
গত ২৯ আগস্ট শুক্রবার প্রথম আলোর সাহিত্য পাতায় কবি সোহেল হাসান গালিবের প্রশ্ন-জাগানিয়া একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধের নাম, ‘কেন পড়ব কাজীর কবিতা’। সুলিখিত এই নিবন্ধ বিষয়-গুণেই, আমার তো বটেই, নিশ্চয় আরও অনেকের নজরে এসেছে।
এই নিবন্ধে লেখক নতুন কিছু কি হাজির করেছেন? বিনয়ের সঙ্গে বলি, না, সেই অর্থে কোনো নতুন তত্ত্ব বা তথ্য এই নিবন্ধে নেই, তবে যা আছে তা নতুনের বাড়া। পুরাতন পড়া শিক্ষার্থীর মন থেকে সম্পূর্ণ মুছে গেলে যে বিপদ তৈরি হয়, সেই বিপদ-ঘণ্টা শোনাবার কোশেশ করেছেন গালিব। আমি তাঁর লেখা সবিস্তার করব না, শুধু একটি-দুটি বিষয় মুখস্থের তরে আর-এক দফা উচ্চারণ করব।
কাজীকে নিয়ে লেখক কী প্রশ্ন হাজির করেছেন, যাকে আমি বিপদ-সংকেত হিসেবে দেখতে চাইছি? গালিবের লেখা থেকেই উদ্ধৃতি দেওয়া যাক: ‘এই যে মানবিক কাতরতা নিয়ে পরাজিতের পক্ষে দাঁড়ানো, তার কারণ কি জাতীয় জীবনের ঐতিহাসিক পরাজয়? বারবার বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হওয়া? ঔপনিবেশিক বাস্তবতা? নিগূঢ় হিন্দু-মনস্তত্ত্ব?’
এখানে প্রসঙ্গ আছে চারটি: ১. জাতীয় জীবনের ঐতিহাসিক পরাজয় ২. বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হওয়া ৩. ঔপনিবেশিক বাস্তবতা ৪. নিগূঢ় হিন্দু-মনস্তত্ত্ব।
প্রতিটি প্রসঙ্গই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ঠেসে ধরা। আমি বলব, এসবের সবিস্তার উত্তর না দিয়ে তিনি প্রশ্নগুলো উত্থাপন করেছেন। তা-ই অনেক। তবে, এই লেখাকে আমি বিস্তার না বলে আলাপ বলাই ভালো মনে করি। বিস্তার, ঝালা ইত্যাদি করবেন যাঁরা, তাঁরা আজকের কবি, আজকের পাঠক। আর আজকের কবিরা যদি বিতর্কটিকে পরিশুদ্ধ আকারে সামনের দিকে নিয়ে যান, তবে সত্যিই কাজের কাজ হয়, কাজীর কাছে বাংলাদেশের মানুষের কর্জ কিছুটা অন্তত কমে।
আমি সব কটি প্রশ্নকে তারে না বেঁধে যে প্রশ্নটি আড়ালে রয়ে গেছে, তার কথাই বলব বলে অভিলাষ করেছি। কী সেই আড়াল-প্রশ্ন? যাই গালিবের নিবন্ধের কাছে আবার: ‘নজরুল নিজেও যখন কবিতায় হাসি-খেলা, প্রমোদের মেলা বসিয়েছেন, তখনো একটা বড় সম্বল ছিল ঝংকার—ধ্বনিব্যঞ্জনা তৈরির নিজস্ব এক শব্দগাণ্ডিব।... ধ্বনি ও স্বরাঘাত তাঁর কবিতায় শ্বাস-প্রশ্বাসের মতো জড়িয়ে আছে।’
