আদর্শ ফুটবলারের প্রতীক হতে পারতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ

ম্যারাডোনাকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি হচ্ছে কেন, তার কোনো কারণ আমি খুঁজে পাই না। কারণ, ম্যারাডোনা যত ভালো খেলোয়াড়ই হোন না কেন, তাঁকে বহিষ্কারের ঘটনা যত বেদনাদায়কই হোক, ফিফার সিদ্ধান্তকে সঠিক ও যুক্তিপূর্ণ বলেই মেনে নেওয়া উচিত। আমার সবচেয়ে বেশি দুঃখ লেগেছে, আর্জেন্টিনাতে যখন ম্যারাডোনার নিন্দা করেছেন অনেকেই, তখন আমাদের দেশে তাঁর পক্ষ নিয়ে বিক্ষোভ মিছিল হচ্ছে। অথচ নিজের দেশের যখন সাফ গেমসের ফুটবলে ভরাডুবি হলো, কই তখন তো কেউ কান্নায় ভেঙে পড়ে পথে নামেননি। সেদিন যদি পরাজয়ের বেদনায় কাঁদতে কাঁদতে আমরা পথে নামতে পারতাম, তাহলে হয়তো বা পরাজয়ের বেদনা কিছুটা বুঝতেন আমাদের ফুটবলাররা। কারণ আমার মনে হয়, নিজের পরাজয়কেও আমরা বেদনাদায়ক বলে এখন আর মনে করি না।

ম্যারাডোনার মতো এত বড় একজন ফুটবলার কেন ড্রাগ নেবেন। একবার নয়, বারবার, কেন নেবেন। তাঁর নিজের দেশের সম্মান কি এতে বাড়ল? সারা পৃথিবীর কত মানুষের প্রিয় ছিলেন তিনি। তাদের কথা, তাঁর দেশের কথা একবারও তিনি ভাবেননি। একজন আদর্শ ফুটবলারের প্রতীক হতে পারতেন তিনি। তাঁকে অনুসরণ করতে পারত পরবর্তীরা। কিন্তু নিজেই তা হতে দেননি। এখন যদি তাঁর অপরাধ ক্ষমা করে দেওয়া হয়, তবে সেটা হবে আরেক অপরাধ। কারণ পরে কোনো স্টার খেলোয়াড় মাদক গ্রহণ করলে ম্যারাডোনার উদাহরণ দিয়ে তিনিও ক্ষমা প্রার্থনা করবেন এবং এভাবেই এটা নিয়মে পরিণত হয়ে যাবে। খেলাধুলার জগতে মাদক নিয়ন্ত্রণ করা তখন অসম্ভব হয়ে পড়বে। 

সংগ্রহ ও ভূমিকা

পিয়াস মজিদ

ক্রীড়াপ্রেমী হুমায়ূন আহমেদের কথা আমরা সবাই জানি। ক্রিকেটে বাংলাদেশের বিজয় নিয়ে তাঁর আবেগঘন অনুভূতির সঙ্গে পরিচয় আছে অনেকেরই। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের তিনি বইও উৎসর্গ করেছেন। তবে হুমায়ূন আহমেদ ফুটবলপ্রেমীও ছিলেন। আজ থেকে দুই যুগ আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে মাদক গ্রহণের দায়ে ফিফা কর্তৃক আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার বহিষ্কারের পরিপ্রেক্ষিতে হ‌ুমায়ূন আহমেদের একটি সুচিন্তিত মতামত গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রথমে এটি দৈনিক জনকণ্ঠ-এর ১৩ জুলাই ১৯৯৪-সংখ্যায় এবং পরে আগস্ট ১৯৯৪-এ ঢাকার প্রত্যয় প্রকাশনী প্রকাশিত নন্দিত নিন্দিত ম্যারাডোনা (বিভুরঞ্জন সরকার সম্পাদিত) বইয়ে সংকলিত হয়। হুমায়ূন আহমেদ স্বল্প-পরিসরে এই লেখায় বাংলাদেশে ম্যারাডোনা-উন্মাদনা নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি বাংলাদেশের ফুটবল-দুরবস্থা বিষয়েও তাঁর ক্ষোভের কথা ব্যক্ত করেছেন। ১৯৯৪ ফুটবল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ মৌসুমে প্রকাশিত এই লেখার প্রাসঙ্গিকতা ২০১৮-এর রাশিয়া বিশ্বকাপের সময়ে এসে মোটেও ফুরিয়ে যায়নি। কারণ এখনো বাংলাদেশ ফুটবলে অনেক পিছিয়ে আর এখনো ম্যারাডোনার স্থলে মেসি, নেইমার নিয়ে আমাদের উন্মাদনার শেষ নেই।