
একদিকে অপূর্ণতা আর অতৃপ্তির অনুভূতি, আরেক দিকে পূর্ণতা লাভের বাসনা—এই নিয়েই মানুষের জীবনভর পথচলা। জীবন থেকে উনআশি বছর কেটে গেছে এ দেশের সর্বজ্যেষ্ঠ নারী শিল্পী তাহেরা খানমের। ৫ জুন ঢাকার বেঙ্গল শিল্পালয়ে তাঁর দ্বিতীয় একক প্রদর্শনী উদ্বোধনের সন্ধ্যাটিতে তাঁকে দেখে মনে হলো, তাঁর মতো সুখী মানুষ আর কে আছে! চোখে-মুখে তখন গভীর তৃপ্তি ও স্বস্তির অনুভূতি। অথচ ওর মধ্যেই তাঁকে কুরে কুরে খাচ্ছে আরেক দুঃখ। এই প্রদর্শনীর পেছনে যে দুজনের ইচ্ছা ও আগ্রহ ছিল ব্যাপক—কাইয়ুম চৌধুরী ও সুবীর চৌধুরী—দুজনই জীবন থেকে বিদায় নিয়েছেন গেল বছর। এভাবেই জীবনের একদিক পূর্ণ হয় তো আরেক দিক ভরে ওঠে অপূর্ণতায়।
এ দেশের আধুনিক চারুশিক্ষার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯৪৮ সালে, ঢাকা আর্ট ইনস্টিটিউটকে কেন্দ্র করে। এর প্রথম ছয় ব্যাচ ছিল ছাত্রীশূন্য। ১৯৫৪ সালে সপ্তম ব্যাচে প্রথম যে পাঁচজন ছাত্রীর প্রবেশ ঘটেছিল চারুকলা অঙ্গনে, তারই অন্যতম তাহেরা খানম। দেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর সহধর্মিণী হওয়া সত্ত্বেও নানা বাধাবিপত্তি, অনুপ্রেরণার অভাব প্রভৃতি নিয়ে অত্যন্ত ধীর লয়েই চলছিল তাঁর শিল্পযাত্রা। কোনো রকম, খুঁড়িয়ে খুঁড়িয়ে, দীর্ঘ বিরতি দিয়ে—একে ঠিক যাত্রা বলা যায় না। তবু ২০০৩ সালে তাঁর প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হলো ঢাকার গ্যালারি চিত্রকে। ১৯৫৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত আঁকা ১০৫টি শিল্পকর্ম নিয়ে আয়োজিত হয়েছিল ওই প্রদর্শনী। জলরং, প্যাস্টেল, চারকোল, কালিকলম, পেনসিল ড্রইং প্রভৃতি মাধ্যমে আঁকা ছিল সেই প্রদর্শনীর চিত্রকর্ম। তারপর কেটে গেছে এক যুগ। বর্তমান প্রদর্শনীর চিত্রসমষ্টি ২০১০ থেকে ২০১৫ কালপর্বে আঁকা।
মাধ্যমের বৈচিত্র্যও আর নেই; বর্তমান প্রদর্শনীতে উপস্থাপিত ৪৮টি ছবির সব কটিই আঁকা হয়েছে ক্যানভাসে অ্যাক্রিলিক মাধ্যমে। এমন পড়ন্ত বয়সসীমায় এতগুলো চিত্র সৃষ্টির একটি ইতিহাস অবশ্য আছে। সেটি একধরনের বিদ্রোহের ইতিহাস, আত্মজাগরণের ইতিহাস।
প্রদর্শনীর ৪৮টি ছবির সব কটিই আঁকা হয়েছে ক্যানভাসে অ্যাক্রিলিক মাধ্যমে
