আত্মজিজ্ঞাসার মুখোমুখি
এই বাঙলায়—সনত্কুমার সাহা \ ফেব্রুয়ারি ২০১০ \ শোভা প্রকাশ, ঢাকা \ প্রচ্ছদ: ধ্রুব এস \ ২২৫ টাকা সনৎ কুমার সাহা অর্থনীতিবিদ। অর্থনীতির মতো জটিল বিষয়েই তিনি অধ্যয়ন ও অধ্যাপনায় নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন। কিন্তু তাঁর চিন্তার জগৎ অর্থনীতিকে ছাড়িয়ে সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির বৃহত্তর পরিসরে পরিভ্রমণ করে থাকে। তাঁর প্রতিটি রচনাই জীবন-জিজ্ঞাসা ও অনুসন্ধিত্সা বাড়িয়ে দেয়। তিনি যখন ব্যক্তিকে নিয়ে লেখেন, তখন অনিবার্যভাবে সমাজ আসে, শিক্ষা ও সংস্কৃতি আসে। আবার সমাজ-সংস্কৃতি নিয়ে লিখতে গেলেও ব্যক্তির ভূমিকা উল্লেখ করতে ভোলেন না। তাঁর বইয়ের শিরোনামেই স্পষ্ট, কাদের নিয়ে বলতে চান এবং কাদের উদ্দেশে বলতে চান। মোট ২৪টি ছোট-বড় প্রবন্ধ নিয়ে সাজানো হয়েছে এই বাংলায়। এই বাংলার কথা বলতে গিয়ে তিনি স্বাধীনতা-উত্তর ৩৯ বছরের বাংলাদেশে সীমাবদ্ধ থাকেননি। চলে গেছেন সভ্যতার ইতিহাসে, মানবমুক্তির দর্শনে এবং সংস্কৃতির অন্বেষণে। ভূমিকায় সনত্কুমার সাহা লিখেছেন, ‘ইতিহাসে স্থান ও কালের মাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চলমান বর্তমানে অতীতও সঙ্গে সঙ্গে চলে। এবং বহু মানুষের জীবন ভাবনায় বাইরের প্ররোচনাও এসে মেশে।...সেখানে চোখ রেখেই এই বাংলার চলমান স্থির বিন্দু একটা খোঁজা। এই বাংলায় যুগ যুগ ধরে বহু মানুষের মিশ্রণ। এই তার স্বরূপের মূল ভিত্তি। মূল শক্তিও।’এই শক্তিকেই লেখক ধারণ ও লালন করতে চেয়েছেন গ্রন্থভুক্ত সব কটি লেখায়। তিনি যুক্তি ও তথ্যসমেত শক্তির বিপরীতে যে অপশক্তি, প্রগতির বিপরীতে যে প্রতিক্রিয়াশীলতা, শুভর বিপরীতে যে অশুভ সক্রিয় তা চিহ্নিত করেছেন। একই সঙ্গে প্রগতিশীলদের দুর্বলতার কথা বলেছেন, প্রতিপক্ষের সমালোচনার পাশাপাশি আত্মসমালোচনাও করেছেন। এই বাংলায় লেখক যেসব অনুকরণীয় চরিত্র নিয়ে আলোচনা করেছেন, তাঁদের মধ্যে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, কাজী নজরুল ইসলাম, মাহবুব-উল আলম চৌধুরী, ওয়াহিদুল হক, অধ্যাপক মুশাররফ হোসেন, খান সারওয়ার মুরশিদ, হাসান আজিজুল হক, জিল্লুর রহমান সিদ্দিকী, পণ্ডিত রঘুনাথ দাস, ইলা মিত্র, সন্তোষ গুপ্ত প্রমুখ। ব্যক্তিগতভাবে এঁদের কারও সাহচর্য তিনি পেয়েছেন, কারও জীবন-দর্শন ও রাজনৈতিক ভাবনা তাঁকে আলোড়িত করেছে। ফলে লেখাগুলো ব্যক্তিগত থাকেনি, হয়ে উঠেছে সর্বজনীন। তবে যে নিবন্ধগুলো আমাদের সবচেয়ে বেশি ভাবায় ও তাড়িত করে; সেগুলো হলো স্বদেশ ও স্বসমাজকেন্দ্রিক। প্রায় প্রতিটি লেখায় গণতন্ত্র, স্বাধীনতা ও মানবমুক্তির কথা ঘুরেফিরে এসেছে। এসেছে ইতিহাসের বাঁকে বাঁকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের কথাও। এমনকি সমাজতন্ত্রকেও তিনি গতানুগতিক ছকে দেখেননি। তাঁর মতে, সোভিয়েত ইউনিয়নের ভাঙন, পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পরাজয় কিংবা চীনের ধনতান্ত্রিক উল্লম্ফনের পেছনে নিশ্চয়ই বাইরের কারসাজি ছিল। তবে ভেতরের দুর্বলতার বিষয়টিও উপেক্ষা করার মতো নয়। আরেকটি বিষয়কে তিনি গুরুত্ব দিয়েছেন, তা হলো আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতি। কোনো ধর্ম ও বর্ণের রেখায় একে বিভক্ত করার যে মানসিকতা পাকিস্তান আমলে চেপে বসেছিল, যা থেকে আমরা কতটা উদ্ধার পেয়েছি, নিজেদের মতান্ধ ও স্বার্থান্ধতার ঊর্ধ্বে রাখতে পেরেছি, সেই প্রশ্নটিই বারবার সামনে এনে লেখক জাতির চৈতন্যে নাড়া দিতে সচেষ্ট হয়েছেন। সনত্কুমার সাহা বলেছেন, ‘ কিন্তু স্বাধীনতার তিন দশক পার হয়ে আজ দেখি কিছুই আমরা এগোতে পারিনি বরং পিছিয়ে পড়েছি অনেক। যা অশুভ শক্তিকে পরাস্ত করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনা, তাই আবার এখন মাথার ওপর চেপে বসে সর্বগ্রাসী বর্বরতায় তার প্রতিশোধস্পৃহা চারিতার্থ করতে শুরু করেছে।’ এর পরও তিনি আমাদের আশার কথা শোনান, ‘কোনো রাহুর গ্রাস কোথাও অনন্তকাল থাকে না। একদিন তা কেটে যায়। রাহুগ্রস্ত হলেও আমার দেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়নি।’ এ রকম চিন্তা বিশ্লেষণী ও আত্মপ্রত্যয়ী বক্তব্য আছে প্রায় সব প্রবন্ধেই। এ বই আমাদের চিন্তাভাবনার জগেক যেমন প্রসারিত করবে, তেমনি আত্মসমালোচনারও মুখোমুখি দাঁড় করাবে।