আতই চোরার আতান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আসমানে আজ চান-তারা তেমন কিছু নেই। তবে কী কারণে জানি আলো আছে একটু। তাতে বেসামাল মেঘ খেলছে দেখে আতই চোরা বড় খাজুল হয়। সে নাসির বিড়িতে দম দিয়ে কেবল একটি তারার হাছুমিছু আলোর নিশানার দিকে মিড়মিড়িয়ে তাকায়। আতই তার সাকরেদ বশারত মটিয়া ও নাবালক শুকুর আলীকে নিয়ে মাঝরাতে বসে আছে ঝুপড়ি ছাতিমগাছের তলায়। গাছটি খুঁতি। তার দু-কল্লি ডালায় বাস করে বুড়া থুত্থুড়া এক প্রেত—যা গাঁও-গেরামে ‘ছাততি পেরোত’ বলে পরিচিত। সে কাউকে তেমন একটা জ্বালায় না, তার বয়স হয়েছে বেহদ, তাই কোনো ধরনের ফেতনা-ফ্যাসাদ বা খবিসিতে তার মন নেই। তবে তাজা মাছে আছে তীব্র লালচ। হাট থেকে রাত-বিরাতে কেউ কালিয়ারা মাছ নিয়ে ছাতিমগাছের তলা দিয়ে হাঁটতে গেলে তা নির্লোম কবন্ধ হাতে সে স্রেফ তুলে নেয় ছালা থেকে। ছাততি পেরোত চোরচোট্টাদের সঙ্গে কোনো রকমের ভেজালে জড়ায় না। তবে আতইয়ের কামকাজের লাইনে হুঁশিয়ার থাকতে হয় হামেশা। তাই সে কোমরের তাগায় করে বহন করছে ঠাটা-পড়া বাজের লোহা। তার ডগায় পোড়া রসুনের একটি কড়া গিঁথা আছে। লোহা ও রসুনের তাসিরে ছাততি পেরোত আতইয়ের ত্রিসীমানায় আসার হিম্মত পাবে না।
কুট্টির ফোকর থেকে তাকানো মুরগির সাবধানী চোখের মতো মেঘের আবডাল থেকে পরপর দুটি তারা উঁকি দিলে অতই চোরার দিলে আশ্বাস জাগে। আলামত একেবারে খারাপ না। আজ থেকে অনেক বছর আগে কানা হাশিমের কাছ থেকে সে যখন এই লাইনের সবক নেয়, তখন থেকে সে এই তারা কয়েকটিকে শ্বশুরবাড়ির খেশকুটুমের মতো ভালো করে চিনে রেখেছে। অভিজ্ঞতা থেকে সে জানে যে একটু পরই নির্দিষ্ট তারাটি বেরিয়ে আসবে, আর তার গতর থেকে নীল সবুজের জেল্লা ছড়ালে নিরাপদে মেলা দেওয়া যাবে রাতের কামে।
বশারত মটিয়া বাপ-মরা শুকুর আলীর উদলা গতরে ভুসাকালি মেশানো তেল ডলে ডলে মাখাতে গেলে কাতুকুতুতে ছেলেটি খিলখিলিয়ে হাসে। দিনের বেলা শুকুর আলী হাটের দুই-তিনটি স্টেশনারি দোকানে ফুটফরমাশ খাটে। এখনো হাত পাকেনি, তবে মাঝেমধ্যে তিব্বত সাবান, চুলের কাঁকই বা টিপ-কলম সরাতে শিখেছে। মটিয়াগিরি করে বশারতের গতরে জোর অনেক। সে আড়তে চালের বস্তা টানে। ছালাভর্তি সার চাপলিশে লোপাটের কামে তার নামযশ আছে। বশারতের সংসার দুটি। তার জোড়া বিবির খাঁই বিগত। তাই রাতের কামে তাকে শামিল হতে হয় হামেশা।
শুকুর আলীর হাসি শুনে আতই চোরার তার ওস্তাদ কানা হাশিমের কথা মনে পড়ে। হাশিম চোরার সাকরেদি সে করেছে নয় বয়স থেকে। মাঝরাতে সিঁদ কাটার আগে এ রকম হাশিম তার লুঙ্গি খুলে নিয়ে শুধু লেঙ্গট পরিয়ে গতরে তেল মাখিয়ে দিত। কানা হাশিমকে হাটবাজারে সবাই চোরা ডাকলেও সাকরেদরা তাকে ইজ্জত করে বলত মেস্তরি। আতই চোরার অপেক্ষা করতে করতে অধৈর্য লাগে। তাই সে ওস্তাদের কথা ইয়াদ করে গুনগুনিয়ে গায়—‘সাবধানে মেস্তরির নাম ভজো রে যুগালি ভাই/সাবধানে...’