২০০৫ সাল থেকেই বেঙ্গল শিল্পালয়ের পক্ষ থেকে দেশে-বিদেশে শিল্পীদের নানা কর্মশালার আয়োজন করা হচ্ছিল। এর অনেকগুলোতে তিনি শিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী হিসেবে তাঁর সঙ্গী হয়েছেন। এ রকমই এক আয়োজনের আগ মুহূর্তে তাহেরা খানমের ভেতরকার সুপ্ত শিল্পীসত্তা জেগে উঠল; তিনি বিদ্রোহ করে বসলেন; বললেন, শিল্পী হিসেবে তাঁকে স্বতন্ত্রভাবে নিমন্ত্রণ করা না হলে যাবেন না। আয়োজকেরা তাঁর শিল্পীসত্তার প্রতি সম্মান প্রদর্শন করলেন। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে তিনি এশিয়ার পাঁচটি দেশে আয়োজিত কর্মশালায় আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশগ্রহণ করে ছবি এঁকেছেন। দেশগুলো হলো মালদ্বীপ (২০১০), দক্ষিণ কোরিয়া (২০১১), নেপাল (২০১১), ভুটান (২০১১) ও শ্রীলঙ্কা (২০১২)। এ সময়ে বা পরবর্তীকালে দেশে আয়োজিত কর্মশালাগুলোতে তিনি ছবি আঁকার জন্য আমন্ত্রিত হয়েছেন। আর এসব অংশগ্রহণ সূত্রে তাহেরা খানমের মধ্যে শিল্প সৃষ্টির যে আকুলতা জেগেছে, এই ৪৮টি চিত্রকর্ম তারই ফল। তাঁর বিদ্রোহ ও সাহসের প্রশংসা না করে উপায় নেই। এই যে ৭৪ থেকে ৭৯ বছর বয়সের কালসীমায় ৪৮টি ক্যানভাসকে রং, রেখা, মোটিফ ও ইমেজে ভরিয়ে তুলতে তিনি সাহসী হয়ে উঠলেন, শিল্পী হিসেবে স্বীকৃতি লাভের বাসনাকে উচ্চকিত করে তুললেন, দেশবরেণ্য শিল্পীর সহধর্মিণীর মর্যাদায় তৃপ্ত থাকলেন না—এটাই একটা বড় শিক্ষণীয় ঘটনা।
‘প্রকৃতির রংরাগিণী’, ‘প্রকৃতির স্বরগ্রাম’, ‘নিসর্গ-নীড়’, ‘বাগানে বিহঙ্গ’, ‘নিজেরে হারায়ে খুঁজি’ প্রভৃতি শিরোনামের নানা চিত্রগুচ্ছ এঁকে প্রকৃতির সঙ্গে যেমন তিনি আত্মলীন হয়েছেন, তেমনি আত্মস্বরূপের সন্ধানে এমন বয়সে নগ্ন নারীচিত্র আঁকার সাহসও দেখিয়েছেন। খঁজেছেন আত্মপ্রকৃতির মধ্যে নিজের বিবর্তিত সত্তাকেও। এসব চিত্রে মূলত পরিস্ফুটিত হয়েছে তাঁর শিল্পীসত্তার এক গভীর আকুতি, আত্মপ্রকাশের এক তীব্র আকাঙ্ক্ষা। বিশেষভাবে উল্লেখযোগ্য ‘মগ্ন মৈনাক’ চিত্রটি, যেখানে পার্বত্য প্রকৃতির নৈঃশব্দ্য লাভ করেছে এবং সাংগীতিক ব্যঞ্জনা।
প্রদর্শনীর চিত্রগুলো শিল্প হিসেবে কতটা সার্থক হয়েছে, তার হিসাব-নিকাশের চেয়ে এ দেশের প্রথম প্রজন্মের এই নারী শিল্পীর পঁচাত্তরোর্ধ্ব জীবনে মনস্তত্ত্বটি পাঠ করা অনেক বেশি জরুরি বলে মনে হয়। যে মনোগহনে নারীসত্তা ও শিল্পীসত্তার যুগপৎ জাগরণের এক সৌন্দর্যমণ্ডিত বৈভবকে আমরা নিশ্চিতভাবে প্রত্যক্ষ করতে পারি। প্রদর্শনীটি শেষ হবে ২৫ জুন।