আট তরুণের চিত্রকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সময়ের তারুণ্যের মনোজগৎ, বুদ্ধিবৃত্তিক চর্চার ধরণ ও গতি-প্রকৃতির আভাস দেখা যায় ‘বৈচিত্রে বৈভব’ শিরোনামের চিত্র প্রদর্শনীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২-এ চলছে এই বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এমএফএ করা আট তরুণ শিল্পীর প্রদর্শনী। তাঁদের অভিজ্ঞতা, সময় ও পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠতা, নিজস্ব সংস্কৃতির প্রতি অনুরাগ, নিজের মতো জীবনযাপনের দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা তীব্রভাবে প্রতিফলিত হয়েছে তাঁদের চিত্রপটে। ধ্যানমগ্ন সময়ের নস্টালজিক বর্ণনা, নানা প্রতীকী অবয়ব, স্বপ্নভঙ্গ, অন্তর্দহন, নিজস্ব শৈলীতে বিবিধ পরীক্ষা-নিরীক্ষা শিল্পীদের নতুন চিত্রভাষা নির্মাণে সহায়তা করেছে। প্রদর্শনীতে অংশ নিয়েছেন মোহাম্মদ ইমাম হোসেন, সিলভিয়া নাজনীন, চন্দনকুমার বর্মণ, সঞ্জীব সাহা, আবুবকর সিদ্দিক, শাহিদা পারভীন, কাজী নওশাবা আহমেদ ও সোনিয়া পারভীন।রক্তচোষা সময়ের ভয়ংকর চিত্রায়ণের মুখোমুখি হতে হয় ইমাম হোসেনের কাজে। তিনি দেখিয়ে দেন দুই শ্রেণীর অবস্থান; যাঁরা শিক্ষিত সভ্য ও ক্ষমতাধর, তাঁদের কাছে আমাদের প্রত্যশা ভিন্ন কিছু। সিলভিয়া নাজনীনের চিত্রকর্মে নারীর সামাজিক প্রতিবন্ধকতার কথা আছে, তাঁদের স্বপ্নের কথা আছে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় মানুষ হিসেবে নারীর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় পদে পদে, নিপীড়নমূলক নানাবিধ চিন্তাচেতনার বৈধতা বিধান করে পুরুষের তৈরি ধর্ম-দর্শন-অপবিজ্ঞান। ক্যানভাসে বর্ণমালার উল্টো ব্যবহারে শিল্পী হয়তো এসব বিধান আর বৈষম্যকেই ফুটিয়ে তোলেন।সঞ্জীব সাহার কাজে আছে বাজারি সংগীতের স্রোতে ধ্রুপদি সংগীতের অসহায়ত্বের কথা। ক্যানভাসের সামনে ডি জে মিউজিকের এলোমেলো চিৎকারের অনুভূতি হয় এবং বেচারা ধ্রুপদি সংগীতের প্রতি কিছুটা করুণাও হতে পারে দর্শকের।আবুবকর সিদ্দিকের শিল্পকর্মে বিশালাকৃতির নারী অবয়ব কর্মবিমুখ স্থূলাঙ্গী এবং বুর্জোয়া সমাজের প্রতীক। চমৎকার বিষয়বস্তুর উপস্থিতি সত্ত্বেও এর সঙ্গে করণকৌশলের গতানুগতিকতা সামঞ্জস্যপূর্ণ কি না, ভাবা যেতে পারে। চন্দনকুমার বর্মণ, শাহিদা পারভীন, কাজী নওশাবা আহমেদ ও সোনিয়া পারভীনের কাজে প্রাতিষ্ঠানিক দক্ষতা প্রশংসনীয়।আট তরুণের এই প্রদর্শনী নানা কারণেই বৈভবময়। সাবলীল উপস্থাপনা, চিন্তাচেতনায় নানা মার্গের বিচরণ, বাস্তবতার মুখোমুখি হওয়ার সততা, সত্য-মিথ্যার ভেদ বোঝার ও বলার অকপট মানসিকতা আমাদের নাগরিক স্থবিরতাকে নাড়িয়ে দিতে পারে।