাহিনী ইতিপূর্ব্বে বর্ণিত হইয়াছে—রাণী মেরীও অশেষগুণসম্পন্না রমণীকুল শিরোমণি; সুতরাং রাণী মেরী যে আমাদের রাজার প্রকৃত “সহধর্ম্মিণী” সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ নাই।’ (দেবেন্দ্রনাথ ভট্টাচার্য্যের সম্রাট পঞ্চম জর্জ্জ, মূল্য ছয় আনা, ভট্টাচার্য্য অ্যান্ড সন, ময়মনসিংহ, কলকাতা থেকে প্রকাশিত।) এখন ঠিকঠাক বিয়েটা হয়ে গেলে এবং প্রিন্স উইলিয়াম কিং উইলিয়াম হলে ক্যাথরিন এলিজাবেথ মিডলটন (কেটের পুরো নাম) হবেন রানি ষষ্ঠ ক্যাথরিন।রাজপরিবারের সদস্যরা পড়াশোনা যে খুব একটা করেন এমন নয়; তবে পড়তে যান অক্সফোর্ড, কিংস ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। দেড় শ বছরের ঐতিহ্য এক পাশে ঠেলে যুবরাজ উইলিয়াম চলে গেলেন বহুদূরে, স্কটল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সেন্ট অ্যান্ড্রুজে। প্রথম সেমিস্টারে ডেটিং চলে কার্লে ম্যাসি-বার্চের সঙ্গে, তারপর আরাবেল্লা মাসগ্রেইভ। এরপর কেট মিডলটন, যে উইলিয়ামকে মূলত পড়াশোনায় সাহায্য করতে এগিয়ে এসেছিলেন—ব্যাটে-বলে তাদের সংযোগটা বেশ জুতসই হয়ে যায়। আর ঘটনাটি ঘটল এই সেন্ট অ্যান্ড্রুজেই, উইলিয়ামের বয়স তখন ১৯, কেটেরও তা-ই। দুজনেই পরিণত। বিয়ের পর বিত্তবৈভব ও রাজকীয় যান্ত্রিকতায় ডুবে যাবেন কেট। লুপ্ত হবে তাঁর স্বাধীনতা, যেমন হয়েছিল তাঁর প্রয়াত শাশুড়ি প্রিন্সেস ডায়ানার। এখন প্রশ্ন কতদিন দিন তিনি বহন করতে পারবেন তাঁর কুইন ক্যাথরিন দ্য সিক্সথ পরিচয়? কলঙ্ক যখন অঙ্গভূষণডায়ানার জীবদ্দশাতেই চার্লস ও ক্যামিলা পার্কার বোলস পর্ব যখন জমজমাট, খ্যাতিমান লেখক স্পাইক মিলিগান চার্লসকে গাল দিলেন—আত্মমর্যাদাহীন, খুদে বাস্টার্ড।ক্যামিলাকে বিয়ে করলে আবার চার্লসকেও না অষ্টম এডওয়ার্ডের মতো রাজসিংহাসন ছেড়ে দিতে হয়—সৃষ্টি হয় অ্যাবডিকেশন ক্রাইসিস—এরকম আলোচনা জমে উঠেছিল একসময়, যাহোক শেষপর্যন্ত সেরকম কিছু ঘটেনি। তবে রানি সেই যে ১৯৫২ সালে রাজমুকুট মাথায় পরেছেন, আর কত দিন এ ভার বইবেন, না চার্লসকে রাজত্ব দেবেন—এসব প্রশ্ন যখন মুখে মুখে, তখন জনমতের সমর্থন চার্লসের দিক থেকে সরে যেতে যায়। রাজ-পর্যবেক্ষকদের কেউ কেউ পরামর্শ দেন, রানিই থাকুক মুকুট নিয়ে, সময় হলে বড় নাতিকে দেবেন। ৬০ বছর রাজত্বের পরও রানিকে এখনো একই রকম দৃঢ় মনে হচ্ছে। তাঁর পুত্র-কন্যারা যেভাবে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন, শেষে না মনার্কি নামের প্রতিষ্ঠানই বিলুপ্ত হয়ে যায়! অনেকের মনে সে আশঙ্কাও আছে।