দেখা যাচ্ছে, কবিতায় ধ্বনির যে বিশেষ ব্যঞ্জনা তৈরির আগুন থাকে, যা দিয়ে কাজী তাঁর কবিতায় বিস্ফোরণ ঘটিয়েছিলেন, সেই ‘শব্দগাণ্ডিব’ গালিব আজকের কবিতায় খুঁজে পাচ্ছেন না। পেলে তো কবিতার দেশ বাংলাদেশের মানুষকে আজকের কবিতা পড়তে দেখা যেত! তাহলে কি কবিতা এখন ধ্বনিহীন হয়ে পড়েছে? অতি-দরিদ্র হয়ে পড়েছে! গরিবেরে কে বুলায়! কিন্তু আমরা তো জানি, শব্দমাত্রই ধ্বনির বাহন। ধ্বনি ছাড়া শব্দ মৃত দেহমাত্র।
এই যে গালিব বললেন, ‘শ্বাস-প্রশ্বাসের মতো জড়িয়ে’, আসলে শ্বাস-প্রশ্বাসের অভিঘাত ছাড়া ধ্বনির ধ্বনিত্বই থাকে না। পীর-ফকির-বাউলেরা যে দমে দমে নাম জপতে বলেন, এর মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ধ্বনির উচ্চারণের ভেতর দিয়ে নিজেকে অচিনের দিকে নিয়ে যাওয়ার অভ্যাস করার তালিমই দেন তাঁরা। শ্বাস-প্রশ্বাস ধ্বনির কাঠামোগত বিষয়। এ ছাড়া আরও শর্ত রয়েছে বটে।
পদ হলো বিশেষ ধ্বনির বাহন। আর পদের চলন হয় তখন, যখন কোনো পদ বা পদসমষ্টি কোনো মানুষ তার জবানে বা উচ্চারণে তুলে নেন ধ্বনি আকারে। আরও মনে রাখা দরকার, অনুচ্চারিত শব্দের ধ্বনিও মানুষের মনে বাজে। বাজতেই হয়। অজ্ঞান জিনিসটা ভাষার ছকে তৈরি, দেহভান্ডের ভেতর তাই কান ছাড়া মন দিয়েও আমরা শুনতে পাই। ভাষার মেটাফর বা মেটোনিমি (রূপান্তর বা নামান্তর) ক্রমাগত এক প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে নানা পদ জোগান দিয়ে থাকে। এটি কবিতার সবচেয়ে বড় লক্ষণ।
আমি শুধু এখানে ছোট্ট করে দার্শনিক জাক লাঁকাকে সাক্ষী রেখে বলব, মানুষ বকবক প্রাণী, তার বাক শুধু মুখে না, মনেও উচ্চারিত হয়। এই মনোচ্চারণ মানুষের অজ্ঞানের বা আনকনসাসের ঠাঁই-ঠিকানার খোঁজ করতে শুরু করলে, সে লেখা অপরের শরীর বা মনকে স্পর্শ করার তাগিদ অনুভব করে। অজ্ঞান বা আনকনসাসের স্বভাবই এমনতর। তাই অপর ছাড়া ভাষা নাই, ভাষা ছাড়া মানুষ নাই। ভাব যিনি, তিনি রাজত্ব করেন ভাষার টোপর মাথায় দিয়ে। যা হোক, ভাষা যখন ভাবকে আকার দেয়, মানুষ তখন আর-জনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। যুক্ততা তৈরির বাসনা বাড়ে গুণিতক নিয়মে। এই বাড়ার শেষ নাই। এই অশেষই আসলে আবার আনকনসাস বা অজ্ঞান বা ইতিহাস (সলিমুল্লাহ খান: ফ্রয়েড পড়ার ভূমিকা –১)। এই ধাঁধাকে হালকা-চালে মায়া বলার অনুমতি পাওয়া যাবে কি?