। নিভে যাওয়া বিড়িতে আবার আগুন দিয়ে জোরে দম দিতেই তার বেদম কাশি পায়। কাশতে কাশতে মনে হয় পাঁজরের গামলায় কোনো যুগালি যেন কন্নি দিয়ে কেটে কেটে সিমেন্টের সঙ্গে বালুর মসলা মেশাচ্ছে। বুকের ওঠানামা সামলানো তার জন্য কঠিন হয়। গেল বছর পৌষ মাসে ছেঁচা খাওয়ার পর থেকেই শুরু হয়েছে এ রকম কাশি। একদিন মুখে সামান্য রক্তও উঠেছিল। পৌষ মাসের পয়লা শাহাজান মিয়ার টিনের ঘরে সিঁদ সে ভালোভাবেই কেটেছিল। সৌদিতে ইলেকট্রিকের কাজ করে শাহাজান মিয়া মাত্র দেশে ফিরেছে—টেপ, ওয়াল ঘড়ি, কম্বল ও টিভি নিয়ে। পুঙ্গির পুতের টিভিটাই তার কাল হলো। বিক্রির চার দিন পর ধরা পড়ল আতই চোরা। গারদে মনোয়ার দারোগার বুটের লাথিতে মনে হচ্ছিল চিনামাটির বর্তনের মতো ভেঙে যাচ্ছে পাঁজরের হাড়গোড়। তাকে লালঘরের ভাতও খেতে হলো পাক্কা ছয় মাস।
শুকুর আলী খুশিতে শিস কাটলে আতই আবার আসমানে নজর ফেরায়। প্রত্যাশিত তারাটি শবেবরাতের ফুলঝুরির মতো ছড়াচ্ছে নীলচে সবুজ জেল্লা। সে ধুইল পড়ার শিশি হাতে উঠে পড়ে। তখনই কোন শিকড়ের সঙ্গে কী আরক আর গাঁয়ের কোন অবিতা মেয়ের পায়ের পাড়া থেকে ধূলি তুলে তা মিশিয়ে কীভাবে ধুইল পড়া তৈরি হয় তার পুরা প্রক্রিয়াটি মনে পড়ে যায়। এ বিষয়টি মন থেকে সরাতে কোশেশ করে আতই চোরা। সে চেষ্টা করে মনোয়ার দরোগার রুলারের বাড়ি খাওয়ার কষ্টকর অভিজ্ঞতার কথা মনে আনতে। কানা হাশিমের নিষেধের কথা তার কানে বাজে। তারা দেখার পর কামে বউনি করার আগে ধুইল পড়া নিয়ে ভাবাটা বেজায় অলক্ষুনে। টিভি চুরির কেইসে দারোগা যে তার নখের তলায় আলপিন ফুটিয়েছিল, সে জুলুমের কথাও ভাবতে চায়। কিন্তু তার মনে ফিরে ফিরে আসে গোরখোদক আসদ্দরের কাছ থেকে দুই শ টাকায় কেনা, শিয়ালে টেনে তোলা মুর্দার কপালের ক ফোঁটা ঘাম, যা সে খুব হুঁশিয়ারির সঙ্গে মিশিয়েছে ধুইল পড়ায়।
আজ কামে বউনির সময় এ রকম কুফা লাগল দেখে আতইয়ের দিলে বড় বেচইন লাগে।
ইস্টিশনের পেছনে ভাট্টায় ফরটির পুরা বোতল খেয়ে মাতেলা হলে আতই চোরার ওস্তাদ কানা হাশিম মাঝেমধ্যে তার গর্দিসের কিস্সা বলত। সিঁদ কাটার সব সরঞ্জাম সে তৈয়ার করত সাবধানে। আচমকা মাছের ঘাইয়ের মতো মনে বুজকুড়ি কেটে উঠেল কীভাবে কোন মুর্দার কপালের ঘাম মিশিয়ে সে বানিয়ে ছিল ধুইল পড়া, তাও মনে পড়ত। অবশ্য হাশিম সেবার মন ফেরাতে চেষ্টা করেছিল। ভাবতে চেয়েছিল পঞ্চায়েতের বিচারে তার গতরে পোড়া লোহা সেঁকা দেওয়ার কথা। কিন্তু মন কেবলই ফিরে গিয়েছিল গাঁয়ের এক অবিতা মেয়ের পায়ের পাড়া থেকে ধুলা সংগ্রহের দৃশ্যে। সাকরেদরা ততক্ষণে সিঁদ কেটে ঢুকে পড়েছে ঘরে। ধুইল পড়ার জবরদস্ত আসরে গেরস্থের কাল ঘুমে ঢলে পড়ার কথা। কিন্তু বিষয় উল্টা হলো। কাচ্চাবাচ্চাসহ তামাম পরিবারের নিদ্রা টুটে গেল। ধরা পড়তে পড়তে বেঁচে গেলেও ছুড়ে দেওয়া সুপারি কাটার ছুরতার ডগা সরাসরি এসে বিঁধে গেল হাশিমের বাম চোখে।
