আত্মজা ও আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলঙ্করণ: মাসুক হেলাল
অলঙ্করণ: মাসুক হেলাল

জামালখান ঝরনার পাড়ের প্রায় সব বাড়ির ছাদেই এখন সগর্বে উড়ছে ব্রাজিলের পতাকা। অথচ গত বিশ্বকাপেও এখানকার বেশির ভাগ বাসিন্দা ছিল আর্জেন্টিনার সমর্থক। এই দলবদলের সঙ্গে আর্জেন্টিনার গতবারের পারফরম্যান্সের যে কোনো সম্পর্ক নেই, এ কথা এ পাড়ার বাসিন্দারা ছাড়া আর কারও জানার কথা নয়। এখানে সবাই এবার ব্রাজিল হয়ে গেল কেন, সে প্রশ্ন করেও কোনো উত্তর পাওয়া যাবে না পাড়ার ছেলে-বুড়ো কারও কাছ থেকে। সবাই এ প্রসঙ্গ এড়িয়ে যেতেই পছন্দ করে। আমি আর্জেন্টিনার ভক্ত হলেও ব্রাজিলকেই সমর্থন করছি অন্য সবার মতো। এর পেছনে যে একটা গল্প আছে, সেটা কবরস্থ হয়ে গিয়েছিল আগেই। পাড়ার ঢোকার মুখে ইলেট্রিকের থামের গায়ে কম্পিউটার কম্পোজ করা বিজ্ঞপ্তিটা সাঁটতে গিয়ে লিচুবাগের আজমলের সঙ্গে ফ্যাসাদে না জড়ালে গল্পটা চাপাই থাকত।
গতকাল দুপুরের ঘটনা। আমি আর কালা বাবু গেছি বিজ্ঞপ্তি সাঁটতে। বিজ্ঞপ্তিতে বড় হরফে সুতন্বী ফন্টে লেখা—১. এই পাড়ায় আর্জেন্টিনা সমর্থন করা নিষিদ্ধ। ২. আর্জেন্টিনার সমর্থনে মিছিল নিয়ে পাড়ায় ঢোকা যাবে না ৩. আর্জেন্টিনার বিজয় উদ্যাপন করে মিষ্টি বিতরণ করা যাবে না। ৪. আর্জেন্টিনার পতাকা ওড়ানো যাবে না ৫. ব্রাজিল নিয়ে কোনো কটূক্তি করা যাবে না। এসবের নিচে ছোট করে লেখা—‘আদেশক্রমে কর্তৃপক্ষ’।
থামের পাশে দাঁড়িয়ে থাকা আজমল তক্ষুনি শব্দ করে পড়া শুরু করেছিল। তারপর অবাক হয়ে ‘ওবুক! ফারা ইবা ইতেরা কিনি ফালাইয়ে’, বলেই আশপাশের কয়েকজনকে ডাক দিল। সিনিয়র হিসেবে আমার দায়িত্ব ছিল আজমলকে সামলানো। কয়েক দিন ধরে তালেবের দোকানে বসে বিজ্ঞপ্তির বিষয়টা আমরা সবাই মিলে তৈরি করেছি। আসলে আমাদের পক্ষ থেকে এটা ছিল মুক্তির প্রতি একধরনের ট্রিবিউট। তবে আজমলকে অত কথা বলার কোনো প্রয়োজন দেখি না। আমি গম্ভীর গলায় বললাম, ‘আজমল এ ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। এটা এ পাড়ার বাসিন্দাদের সিদ্ধান্ত। আর্জেন্টিনা সমর্থন করতে হলে তোমার বাসায় গিয়ে করো। এখানে নয়।’
‘কিন্তু এটা তো গায়ের জোরের কথা। এটা তো অন্যায়।’
আজমল প্রতিবাদ করে। এবার বাবু এগিয়ে আসে। রাশেদ ভাই, ‘থাপ্পড় লাগাই একটা?’—বাবু অনুমতির জন্য অপেক্ষা করে না। চটাস শব্দে চমকে ফিরে দেখি আজমল বাঁ গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বাবুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই।
‘সেয়ানা অইয়সদে, ন! চোদানির ফোয়া, চাই লইয়্যুম...’