পুরাণের চিত্রকল্প খানিকটা উল্টে গিয়ে ধ্বনির ঐকতান তৈরি করে সংগীতে। পুরাণ ও সংগীত দুজনের সম্পর্ক নামান্তরের (Metonymy) এবং রূপান্তরের (Metaphor)। কেননা, দুটিরই জন্ম-উৎস প্রাকৃতিক ভাষা। দুটোই ভাষার বিধির অংশ। এ কথা নৃবিজ্ঞানী লেভি-স্ট্রোসের বরাত দিয়ে বলেন তাঁর ভাষ্যকার বরিস ওয়াইজম্যান তাঁর লেভি-স্ট্রোস, অ্যানথ্রোপলজি অ্যান্ড এসথেটিকস নামক বইয়ে। তিনি জানান, সংগীতের প্রাথমিক সা-র-গা-ম বা ভাষার ধ্বনিমূল একই জিনিস। তাই যদি হয়, তবে, কবিতার ধ্বনিমূল যা আরও আরও ধ্বনিমূলের সঙ্গে যুক্ত হয়ে চলনকে গতি দান করে, সেই অভাব আমরা খানিক তো দেখতে পাচ্ছি খালি চোখেই আজকের কবিতায়। এ তো মিথ্যা না।
আসলে কী, মানুষের দেহের সঙ্গে ভাষার যে কাণ্ডকারখানা, তার যে ইতিহাস বা স্বভাব, তাকে অমান্য করে তো কবিতার শহীদ হওয়া সহজ হবে না। আমাদের দেশে, আগেও বলেছি, আবারও বলব, আধুনিকেরা অচিনকে ছিন্ন করে কবিতাকে বানালেন খণ্ডশ্রমের বিষয়। ফলে তা সর্বজন থেকে খসে পড়ল অল্প দিনের মধ্যেই। অনূদিত আধুনিকের ‘খাই-খাই’ চর্চা ভাষার চালিকাশক্তি হয়ে উঠল। সে হয়ে উঠল এমন বাস্তববাদী, যে বাস্তবও তাকে ধোঁকা দিতে শুরু করল। প্রগতিশীলতা হারিয়ে তিনি হয়ে উঠলেন প্রগতিবাদী! বুর্জোয়া সত্তা-চিন্তার মধ্যেই তার দোজখ-বেহেস্তের পণ্যাভিসার চলতে থাকল।
জার্মান দার্শনিক ওয়াল্টার বেনজামিনের বোদলেয়ার সম্পর্কে একটা উক্তিই যথেষ্ট। আমার ভুল বাংলায় তা হলো, আধুনিক মানুষ অভিজ্ঞতার পর্বটি হারিয়ে ফেলেছে। এখানে যদি বেনজামিনের আরেকটা কথা না বলি তবে গুনাহ হবে। এই কথাটিও বোদলেয়ারের কবিতা নিয়ে। কথাটা এই রকম, আধুনিক যুগ ‘শক’ জিনিসটাও হারিয়ে ফেলেছে। শক (Shock) মানে অভিঘাত, ধাক্কা, দাগা, যা-ই বলি না কেন। কিন্তু যাদের কাছ থেকে কাঁচা মাল নিয়ে আমরা আমাদের আধুনিকবাদ বানিয়েছি, তাঁদের কবিতা তখনো দেদীপ্যমান, তা এলিয়টই হন, অন্য পারের নেরুদাই হন। আমাদের ছিল না, তা না, কিন্তু আমরা হারালাম এক বিজয়কে চির-বিজয় ভেবে। আমরা যেন ভুলেই গেলাম, ‘আমাদের যাত্রা হলো শুরু’।
আমার কথা, সোহেল হাসান গালিব কবিতার বা ধ্বনির কাজীকৃত এই মাহাত্ম্যের কথা গাইতে গিয়ে আমাদের আজকের কবিতার অনেকগুলো ফাঁক-চিহ্ন ধরার চেষ্টা করেছেন। আমি একটা ফাঁক পুনর্বর্ণনা করলাম মাত্র।
এ কথা শুনে অনেকেই আমার ওপর ভয়ংকর ধ্বনিতে ঝাঁপিয়ে পড়তে পারেন। আমি শুধু বিনয়ের সঙ্গে এইটুকু বলব, ধ্বনিকে অবশ্যই ধনী হতে হবে। ধ্বনি আবার ধনী হন, বিশেষত কাব্যে, ছন্দ, মিল, অ-মিল ইত্যাদি নানা সহযোগিতায়। কেউরে ছাড়া কেউরে নাহি চলে। এসব আয়োজনই কবির কেরামতি। তবে একটা কথা। কেরামতির সঙ্গে চাই আরেকটা জিনিস। কী সেই জিনিস?
আচ্ছা, কাজী কেন কাজী? কাজী আসলে এসবের সঙ্গে যুক্ত করেছিলেন, মানুষ বা কবি হয়ে ওঠার মৌলিক শর্ত, ন্যায়বোধ। কবিতার তাহলে দুই শর্ত। একটি ন্যায়, আরেকটি নিয়ম। একটি খসে পড়লে, কবিতা কিছু হারিয়ে ফেলে। অর্থাৎ মরমে তখন কবিতা অতটা পশে না, দীর্ঘস্থায়িতা তো দূরের কথা।
খুব সম্প্রতি একটু আলোর আভাস দেখা যাচ্ছে। সেই আলো নিয়ে বাড়ান্তরে কথা বলা যাবে।