আদিবাসী মায়ের বোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকির মুখে নিশ্চিহ্ন হওয়ার পথে প্রায় সব কটি আদিবাসী ভাষা। রাজবংশী, ভোজপুরি ভাষার এর মধ্যেই মৃত্যু ঘটেছে। আদিবাসী ভাষাগুলোর বিপন্নতার অন্যতম প্রধান কারণ, শিক্ষার মাধ্যম হিসেবে এসব ভাষার ব্যবহার নেই। ১৯৯৯ সালে যখন ভাষাশহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেল, পৃথিবীর আর সব দেশের চেয়ে বাংলাদেশেই বেশি প্রত্যাশা ছিল, আদিবাসী শিশুদের প্রাথমিক শিক্ষা শুরু হবে তাদের মাতৃভাষায়। সর্বজনীন প্রাথমিক শিক্ষার যত বাধ্যবাধকতা হোক, প্রাথমিক স্তরে আদিবাসী শিশুদের ভর্তির হার বাঙালি শিশুদের চেয়ে কম, আর আদিবাসী শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার বাঙালি শিশুদের দ্বিগুণেরও বেশি। মাতৃস্নেহ ছাড়া যেমন শিশুর বিকাশ সম্ভব নয়, মাতৃভাষা ছাড়া শিশুর শিক্ষার যথোচিত সূচনাও সম্ভব নয়—এ ধরনের বক্তব্য প্রমাণ করে, মারমা ও বম ভাষায় প্রণীত দুটো পাঠ্যবই অবমুক্তকরণের মাধ্যমে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ কার্যক্রম বন্ধ হওয়ার কথা ছিল ২০০৭-এর আগস্টে; বাংলাদেশের অন্যান্য আদিবাসীর মধ্যেও সাজসাজ রব পড়েছিল—তাদের সন্তানদের শিক্ষা ঘরের দুয়ারে চলে আসছে, মাতৃভাষায় তারা পড়াশোনা করতে পারবে।২০১০ সালের ১২ ফেব্রুয়ারি প্রথম আলো লিখেছে, ভেস্তে গেল আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের উদ্যোগ। আদিবাসী ও উদ্যোগ গ্রহণকারী সংস্থার ভাষ্য, সামরিক-বেসামরিক আন্তর্জাতিক জটিলতার কারণে মারমা ও বম ভাষায় রচিত বইগুলো আর অবমুক্ত হয়নি। তিন বছর পর আবারও নিশ্চিত হওয়া গেল, মুখ থুবড়ে পড়েছে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ কার্যক্রম। জেলা পরিষদের আদিবাসী চেয়ারম্যান সব জটিলতার কথা স্বীকার করে জানিয়েছেন, আপাতত আদিবাসী মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করা সম্ভব হচ্ছে না।আদৌ হবে কি না, তারও কোনো ইঙ্গিত নেই। নিখিল মানকিন লিখেছেন, ‘বাংআ জাবুছুম দুখনি সাগাল বালজ্রয়ে, রেপজক চিংআ দাঙ্গাল সেংআ আসাকদা’—(হাজার পাহাড় আর দুঃখ নদী পেরিয়ে এসে গেছি, আজ আমরা নতুন ঠিকানায়।) যে ভাষায় এই গান লিখিত ও গীত, গারোদের সেই মাতৃভাষা আচিক বিলুপ্তির পথে। তার লেখাতেই প্রতীয়মান, অধিকাংশ গারো শিশুই তাদের মাতৃভাষায় নিজেদের মধ্যে ভাব-বিনিময় করতে পারে না; নতুন প্রজন্মের গারো শিশুদের নিয়ে অস্বস্তিতে আছেন ময়মনসিংহের ফুলপুর থানার আটটি গারো গ্রামের অভিভাবক। ভাষার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে গারোদের সমৃদ্ধ সংস্কৃতি, হারিয়ে যাচ্ছে তাদের পালাগান—সেরেনজিং। গবেষণায় উঠে এসেছে, ১২ শ্রেণীর স্কুল ফাইনাল অতিক্রম করতে পারে শতকরা মাত্র ২ দশমিক ৩ ভাগ আর শিক্ষার জন্য স্কুলে ভর্তি ম্রোদের বেলায় শতকরা ১৫ দশমিক ৫, মেয়েশিশু মাত্র ২ দশমিক ৭ (দ্য ডেইলি স্টার ১৮ অক্টোবর ২০০৯); অন্যদিকে প্রাতিষ্ঠানিক অনাগ্রহ ও চর্চার অভাবে ৩০টি আদিবাসী ভাষা বিলুপ্তির পথে। ভাষার বিলুপ্তি মানে কেবল একটি ভাষার মৃত্যুই নয়, একটি সংস্কৃতির, একটি মানবগোষ্ঠীর সঞ্চিত অভিজ্ঞতা ও জ্ঞানের বিলুপ্তি।