অশ্রাব্য ভাষায় গালাগাল করতে করতে আজমল লিচুবাগানের দিকে চলে যায়। এ ঘটনার রেশ বেশ কয়েক দিন থাকবে এটা নিশ্চিত। অবশ্য কালা বাবুসহ এ পাড়ার তরুণদের যথেষ্ট সমীহ করে লিচুবাগানের ছেলেরা। তবে আমি চিন্তিত ছিলাম অন্য একটা বিষয় নিয়ে। আমাদের আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যাওয়া যার কারণে সেই আমিনুল ভাই মানে ভাইসার কানে কথাটা গেলে কী হবে, সেটাই ভাবছিলাম আমি। একটা কাঁটা ভেতরে খচখচ করছিল। আর সেটাই খঁুচিয়ে তুলল পুরোনো স্মৃতিগুলো। আমার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন আমরা ছিলাম আর্জেন্টিনার ঘোর সমর্থক।
২.
ঢাকার প্রিমিয়ার লিগের খেলোয়াড় আমিনুল হক জামালখান এলাকায় এসে ওঠেন বছর বিশেক আগে। সি-কাস্টমসের হয়ে চট্টগ্রামের লিগে বেশ কয়েক বছর খেলে আমিনুল অবসর নিয়েছিলেন খেলোয়াড়ি জীবন থেকে। কাস্টমসেই চাকরি হয়েছিল তাঁর। বিএড পাস করা স্ত্রী নাজমার চাকরি হয়েছিল জামালখানের সেন্টমেরিস স্কুলে। আর স্ত্রীর স্কুলের কাছে বলে এ পাড়ায় এসে উঠেছিলেন তিনি। কায়সার হামিদ, মোনেম মুন্নাদের সঙ্গে লিগে খেলা আমিনুল ছিলেন আমাদের পাড়ার তারকা। ‘আমিনুলের পায়ে বল’, খোদাবক্স মৃধার কণ্ঠে আমি নিজেও এই কমেন্ট্রি শুনেছি ছোটবেলায়। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতেন বলে ছোট-বড় সবাই তাঁর নাম দিয়েছিল ভাইসা। আমি থ্রি কি ফোরে পড়ার সময় যেমন তাঁকে দেখেছি এখনো তেমনই আছেন তিনি। ছয় ফুট লম্বা, মেহগনিগাছের মতো কালো মজবুত শরীরের মানুষটা পাড়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন—এই দৃশ্য একটুও পাল্টায়নি। পাড়ার বড়দের কাছে শোনা, তালেবের দোকানে বসে ১৯৮২ সালে ভাইসাই নাকি প্রথম বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে মেধাবী ফুটবলারের নাম দিয়াগো ম্যারেডোনা। এর চার বছর পর ম্যারাডোনার ফুটবল-জাদুতে আচ্ছন্ন হয়ে আমরা সবাই আর্জেন্টিনা দলে নাম লিখিয়েছিলাম।

৩.