এখন উপায় কী? আতই সিদ্ধান্ত নিতে পারে না। তারা এসে পড়েছে পানের আড়তদার মনাফ ব্যাপারীর বাড়ির কাছাকাছি। জেল থেকে বের হওয়ার সময় তার ধার-দেনা হয়েছে হাজার টাকার মতো। সেটা শোধ করার দরকার আছে। তার মেয়ে সামিনার শরীর খারাপ যাচ্ছে। গ্রামের কম্পাউন্ডার রমনী বাবু তাকে জেলা সদরে নিয়ে যেতে বলেছে। হাজার বারো শ টাকার কমে ওষুধ, রক্ত পরীক্ষার খরচ কুলানো যাবে না। পানের আড়ত ছাড়াও হরেক রকমের কারবারে মনাফ ব্যাপারীর পুঁজি খাটছে। দুই দিন আগে সে তার পুরান রাইস মিলের কল বিক্রি করেছে। গ্রামে ইলেকট্রিসিটি এসে গেছে। এখন কমদামে মোটর কিনে ইলেকট্রিকের কারেন্ট দিয়ে ধান কুটা যায়। আগের মতো ভার-ভারতি কিসিমের কল-টলের দরকার পড়ে না। বিক্রির পয়সা ব্যাপারী কোথাও খাটায় নাই। টাকাটা এখনো তার বাড়িতেই আছে। আজ রাতের কাম বাতিল করলে আর এ রকম সুযোগ আসবে কী?
ব্যাপারীর বাড়ির চৌহদ্দির মধ্যে এসে পড়তেই কুকুরটা দরাজ গলায় ভুকতে শুরু করে। খুবই রাটা কিসিমের কুত্তা। ব্যাপারী মুরগির হাড়গোড় খাইয়ে এর তেজ বাড়িয়েছে। তিনজনের ছোট্ট দল থমকে দাঁড়ায়। আতই কোমরের পেটি থেকে ছোট্ট ডিব্বা বের করে সাবধানে তুলে নেয় এক গাছি বাঘের লোম। খুব হিসাব-কিতাব করে সে বাতাসের বাও মাপে। তারপর ঈশান কোণে হেঁটে গিয়ে নিঃশব্দে ম্যাচকাঠি মেরে তা পোড়ায়। সামান্য সময়ের মধ্যে কুত্তাটি কেঁও কেঁও শব্দে ভয়ার্ত আর্তনাদ ছড়ায়। তারপর পেছনের দু-পায়ের মাঝখানে লেঙ্গুড় ফেলে পড়িমরি ছুটে যায় উত্তরে হিয়ালমারি বন্দের দিকে। বাঘের লোম কিনতে তার খরচ হয়েছে এক শ সত্তর টাকার মতো। এখন ফিরে যাওয়ার সওয়ালই ওঠে না। এবার নিঃশব্দে তারা এসে দাঁড়ায় ঢেউটিনের বেড়া দিয়ে তৈরি নতুন করে বানানো ব্যাপারীর ছোট বউয়ের ঘরের পেছনে। ঘরটির বেড়া টিনের হলেও ভিটা কাঁচামাটি–গোবরে লেপা-পুছা। এতে সিঁদের অস্ত্রপাতি ঢোকাতে কসরত হবে না কিছু।
আতই নিজের হাতে ধুইল পড়া ঘরের বড় কামরার চারপাশে ছিটায়। সিঁদের বউনি করে কাটি বশারত মটিয়ার হাতে তুলে দিয়ে সে ধুন ধরে কিছু ভাবে। মনাফ ব্যাপারীর রাইস মিল বিক্রির টাকা ঘরেই আছে। সে কোথায় টাকার খুঁতি রাখে তার সঠিক নিশানা জানা না থাকলেও তার কাছে ব্যাপারীর নতুন বউ কোথায় তার টাকাপয়সা রাখে তার পরিষ্কার খবর আছে। ব্যাপারীর পয়লা তরফে কোনো সন্তানাদি নাই। আঁটকুড়ে পরিচিতি ঘোছাবার জন্য মাস তিনেক আগে সে নতুন করে বিয়ের বন্দোবস্ত করে। তার ছোট বউ ইস্কুলে অষ্টম শ্রেণি অবধি পড়াশোনা করা মেয়ে। সে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে তুলায় তৈরি তুলতুলে একটি খেলনা ভালুক। ব্যাপারী প্রতিরাতে যখন টাকাপয়সার আমদানি নিয়ে বাড়ি ফেরে, তখন তা থেকে বিশ-পঞ্চাশ টাকা সরিয়ে সে ভালুকের তলপেটের চেইন খুলে তাতে গুঁজে রাখে। রাতে ভালুকটি ঘুমায় তার বালিশের পাশে। তার কয়েক গাছি সোনার অলংকারও আছে আলমারিতে। রাতে ঘুমাতে যাওয়ার আগে আলমারির চাবি সে রাখে চকচকে পাথর বসানো লেডিজ শুয়-এর ভেতরে। বউটির মসলা বাটা, পানি তোলার কাজ করে যে আখরোটের মা, তার কাছ থেকে এসব তথ্য জোগাড় করতে আতইয়ের ব্যয় হয়েছে সত্তর টাকা। এবার মনোযোগ দিয়ে কামে হাত লাগাতে হয়।
