আধুনিক শিল্পযাত্রার খণ্ডচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রোববার সকাল’, শিল্পী: দেবদাস চক্রবর্তী
‘রোববার সকাল’, শিল্পী: দেবদাস চক্রবর্তী

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি: ‘বাংলায় লিখেছি’—মোটা ব্রাশে আঁকা একটি মুখ। ১৯৭৪ সালে জয়নুল এটি এঁকেছিলেন ব্রাশ ও সেরিওগ্রাফি মাধ্যমে। এ চিত্রকর্মে আছে শিল্পাচার্যের শেষ জীবনের ড্রয়িংয়ের প্রধান বৈশিষ্ট্য—রেখার সরল বলিষ্ঠতা।
এস এম সুলতানের রেখাচিত্রটি কলম দিয়ে আঁকা। কাগজটি বিবর্ণ হয়ে লাল হয়ে গেছে। ছবির বিষয়বস্তু সাদামাটা, কিন্তু খেয়াল করলেই দেখা যায়, ১৯৮৪ সালে আঁকা সুলতানের এ ছবিতে ফুটে উঠেছে সামাজিক বৈষম্যের প্রতি তীব্র কটাক্ষ।
এই যে ছবিগুলোর কথা বলা হলো, কীর্তিমান শিল্পীদের এমন আরও অনেক ছবি নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় বর্তমানে চলছে একটি প্রদর্শনী। এর মধ্যে পথচলার এক যুগ পার করেছে গ্যালারি কায়া। সে উপলক্ষে ১৯৭৩ থেকে ২০১৩ সালের মধ্যে আঁকা বিভিন্ন শিল্পীর চিত্রকর্ম নিয়েই এই আয়োজন। বলার কথা হলো, প্রদর্শনীতে আছে দুষ্প্রাপ্য কাজের বিস্তর সমাহার। অধিকাংশ ছবিই এসেছে গ্যালারির নিজস্ব সংগ্রহ থেকে আর অল্প কয়েকটির উৎস সংগ্রাহকদের ব্যক্তিসংগ্রহ।