তবু কেন এই দলবদল?—সে গল্প বলতেই এই পুরোনো কাসুন্দি ঘাঁটা। প্রায় বছর দশেক আগের কথা। আমি তখন লেখাপড়ার পাট চুকিয়ে আন্দরকিল্লায় টুকটাক প্রিন্টিংয়ের কাজ করি। সন্ধ্যায় তালেবের দোকানের আড্ডায় আমিনুল ভাইয়ের গল্পের টানে রোজ হাজিরা দিই। পাড়ার সীমানাদেয়ালের পাশে টিনের একটা টঙের দোকান। পাশে দুটো টুলে জনা চারেক মানুষ বসতে পারে। সেখানে চা শেষ করে অনেকক্ষণ বসে থাকার সুযোগ তেমন মিলত না কারও। তালেব তাগাদা দিয়ে বলত, ‘ওবা ইবা চাইনিজ হোটেল বানাই ফেইল্ল না তোঁয়ারা?’ তবে ভাইসার কথা আলাদা। তিনি আয়েস করে চায়ে চুমক দিতেন আর মাঝেমধ্যে ভ্রু-জোড়া খানিক পরে তুলে পাশে দাঁড়ানো কারও দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেন, ‘ক্যান চলের?’—ব্যস, এটুকুই চাটগাইয়া বলতেন তিনি। আর সব বাতচিতই চলত নোয়াখালীর মিষ্টি কৌতুকপূর্ণ ভাষায়। সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকলে তাঁকে ঘিরে ভিড় বাড়ত। আর কারও না কারও প্রশ্নের রেশ ধরে শুরু হয়ে যেত গল্প।
পাড়ায় আরও কয়েকজন নোয়াখালীর বাসিন্দা থাকলেও তাদের আলাদা করে দেশি ভাইয়ের মর্যাদা দিতেন না আমিনুল। বরং অনেকের প্রতিই ছিলেন নির্মম। মফিজের কথাই ধরা যাক। এক সন্ধ্যায় মফিজকে সদ্য কেনা টেলিভিশনসহ পাড়ার গেট দিয়ে ঢুকতে দেখে থামান আমিনুল। ‘কী কিনলা?’ মফিজ ভ্যান গাড়ি থেকে নেমে দাঁড়ায়।
‘ফিলিপস কিনছি ভাইসা।’
‘তুঁই তো ভালাই ব্যবসা কর। টেলিভিশন এতো হরে কিনলা যে?’
মাথা চুলকাতে চুলকাতে প্রশ্নে উত্তর খোঁজে মফিজ। আমিনুল যোগ করেন, ‘ওভেনরে টিভি মনে কইচ্ছিলানি?’
মফিজ না বুঝেই উত্তর দিয়েছিল, ‘জি ভাইসা।’

৪.
২০০২ সালের কোরিয়া বিশ্বকাপের সময় পাড়ার সবাই জানল, নাজমা ভাবি ব্রাজিলের সমর্থক। যে বাড়িতে বিশ্বকাপের সময় আর্জেন্টিনার

.
.

ফ্ল্যাগ ওড়ে, যে বাড়ির কর্তা আমিনুল ভাইয়ের মতো পাঁড় আর্জেন্টিনার সমর্থক, তার ঘরে এই বিভীষণ? পাড়ার আর্জেন্টিনার সমর্থকেরা কেউ মানতে পারছিল না। জুন মাসের ৩০ তারিখ জাপানে অনুষ্ঠিত ফাইনালে জার্মানিকে হারিয়ে ব্রাজিল কাপ ঘরে তুললে ঝরনার পাড়ে নীরবতা নেমে এসেছিল। কিন্তু পরদিন সবাইকে অবাক করে দিয়ে প্রতিবেশীদের দাওয়াত করে বিরিয়ানি খাওয়ালেন ভাবি। সেদিন সন্ধ্যায় আমরা আরও এক সুখবর জানতে পারলাম। তালেবের দোকানে বসে আমিনুল ভাই পাংশু মুখে বললেন, ‘বুইজ্জনি মিয়ারা। ডিভোর্স নিশ্চিত আসিল। কিন্তু এখন ঘরে নতুন অতিথি আইয়ের। হিল্লাই খ্যামা দিসি।’
ব্রাজিলের জয় উদ্যাপনের জন্য নয়। সেদিন আমরা হাইওয়ে সুইটসে গিয়ে মিষ্টি খেলাম মুক্তির পৃথিবীতে আসার খবর শুনে। ষোলোই ডিসেম্বর নাজমা ভাবির কোল আলো করে নতুন অতিথি এল। এই দিনে জন্ম নেওয়া মেয়েটির আর কী নাম হতে পারত! আমরা সবাই মিলে ওর নাম রেখেছিলাম—মুক্তি।

৫.