সিঁদের খোঁড়ল থেকে ঝুরঝুরে মাটি দুহাতে সরিয়ে আতই ফোকরের মাপ নেয়। শোয়ার কামরায় ঠিক পালঙ্কের নিচে সিঁদ কাটা হয়েছে। শুকুর আলী প্রস্তুতি নেয় হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ার। সে ভেতরে ঢুকে খুলে দেবে দরজা। বশারত মটিয়া কলাগাছের কাটা টুকরায় কাপড় প্যাঁচায়। আতই সিঁদের ফোকর দিয়ে পয়লা কাপড় জড়ানো কলাগাছ ঢুকিয়ে ভেতরে কেউ রামদা বা চাপাতি হাতে প্রস্তুত হয়ে আছে কি না পরীক্ষা করে নেয়। তারপর গিরগিটির মতো শুকুর আলি ফোকরে ঢুকতে যায়। ঠিক তখনই নারীকণ্ঠে ফিসফিসে আওয়াজ হয়। ব্যাপারীর মৃদু হাসি শোনা যেতেই আতই নিঃশব্দে শুকুর আলীকে টেনে সিঁদের গাতা থেকে বের করে আনে। তখন বাইরে থেকে পরিষ্কার শোনা যায় ক্যাচম্যাচ করে পালঙ্ক নড়ে ওঠার শব্দ। ব্যাপারী তার ছোট বউকে ঘরে এনেছে মাস তিনেক আগে। সুতরাং এ আচরণ একেবারে অপ্রত্যাশিত নয়। কিন্তু এ ধরনের বিষয়-আশয় রাতের পয়লা দিকে হওয়ার কথা? অবশ্য ব্যাপারীর প্রয়োজন পুত্রসন্তানের। সে হয়তো আজ রাতে দোবারা উদ্যোগ নিচ্ছে। এখন কী করা? থম মেরে তবদিলের মতো তিনজনের তস্কর দলটি নীরবে অপেক্ষা করে।
নিঃশব্দে মশা তাড়াতে তাড়াতে আতই বেচইন হয়ে আসমানে তাকায়। তার মেয়ে সামিনার কথা মনে আসে। মাত্র আট বছরের তিফিল মেয়ে। গতকাল দুপুরের দিকে তীব্র মাথাব্যথায় সে ফিট হয়ে যায়। সঙ্গে হাতে-পায়ে খিঁচুনি। মাথায় পানি দিয়ে মুখের ফেনা মুছে দিতেই সামিনা তার কচি হাতে বাপের পিরান আঁকড়ে ধরে মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল। তখন আতই মনে মনে প্রতিজ্ঞা করে তাকে জেলা সদরে নিয়ে গিয়ে ডাক্তার দেখানোর। এ নিয়ে পাঁচবার মেয়েটি ফিট হলো। গ্রামের কমপাউন্ডার রমনী বাবু বলেছেন, খিঁচুনির লক্ষণ ভালো না। এখন খেয়াল না করলে, ভালোমতো ডাক্তারি না করালে জানের খতরা হতে পারে। আতই খরচের কথা ভাবে। ডাক্তার যদি এক্স-রের কথা বলে তাহলে সঙ্গে আরও শত পাঁচেক টাকার ধাক্কা। আজ কোনো কারণে তার ধুইল পড়ায় কাজ হয়নি। আঁকুস্থলে গেরস্থ গেরথানইন মরণ ঘুমে ঢলে পড়েনি। কিন্তু এত দূর এগিয়ে এসে কাম সারা না করলে মনাফ ব্যাপারী সতর্ক হয়ে যাবে। এ বাড়িতে আগামী মাস ছয়েকের মধ্যে আর পা ফেলা যাবে না। রাইস মিল বিক্রির অনেক টাকা এক থোকে সে বাড়িতে এনেছে। এখনো কোনো কারবারে খাটায় নাই। বিক্রির পেমেন্ট পেয়ে টাকা সে গলায় তাবিজের তাগার সঙ্গে বাঁধা খুঁতিতে পুরে গেঞ্জির ভেতরে রেখেছে। বাড়িতে এসে এতগুলান টাকার বান্ডিল ভরা খুঁতি কি বালিশের নিচে রেখে ব্যাপারী এখন ঘুমাচ্ছে?
