বাংলাদেশে আছে প্রায় ৯০০ জাতের বন্য প্রাণী, যা গোটা ইউরোপের চেয়েও অনেক বেশি। এ পর্যন্ত বাংলাদেশ থেকে হারিয়ে গেছে প্রায় ১৩ জাতের বন্য প্রাণী। গবেষকদের ধারণা, আগামী ৩০ বছরের মধ্যে এ দেশ থেকে প্রায় ১০০ জাতের বন্য প্রাণী হারিয়ে যেতে পারে। যেহেতু আমাদের দেশের প্রাকৃতিক বনভূমির পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে, তাই এ রকম ভবিষ্যদ্বাণী খুবই স্বাভাবিক। হারিয়ে যাওয়া বন্য প্রাণীর মধ্যে বড় বড় প্রাণীর সংখ্যাই বেশি। যেমন সরীসৃপের মধ্যে মিঠা পানির কুমির, স্তন্যপায়ীর মধ্যে নীল গাই, পাখিদের মধ্যে বাংলা ময়ূর। তবে বন্য প্রাণীর সব পরিবার থেকে কিছু না কিছু হারালেও এখনো আমরা কাইট্টা-কচ্ছপের কোনো প্রজাতি হারাইনি। যদিও খুবই বিপন্ন অবস্থায় আছে এ দেশের বেশ কয়েকটি কচ্ছপের জাত। তাদেরই একটি হলো বাটাগুড়। গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বিপন্ন কচ্ছপের তালিকায় স্থান পেয়েছে এ কচ্ছপটি। অথচ ভারত ও বাংলাদেশে একসময় অহরহ এ কচ্ছপের দেখা মিলত। অতীতে কচ্ছপশিকারিদের হাতে প্রচুর বাটাগুড় মারা গেছে। বিশেষ করে, ডিম পাড়ার মৌসুম শুরু হলে বাংলাদেশের বৃহৎ এ কচ্ছপটি ধরার ধুম পড়ে যেত যেন।বাটাগুড়ের ওপর এক গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক পরিবেশে যে কয়টি বাটাগুড় টিকে ছিল, তাদের মধ্যে পুরুষ বাটাগুড়ই বেশি। এর কারণ, বেশির ভাগ শিকারির ফাঁদে প্রজনন ঋতুতে মেয়ে বাটাগুড় আটকা পড়ত বেশি। ফলে পুরুষ ও মেয়ে বাটাগুড়ের আনুপাতিক ভারসাম্যহীনতার কারণে মাত্র এক প্রজন্মের মধ্যেই বাটাগুড় কচ্ছপ এখন নিশ্চিহ্ন প্রায়।বাংলাদেশে বাটাগুড় নিয়ে প্রফেসর এডওয়ার্ড মল ১৯৮৯ সালে ড. রশীদের সঙ্গে প্রথম সুন্দরবনে জরিপ চালান। তখন তাঁরা মাত্র চারটি বাটাগুড়ের সন্ধান পেয়েছিলেন। এর মধ্যে একটির নমুনা জাতীয় জাদুঘরে রাখা হয়েছে। ১৯৯৭ সালে এ এইচ এম আলী রেজার জরিপে বাটাগুড়ের আর কোনো সন্ধান মেলেনি। তারপর ১০ বছর বাটাগুড়ের ওপর আর কোনো জরিপ হয়নি।সম্প্র্রতি বাংলাদেশ ও ভারতের একদল বন্য প্রাণী গবেষক বাটাগুড় বাঁচানোর স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছেন। বাংলাদেশি বন্য প্রাণী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স রিসার্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্টের প্রধান ড. এস এম এ রশীদ ও ভারতের টিএসএ প্রতিনিধি রুপালী ঘোষ এই গবেষণায় নেতৃত্ব্ব দিচ্ছেন। প্রকৃতিতে বাটাগুড় এখনো টিকে আছে কি না, তা নিয়েই এ গবেষণা। তিন বছর বাংলাদেশের সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে সন্ধান চালিয়ে মোট আটটি বাটাগুড়ের সন্ধান পেয়েছেন তাঁরা এবং এ আটটিকে গবেষণার জন্য সংগ্রহ করেছেন। প্রকৃতিতে টিকে থাকা সম্ভবত, সর্বশেষ এই আট বাটাগুড়কে বাঁচাতে পারলেই পৃথিবীতে নিশ্চিহ্ন হওয়া থেকে এ যাত্রা রেহাই পেয়ে যাবে এই প্রজাতিটি। কাজেই বিপন্ন এই প্রাণিটির টিকে থাকার শেষ লড়াইও এটা।