সরু সরু হাত-পা আর বড় বড় চোখ। মুক্তি স্কুলে যেতে শুরু করার পর প্রায়ই গলির মুখে দেখা হতো। আমি তখন দুপুরের খাবার খেতে আসতাম বাসায়। ভাবি কথা বলতে দাঁড়ালে মুক্তি কাছে এসে আস্তে করে জামা ধরে টান দিত। এর অর্থ হলো আইসক্রিম খাবে। আমি পাশের দোকান থেকে একটা চকবার নিয়ে এলে ভাবি কড়া গলায় জানতে চাইতেন, ‘রাশেদ, ও আইসক্রিম চেয়েছে বুঝি?’ মুক্তির সঙ্গে ভাব জমতে সময় লাগেনি আমাদের। এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই, দু-কামরার ছোট বাসাটাতে নানা ধরনের বারবি ডল আর লেগো ছড়িয়ে খেলছে মুক্তি। তবু ২০১০ সালের আগ পর্যন্ত মুক্তি পাড়ার আর সব কাচ্চা-বাচ্চার মতোই আমাদের মনোযোগের বাইরে ছিল। মনোযোগের বাইরে ছিলেন নাজমা ভাবিও।
২০০৬ সালের ১ জুলাই বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবার পর বিরিয়ানির দাওয়াত দিয়েছিলেন আমিনুল ভাই। নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে গিয়ে বেশ বিব্রতই হতে হয়েছিল। এত চেনা নাজমা ভাবি যেন অচেনা হয়ে উঠেছিলেন সেদিন। ঢুকতেই বললেন, ‘টেবিলে খাবার রাখা আছে, খেয়ে চলে যাও। আড্ডা এখানে নয়, বাইরে।’
পরদিন আড্ডায় এসে অনেকক্ষণ থম মেরেছিলেন আমিনুল ভাই। বললেন, ‘বুইজ্জনি, আসলে ফ্রেমের বিয়া তো। ইয়ানে সব সমান-সমান। আর আঁই আর্জেন্টিনা সাপোর্ট করি দেখি তোমগো ভাবি মাইয়ারেও ব্রাজিল বানার। এদ্দুরা মাইয়া, মুখে বোল হুডেনো ঠিক মতো, কয়—ব্রাজিল-ব্রাজিল।’
আমরা অনেকে বিস্মিত হই। প্রেমের বিয়ে, এত দিন জানা ছিল না তো! অগত্যা আমিনুল ভাইকে গল্পটা বলতেই হয়।
১৯৯২-৯৩ সালের কথা। তখন ঢাকার লিগে ওয়ান্ডারার্সের হয়ে খেলতেন আমিনুল। সাবলেট থাকতেন পুরানা পল্টনের একটা বাড়িতে। তিন কক্ষের বাসাটিতে দুই দরজার একটা টয়লেট ছিল। আমিনুল ভাই টয়লেটে গেলে ওপাশের দরজার ছিটকিনি বন্ধ করে দিতেন। আমিনুল ছাড়া ঘরের সদস্য ছিল তিনজন। এনজিওর কর্মকর্তা মোস্তফা, তার বউ আনিকা আর ঢাকায় পড়তে আসা বোন নাজমা। নাজমা ভাবি সম্ভবত সামনের এক চিলতে বৈঠকখানায় ঘুমাতেন। টয়লেটটি ছিল মোস্তফার শোবার ঘরে। সকালে স্বামীর সঙ্গে বেরিয়ে যেত আনিকা। ঢাকার কাছেই কৃষি ব্যাংকের একটা শাখায় চাকরি করত। তখন টয়লেট ব্যবহার করার সুযোগ মিলত নাজমা আর তাঁর। প্রায় সময় নাজমা ভাবি ঘণ্টা খানেক সময় কাটাতেন টয়লেটে। সম্ভবত গোসল সেরে কাপড়ও কাচতেন। স্নানঘরে গান গাইতেন ভাবি। ‘বাহুমে চলি আও’, ‘কাভি কাভি’ এ দুটো ছিল তাঁর প্রিয় গান। গান শুনেই প্রেমে পড়েন আমিনুল। পাশাপাশি সদ্যস্নাত শরীর আর ভেজা চুলের ঠান্ডা গন্ধও তাঁকে পাগল করে তুলত।
নাজমা ভাবি কখনো ভুল করে দরজার ছিটকিনি খোলা রেখেছিলেন কি না এমন প্রশ্নের পর গল্প আরও জমে ওঠে। আমিনুল ভাই হাসিতে ভেঙে খান খান। বলেন, ‘তোঙ্গো কল্পনাশক্তি দেখি আঁই মুগ্ধ।’

৬.