বেশ কিছুক্ষণ হলো পালঙ্কের ওপর যুগল শরীরের নড়াচড়া থেমে গেছে। গেরস্থ গিরথাইন এমনিই হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। কিন্তু হুঁশিয়ারির কোনো মার নেই। আতই আরেকটু অপেক্ষা করে। তারপর বশারত কাপড় প্যাঁচানো কলাগাছের পোঁটলাটি এগিয়ে দেয়। আতই সাবধানে তা সিঁদের গাতায় ঢোকাতে গিয়ে আসমানে তাকায়। মেঘ ভেঙে বেরিয়ে এসে একটি বড় আকারের তারা যেন তার ঝলমলে আয়না ঘুরিয়ে ছড়াচ্ছে সোনালি রোশনাই। তার দিকে তাকিয়ে আতই হাত থামিয়ে ধুন ধরে। নামাজ-কালামের লোক মনাফ ব্যাপারী না। তাহাজ্জত-ফজরের ওয়াক্ত সে ঘুমিয়েই কাটাবে। তার কম বয়সী বউটিরও এখনই জেগে ওঠার সম্ভাবনা কম। কিন্তু কী যেন এক দ্বিধা আতইয়ের পাঁজরে জিওল মাছের মতো ঘাঁই মারে। বশারত মটিয়া কলাগাছের পোঁটলা ভেতরে ঢোকানোর জন্য ইশারা করে। কিন্তু আতইয়ের মনে পড়ে ওস্তাদ কানা হাশিমের নিষেধ। মেস্তরি এক রাতে সিঁদ কেটে ফেরার পথে এ বড় তারাটিকে ‘হুক-তারা’ বলে পরিচয় করিয়ে দিয়েছিল। ভোর বিহানের ঠিক আগে আসমানে আলোর পসর ছড়ায় বলে গাঁও-গেরামের লোকজন একে পসরি বা পরি তারাও বলে। মেস্তরির কড়া নিষেধ আছে—হুক-তারা আসমানে দেখা দেওয়ার পর কাম থেকে গুটিয়ে আনতে হবে হাত। বানভাসির জল ছরছর করে নেমে যাওয়ার মতো হাতে সময় কমে আসছে। কামে জলদি হাত লাগানোর জন্য বশারত মটিয়া গতর দিয়ে ইশারা দেয়। মেয়ে সামিনার কথা আবার মনে পড়ে আতইয়ের। জেলা সদরে ডাক্তার দেখাতে নিয়ে যাবে শুনে সে তার বাবাকে একটি নীল চোখের পুতুল কিনে দিতে আবদার করেছে। পুতুলের দামই-বা কত? বড় জোর সত্তর-আশি টাকা। বালিশের তলায় খুঁতির তালাশ না পেলেও বউটির তুলতুলে ভালুকটি সরানো কঠিন কিছু হবে না। আর বশারত মটিয়া নিঃশব্দে আলমারির তালা খুলে তুলে নিতে পারবে সোনার জেওর কখানা। তারপর শুধু পুতুল কেন, সামিনা চাইলে আরও বিশ-পঞ্চাশ টাকা খরচ করে অন্য কোনো খেলনাও সে কিনে দিতে পারবে। আতই সিঁদের গাতায় কলাগাছের পোঁটলাটি ঢোকাতে যায়। আসমান থেকে হুক-তারা যেন আলোর ইশারায় তাকে সাবধান করে দেয়। আতই আজ বড় আতান্তরে পড়ে—তবে কী কাম বাতিল করে খালি হাতে আজান পড়ার আগে আগে ফিরে যাবে বাড়িতে?