বর্তমানে এই গবেষণার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের বন বিভাগও। বন বিভাগের নির্ধারিত একটি পুকুরে সংগৃহীত আট বাটাগুড়কে ছাড়া হয়েছে। এক অর্থে এটাই বাংলাদেশের প্রথম কচ্ছপের খামার বা কচ্ছপ প্রজননকেন্দ্র। বর্তমানে ড. রশীদের তত্ত্বাবধানে এই প্রজনন কার্যক্রম চলছে। এখনে টিকে থাকার লড়াইয়ে এখন পর্যন্ত কচ্ছপগুলো ভালোই করছে, এখনো সুস্থ-সবল আছে, নিয়মিত খাবার খাচ্ছে। সবকিছু ঠিক থাকলে এদের সুখী সংসারে খুব দ্রুতই ডিম থেকে বাচ্চা আসবে বলে গবেষকেরা আশা করছেন।বাটাগুড় ছাড়াও এ দেশের আরও কয়েকটি বিপন্ন প্রজাতির কচ্ছপ প্রজননের চেষ্টা চলবে এখানে। এগুলো হলো শিম কাছিম, থাল কাছিম ও রঙিলা কাছিম। প্রাথমিক অবস্থায় প্রজননের মাধ্যমে কচ্ছপগুলোর সংখ্যা বাড়িয়ে প্রকৃতিতে ছেড়ে দেওয়া প্রজননকেন্দ্রটির মূল লক্ষ্য।প্রথম বাটাগুড়ের প্রজননকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের সুন্দরবনে। কিন্তু বংশবিস্তারে তারা এখনো সফল হতে পারেনি। তারপর মাদ্রাজের ক্রোক্রোডাইল ব্যাংকেও বাটাগুড় বাঁচানোর জন্য একটি খামার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা ভারত থেকে মাত্র দুটি মেয়ে-বাটাগুড় সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তাঁরা। কিন্তু পুরুষ-বাটাগুড় না পাওয়ায় ওই গবেষণা ভেস্তে যেতে বসেছে।বিষেশজ্ঞদের মতে, ভারতবর্ষ থেকে বাটাগুড় ইতিমধ্যেই হারিয়ে গেছে। ধারণা করা হতো, মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়ার উপকূলেও বাটাগুড় পাওয়া যায়। কিন্তু ২০০৭ সালের এক ডিএনএ গবেষণায় দেখা গেছে, আমাদের প্রজাতিটি ওই প্রজাতির বাটাগুড় থেকে একেবারেই আলাদা। তবে সুন্দরবনে এই আট বাটাগুড়ের সন্ধান মেলায় ধারণা করা হচ্ছে, সুন্দরবনে এখনো হয়তো আরও কিছু বাটাগুড় টিকে আছে। তবে সুন্দরবন ছাড়া পৃথিবীর আর কোনো দেশে বাটাগুড়ের এ জাতটি আর টিকে নেই।গোটা পৃথিবীতেই কচ্ছপ-ব্যবসা বেশ জনপ্রিয়, প্রকৃতি থেকে কচ্ছপ হারিয়ে যাওয়ার এটি একটি বড় কারণ। ব্যবসায়ীরা প্রকৃতি থেকে কচ্ছপ সংগ্রহ করে চালান করে দিচ্ছেন বাজারে। কোনটি বিপন্ন প্রজাতি, কোনটি নয়—তার ধার ধারছেন না তাঁরা। বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মের মানুষের কাছে কচ্ছপের মাংস খুবই জনপ্রিয়। হংকং, চীনসহ অনেক দেশেই মাংসের চাহিদা মেটানোর জন্য রয়েছে কচ্ছপের বড় বড় খামার। বাংলাদেশে কচ্ছপের খামার না থাকলেও এ দেশের মানুষ প্রকৃতি থেকে কচ্ছপ আহরণ করে মাংসের চাহিদা পূরণ করে আসছে। ১৯৭৫-৯৮ সাল পর্যন্ত বাংলাদেশে কচ্ছপ ব্যবসার বেশ রমরমা অবস্থা ছিল। তখন দেশের ভেতরে কচ্ছপ ব্যবসায়ীরা মোট ১৮ জাতের কচ্ছপ নিয়ে ব্যবসা করতেন বলে এক গবেষণা থেকে জানা যায়। কিন্তু ১৯৯৮ সালে সরকার কচ্ছপের ব্যবসা নিষিদ্ধ করলে বৈধভাবে বিদেশে রপ্তানি বন্ধ হয়। সম্প্র্রতি টারটেল ট্রেড ইন বাংলাদেশ নামের একটি প্রজেক্ট পরিচালনা করছে ক্যারিনাম। গবেষণার ফলাফল থেকে দেখা যায়, বর্তমানে কচ্ছপ-ব্যবসায়ীরা মাত্র পাঁচ জাতের কচ্ছপ নিয়ে ব্যবসা করছেন। কোনো প্রকার রেকর্ড না থাকলেও কচ্ছপ-গবেষকেরা বলছেন, এ দেশ থেকে পাঁচ জাতের কচ্ছপ হারিয়ে গেছে, এটি প্রায় নিশ্চিত। ওই তালিকায় বাটাগুড় থাকলেও এখন তার পুনরুত্থানের সময় হয়েছে। বাটাগুড় প্রজননকেন্দ্র থেকে সব প্রতিকূলতা জয় করে শেষ লড়াইয়ে টিকে যাবে এই আট কচ্ছপ, আবার ফিরে যাবে তারা প্রাকৃতিক পরিবেশে—এটাই এখন সবার আশা। এই আট বাটাগুড়ের পরাজয় মানেই, দুনিয়া থেকে হারিয়ে যাওয়া এই নিরীহ প্রাণিটির।