২০১০ সালের বিশ্বকাপের আগে আমরা যখন ঘরে ঘরে আর্জেন্টিনার পতাকা ঝোলাতে ব্যস্ত, আমিনুল ভাই তখন মুক্তিকে ডাক্তার দেখিয়ে সবে ঢাকা থেকে এসেছেন। বেশ কয়েক মাস ধরে মুক্তির মাথা আর হাতে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। ডাক্তারারা ইন্ডিয়া নিতে বলেছিলেন। এখানে এমআরই করে ছোট একটা টিউমারও শনাক্ত করেছেন তাঁরা। কিন্তু সেটা কত দূর কী অবস্থায় আছে, আরও পরীক্ষা-নিরীক্ষা করেই বলা সম্ভব। আমরা তাই খেলা নিয়ে তেমন উচ্ছ্বাস দেখালাম না তাঁর সামনে। সেবার ঘরে পতাকাও ওড়ালেন না ভাইসা।
২ জুলাই ব্রাজিল নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নেওয়ার পর আমরা আনন্দে মিছিল বের করেছিলাম—‘ব্রাজিলের দুই গালে জুতা মারো তালে তালে। কাকার দুই গালে জুতা মারো তালে তালে।’ মিছিল করতে করতে আমরা আমিনুল ভাইয়ের বাসার সামনে গিয়ে দঁাড়ালাম। মুক্তির অসুখের কথাটা কারও মাথায় ছিল না। অনেকক্ষণ স্লোগান দেওয়ার পর আমিনুল ভাই বেরিয়ে এলেন বারান্দায়। এরপর আবার কোনো কথা না বলে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। সেদিন আমাদের এই উদ্দাম হই-হল্লা চলল আরও ঘণ্টা খানেক।
পরদিন বেলা এগারোটায় আন্দরকিল্লার একটা প্রেসে কাজ করছিলাম। সেখানে একজন ফোনে জানাল, মুক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর তখনই মনে পড়ল গত রাতে কী করেছি আমরা!
মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডটা বেশ সাজানো গোছানো। রঙিন কাগজ, বেলুন ও নানা রকম খেলনা দিয়ে সাজানো। কিন্তু এসব দেখবার সুযোগ ছিল না মুক্তির। গত রাতে আমরা যখন মিছিল করছিলাম তখনই ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল সে। পরদিন যখন ওর বেডের সামনে দাঁড়িয়ে, তখন পুরোপুরি সংজ্ঞাহীন সে। স্যালাইনের সঙ্গে অনেক বেশি মাত্রায় মরফিন দেওয়া হয়েছে ব্যথা কমানোর জন্য। এটাই ছিল তখন ওর একমাত্র চিকিৎসা।
আমাকে দেখে আমিনুল ভাই বারান্দায় এলেন। একটা সিগারেট ধরিয়ে দেয়ালের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। কতক্ষণ কেটে গেল খেয়াল ছিল না। মনে হলো কয়েক ঘণ্টা। আসলে হয়তো দশ মিনিটও নয়। আমিনুল ভাই ভাঙা গলায় বললেন, ‘ওর মাথার কাছে দড়িতে ঝোলানো কাপড়ের সঙ্গে ব্রাজিলের জার্সিটাও আছে। গত সপ্তাহে কেনা। পরশু খেলা শেষ হওয়ার পর ব্যথা শুরু হয়। ব্রাজিলের জার্সিটা পরা হয়নি তখনো। আমার হাত ধরে বলল, আব্বু, ব্রাজিলের জার্সিটা পরা হবে না?’
কোথাও আমি পড়ে যাচ্ছিলাম। কোথায় জানি না। আমিনুল ভাই অনেক দূরে সরে গেলেন। মনে হলো ঝাপসা হয়ে তিনি চোখের সামনে থেকে মুছে গেলেই ভালো হতো। কিন্তু আমিনুল ভাই এখনো আছেন। মেহগনিগাছের মতো মজবুত শরীর নিয়ে হেঁটে যান। আর আমরা তাঁর কথা ভেবে অনুতাপে দগ্ধ হয়ে প্রিয় দলের সমর্থন ছেড়েছি। ভাবি কখনো আবার আড্ডায় ফিরবেন তিনি। আমরা অপেক্ষা করি...