‘বাংলায় লিখেছি’শিল্পী: জয়নুল আবেদিন
‘বাংলায় লিখেছি’শিল্পী: জয়নুল আবেদিন

মোট ২৩ জন খ্যাতিমান শিল্পীর চিত্রকর্ম আছে এখানে। এঁদের কয়েকজন প্রয়াত, তবে বেশির ভাগই এখনো সক্রিয়।
প্রথমে বলি কামরুল হাসানের ছবির কথা। এখানে রয়েছে তাঁর বেশ কয়েকটি মনোমুগ্ধকর কাজ, যেগুলো ড্রয়িংয়ের বলিষ্ঠতা আর অভিব্যক্তির স্ফুরণে বাঙ্ময়।
ট্যাপিস্ট্রি ও তেলরঙে বেশির ভাগ ছবি এঁকেছেন রশিদ চৌধুরী। প্রদর্শনীতে তেলরঙে আঁকা রশিদের ছবিতে পাওয়া গেল তাঁর স্বভাবজাত গল্পের বিন্যাস।
দেবদাস চক্রবর্তীর তিনটি ছবি স্থান পেয়েছে এখানে। তার মধ্যে পাওয়া গেল শিল্পীর স্বাক্ষরবিহীন হার্ডবোর্ডে তেলরঙে আঁকা একটি চমৎকার ছবি—‘রোববার সকাল’। জানা গেল, প্রথমে এটি যাঁদের সংগ্রহে ছিল, পরে তাঁদের জন্য শিল্পী ক্যানভাসে এঁকে দিয়েছিলেন এই ছবিরই আরেকটি সংস্করণ। এরপর হার্ডবোর্ডে অাঁকা মূল ছবিটি শিল্পীকে ফিরিয়ে দিয়েছিলেন তাঁরা। ১৯৭৭ সালে আঁকা এই ছবি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে সম্প্রতি এটিকে সংস্কার করা হয়েছে।
রয়েছে রফিকুন নবী আর শিশির ভট্টাচার্য্যের দুটি ছবি। রফিকুন নবীর ছবিতে সাদাকালো ড্রয়িংয়ে লাইনের মধ্যে বুনট তৈরির বিষয়টি অভিনব। অন্যদিকে শিশির ভট্টাচার্য্যের কাজে সবুজ, হলুদ, লাল বর্ণের রংধনু তৈরি করেছে ভিন্নমাত্রা।
গত ১২ বছরে কায়ার বড় অর্জন তাদের ব্যতিক্রমী বর্ণিল আয়োজন। এ প্রদর্শনী দেখে এমন একটি আয়োজনের কথা মনে পড়তে পারে কারও কারও। ২০০৬ সালে আধুনিক শিল্পীদের স্থানীয় ঐতিহ্যবাহী করণকৌশলের সঙ্গে পরিচিত করানোর উদ্দেশ্যে যমুনার তীরে কায়া আয়োজন করেছিল একটি আর্টক্যাম্প। আমিনুল ইসলাম, মুর্তজা বশীর, নিতুন কুন্ডু, কালিদাস কর্মকার, কাইয়ুম চৌধুরীসহ অনেকেই অংশ নিয়েছিলেন সেখানে। তাঁরা কাজ করেছিলেন পটের বর্ণ লেপনপদ্ধতি অনুসরণ করে। এ পদ্ধতি তাঁরা শিখেছিলেন পটশিল্পী শম্ভুনাথ আচার্যের কাছ থেকে। পরবর্তী সময়ে এ মাধ্যমে তাঁরা কেউই আর কাজ করেননি। তবে তাঁদের সেই কাজগুলো শোভা পাচ্ছে এবারের প্রদর্শনীতে।
১৯৯২ সালে কবি শামসুর রাহমানের একটি প্রতিকৃতি এঁকেছিলেন মুর্তজা বশীর। এরপর সেই ছবিতে স্বাক্ষর করেছিলেন দুই বন্ধু—মুর্তজা বশীর ও শামসুর রাহমান। তো, প্রদর্শনীতে দেখা মিলল সেই ছবিটির।
আবার শম্ভুনাথ আচার্যের একটি ছবিতে দেখা গেল নিজের প্রথাগত নির্মাণকৌশলের বাইরে গিয়ে পাশ্চাত্য ধারার বর্ণলেপন পদ্ধতির ছোঁয়া।
এচিং ও জলরঙের মিশ্র মাধ্যমে মনিরুল ইসলামের ছবিটিও বিষয়বৈচিত্র্য এবং উপস্থাপনায় অনন্য। একইভাবে অনন্য চন্দ্রশেখর দের একটি পেনস্কেচ। কলমে শিল্পীর মুনশিয়ানার স্বাক্ষর বহন করছে ছবিটি।
অকালপ্রয়াত দিপা হকের দুটি তেলচিত্রকে আলাদা না করে বরং যুগল বলাই সংগত। ছবি দুটিতে আমবার্তো বকিওনি আর পাবলো পিকাসোর মিলিত ছাপ থাকলেও এর মধ্য দিয়ে প্রকাশিত দিপার স্বাতন্ত্র্যও।
শাহাবুদ্দিন আহমেদের একটি রঙিন লিথো আছে প্রদর্শনীতে। দেখে মনে হয় প্লেট লিথো। ৫০টি সংস্করণের ২১তমটি এখানে প্রদর্শিত হচ্ছে। এই মাধ্যমে শিল্পীর কারিগরি দক্ষতার নমুনা এই ছবি।
উডকাঠের জন্য বিখ্যাত রতন মজুমদার। চোখে পড়ল তাঁর দুটি কাজ—একটি ১৯৭৮ সালের, অন্যটি ’৮৩ সালের। দুটিই শিল্পীর মাইলস্টোন কাজের অন্তর্গত।
সাম্প্রতিক কাজের সঙ্গে রণজিৎ দাসের পুরোনো কিছু কাজও আছে এখানে। এ ছাড়া সমরজিৎ রায়চৌধুরী, হামিদুজ্জামান খান, হাশেম খান, তরুণ ঘোষের ছবিতে তাঁদেরকে চেনা যায় বেশ ভালোভাবেই। সব মিলিয়ে প্রদর্শনীটি নানা অর্থেই বৈচিত্র্যময়। এখানে যেমন রয়েছে বিভিন্ন মাধ্যমে আঁকা নানান শিল্পীর চিত্রমালা, তেমনি পাওয়া যায় বাংলাদেশের আধুনিক শিল্পযাত্রার একটি খণ্ডচিত্রও।
৫ জুন শুরু হওয়া এই প্রদর্শনীটি শেষ হচ্ছে আজ।