প্রিন্স চার্লস যখন ক্যামিলার সঙ্গে গোপন সম্পর্ক করেছেন, অন্যদিকে তখন জেমস গিলবে, জেমস হিউইট, দোদি আল ফায়েদ, চিকিৎসক হাসনাত—প্রেমিকের সংখ্যা ডায়ানারও কম ছিল না। বিবিসি টেলিভিশনে মার্টিন বশির যখন দাম্পত্য জীবনে যৌন সততা নিয়ে প্রশ্ন করলেন, ডায়ানা স্বীকার করলেন, সম্পূর্ণ সৎ তিনি ছিলেন না। একইরকম কন্যা প্রিন্সেস অ্যানের স্বামী মার্ক ফিলিপের অবৈধ সাক্ষ্য জোগাড় করতে হয়নি। হিদার টনকিন নামের এক মিসট্রেসের গর্ভে তাঁর একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করেছে। হালের বড় কেলেঙ্কারি রানির দ্বিতীয় সন্তান যুবরাজ অ্যান্ড্রুর স্ত্রী সারা ফার্গুসন ৪০ হাজার ডলার ঘুষ নিয়েছেন এবং আরও ৭০ হাজার ডলারের জন্য দর-কষাকষি করছেন। পুরো দৃশ্যই ক্যামেরাবন্দী হয় এবং দ্য ডেইলি মিরর পত্রিকায় প্রকাশিত হয়।এখানেই শেষ নয়। ভাগ্যিস, হ্যারি চার্লস-ডায়ানার ঘোষিত প্রথম সন্তান নন। হ্যারির চেহারায় মায়ের ছাপ নেই, বাবারও নয়। ছাপ পড়েছে মেজর জেমস হিউইটের। ব্রিটিশ ট্যাবলয়েডগুলো তো বটেই, এমনকি সম্ভ্রান্ত কোনো কোনো পত্রিকাও বলেছে, ডায়ানার প্রশিক্ষক জেমস হিউইটেরই সন্তান হ্যারি।তারও আগে ডায়ানার একটি টেলি-কথোপকথন ফাঁস করে দেয় রুপার্ট মারডকের মালিকানাধীন দ্য সান। ডায়ানা জেমস গিলবেকে বলছেন, ‘এখন আমার পেটে তোমার সন্তান।’তখন পেটে সন্তান না-ও থাকতে পারে; হয়তো একটু মৃদু হুমকি দেওয়ার জন্যই এ কথা বলেছেন। কিন্তু তাতে তো আর দুজনের অন্তরঙ্গ সম্পর্কটি ঢাকা পড়ে না।১৯৩৬ সালের ১০ ডিসেম্বর এক সাধারণ বিবাহিত রমণীর জন্য অ্যাবডিকেশন স্বাক্ষর করে রাজা অষ্টম এডওয়ার্ড প্রেমকে জিতিয়ে দিলেন। তাঁদেরই পূর্বসূরি অষ্টম হেনরি তাঁর দুই স্ত্রীর মাথা দেহবিচ্ছিন্ন করে ষোড়শ শতকের প্রথমার্ধে। রাজাদের সঙ্গে সম্পর্ক যে কোথায় গড়ায় কে জানে! বড়র পিরিতি বালির বাঁধ। শাশুড়ি-বউমা মধুর ডিনারডায়ানা দ্য প্রিন্সেস অব ওয়েলসই ছিলেন প্রকৃত শাশুড়ি। দুর্ঘটনা যখন তাঁকে কেড়ে নেয়, উইলিয়াম নেহাত স্কুলবালক। সুতরাং প্রকৃত শাশুড়ির সঙ্গে বউমা কেট মিডলটনের দেখা হওয়ার আর কোনো সুযোগ রইল না। অগত্যা ব্রিগেডিয়ার বোলসের সাবেক স্ত্রী ক্যামিলা পার্কার বোলসকেই শাশুড়ি মেনে নিয়ে তাঁর দাওয়াত কবুল করা ছাড়া উপায় রইর না চঞ্চলা হবু বধূ, হবু রানি কেটের। গত ৯ ফেব্রুয়ারি মধ্যাহ্নে এই ভোজে উপস্থিত ছিলেন আরও দুজন—একজন কেটের ছোট বোন পিপ্পা, অন্যজন ক্যামিলার কন্যা লরা লোপেজ। ডায়ানা বেঁচে থাকলে এখনো তাঁকে পুত্রবধূর চেয়ে বেশি আকর্ষণীয় মনে হতো—এতে সন্দেহ নেই কোনো ব্রিটিশ নাগরিকের। তবে বর্তমান শাশুড়ির তুলনায় যে নববধূ কেট অনেক সুন্দরী, এতেও কারও সন্দেহ নেই। কী আলাপ হয়ে থাকতে পারে শাশুড়ি বউমার মধ্যে? জানা যায়নি, তবে শাশুড়ি কী পরামর্শ দিতে পারেন, তা অনুমান করার চেষ্টা করেছে কিছু ব্রিটিশ মিডিয়া। এর মধ্যে দুটি বেশ চমকপ্রদ:পরামর্শ-১: টেলিফোনে নোংরা কথা বলবে না। (১৯৯২ সালে প্রিন্স চার্লস ও ক্যামিলার টেলিফোন আলাপের দু-একটি ডার্টি টক রাজকলঙ্ক হিসেবে রয়ে যায়, রানি এলিজাবেথও মহাবিব্রত হন।) পরামর্শ-২: রসবোধ কখনো হারাবে না। (ক্যামিলা রসিক ছিলেন বলেই না সেনা কর্মকর্তা স্বামীর চোখের সামনে যুবরাজ চার্লসের নাকে দড়ি বাঁধতে পেরেছেন)। যে পরামর্শটি তিনি দিতে গিয়েও দেননি তা হচ্ছে, আমার স্বামী চার্লসকে ডিঙিয়ে তোমার স্বামী উইলিয়ামকে রাজা বানানোর কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে না। তাহলে কিন্তু চোখে সরষে ফুল দেখবে।শ্যালিকা আছে শ্যালিকা নেইউইলিয়ামের শ্যালিকার নাম পিপ্পা ফিলিপ্পা শার্লোট মিডলটন। বয়স ২৭ বছর। দুজন দেখতে এক রকম। কথা বলার ঢং এক রকম, হাসিও এক রকম। ২০০৮ সালে ট্যাটলার ম্যাগাজিন পিপ্পাকে শীর্ষ স্মার্ট মেয়ে হিসেবে নির্বাচিত করেছে। গ্ল্যামার এবং রোমান্স বেশ উপভোগ করে চলেছেন পিপ্পা।এই পিপ্পা হবেন বোনের বিয়েতে ‘ব্রাইডস মেড’-কনের সহচরী। সাধারণত আরও কম বয়সী মেয়েদের এ জন্য নির্বাচিত করা হয়ে থাকে। কিন্তু কেট চাইছেন পিপ্পাই থাকুক। সতর্ক পর্যবেক্ষকেরা কনেকে সতর্ক করে দিতে চাইছেন—খাল কেটে কুমির আনছে না তো? বিয়ের বাজারে এখন খুবই নামডাক তাঁর। গত গ্রীষ্মে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন। রাজকীয় সম্পর্ক তাঁরও কম নেই। প্রয়াত প্রিন্সেস ডায়ানার আত্মীয় আলেক্সান্ডার স্পেনসার চার্চিলের সঙ্গে একটি সংক্ষিপ্ত প্রেমপর্বও তাঁর ছিল। পাদটীকাআগামী দিনের রানি ক্যাথরিন এলিজাবেথ মিডলটনের জন্য হস্তান্তর করা বিয়ের আংটিটা একটু ঢিলে হচ্ছিল। আঙুল পিছলে পড়ে হারিয়ে যাওয়ার আশঙ্কা অমূলক নয়। সুতরাং, ঠিক কাজটি করেছেন ক্যাথরিন। আংটি আঙুলেই অটুট থাকুক। দাম্পত্য জীবন সুখময় হোক। কল্যাণ হোক পৃথিবীর।