আনন্দময় ‘কাদা উৎসব’!
উৎসবটা কাদা মাখামাখির। কাদা ছোড়াছুড়ির। মাটি-কাদায় প্রকৃতির কোলে ফিরে যাওয়ারও একটা প্রচ্ছন্ন উদ্দেশ্য রয়েছে এ উৎসবে। একই সঙ্গে রয়েছে কঠিন যান্ত্রিক জীবন থেকে একটু ছুটি নিয়ে আনন্দ উপলক্ষে জীবনটাকে রঙিন করা।ব্রাজিলের অনিন্দ্যসুন্দর শহর প্যারেটি। রাজধানী রিও ডি জেনিরো থেকে ১৫৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এ শহরটি। এখানে প্রতিবছর দেশ-বিদেশ থেকে মানুষ একত্র হন কাদা মাখতে। কাদা গায়ে মাখা যে এত আনন্দের, সেটি প্যারেটির এই উৎসব না দেখলে বোঝার কোনো উপায় নেই। উৎসব যখন শুরু হয়, তখন সবাই একসঙ্গে কর্দমাক্ত ভূমিতে ঝাঁপিয়ে পড়েন। গড়াগড়ি খান। একে অন্যের দিকে ছুড়ে মারেন কাদার দলা। কাদায় মাখামাখি হয়ে তখন হারিয়ে যায় সত্যিকারের চেহারা। কিন্তু আনন্দটা এখানেই। সেটা কিছুক্ষণের জন্য হলেও দৈনন্দিন জীবনাচার থেকে কিছুটা নিস্তার পাওয়া।১৯৮৬ সালে এই উৎসবের শুরু। প্যারেটিতে কয়েক বন্ধু মিলে কাদার মধ্যে কাঁকড়া খুঁজতে গিয়ে নিজেদের এক অপার আনন্দময় মুহূর্তে আবিষ্কার করেন। তাঁরা অবাক হয়ে লক্ষ করেন, কাদা-মাটিতে মাখামাখি হয়ে বিরক্তির বদলে অসম্ভব উত্তেজনা অনুভব করছেন। সেই থেকে শুরু। ছোট্ট পরিসরে, নিজেদের মধ্যে শুরু করা সেই উৎসব এখন হাজারো মানুষের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ভাগ্যিস সেই বন্ধুরা কাঁকড়া শিকার করতে প্যারেটিতে গিয়েছিলেন।প্যারেটির এ উৎসবের একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। বলা হয়, সুদূর অতীতে রেড ইন্ডিয়ানরা প্যারেটির কাদা গায়ে মাখত রোগ-বালাই থেকে নিস্তার পেতে। থকথকে কাদা মেখে সমগ্র শরীর তারা ঢেকে ফেলত। সেই কাদা শরীরে নিয়ে রোদে বসে থাকত সারা দিন। কাদা শুকিয়ে গেলে তা তুলে ফেলা হতো। ব্যাপারটি অনেকটা ছিল কবিরাজি চিকিৎসার মতো। রেড ইন্ডিয়ানদের বিশ্বাস ছিল,কাদা মাখার ফলে রোগ-বালাই তাদের শরীরে বাসা বাঁধবে না। এমনকি দীর্ঘ জীবন পাওয়ারও একটা সুপ্ত আকাঙ্ক্ষা মিশে ছিল এই কাদা মাখার ব্যাপারটিতে। শরীরে কাদা মাখার সময় উৎসব চলত প্যারেটিতে। ১৯৮৬ সালে চালু হওয়া আধুনিক মাড কার্নিভালও সে আদলেই হয়ে আসছে বলে বিশ্বাস করেন ঐতিহাসিকেরা।মাড কার্নিভাল কিন্তু কেবলই কাদা মাখামাখির উৎসব নয়। এতে শিল্পের ছোঁয়াও রয়েছে। উৎসবে মাততে প্যারেটিতে আসা অনেকে গায়ে কাদা মেখেই ক্ষান্ত হন না। সেই কাদা দিয়ে শরীরে তৈরি করেন নানা রকম অদ্ভুত শিল্পকর্ম। কাদা দিয়ে পোশাক তৈরি থেকে শুরু করে তাঁরা বিভিন্ন বিমূর্ত ভাস্কর্যও তৈরি করেন। সব মিলিয়ে কাদা মাখার আনন্দের সঙ্গে শিল্পের ছোঁয়াই এ উৎসবকে দিয়েছে একটি জাঁকজমকপূর্ণ চেহারা।প্যারেটির এই কাদা উৎসব এখন আর নির্দিষ্ট জায়গার মানুষের আনন্দ উপলক্ষেই আবদ্ধ নেই, বর্তমানে এটি পরিণত হয়েছে ব্রাজিলের একটি রাষ্ট্রীয় পর্যটন বিনোদনে। প্রকৃতির ছোঁয়ায় সজ্জিত লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি ব্রাজিল এমনিতেই সেজে আছে দুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যে। প্যারেটির কাদা উৎসব যত দিন যাচ্ছে, ততই আকৃষ্ট করছে বিশ্ব পর্যটকদের। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন ব্রাজিলে এসে গায়ে কাদা মাখানোর জন্য। আর এ সুযোগে ব্রাজিলের পর্যটন কর্তৃপক্ষ এ উৎসবকে ঘিরে তৈরি রেখেছে পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা। কাদা উৎসব হওয়ার স্থানটি ঘিরে যত হোটেল কিংবা রেস্তোরাঁ রয়েছে, কাদা উৎসবের সময় তাদের বৃহস্পতি থাকে সত্যিই তুঙ্গে। প্যারেটি-সংলগ্ন একটি সমুদ্রসৈকত রয়েছে, যার নাম ‘জাবাকুয়ারা’। একটা সময় ছিল, যখন এই জাবাকুয়ারার সৌন্দর্য বারবার বিঘ্নিত হতো স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মুনাফার লোভে। এই সৈকতে বিভিন্ন স্থাপনা তৈরি করে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার ক্ষেত্রই ছিল সেই মুনাফালোভীদের সবচেয়ে বড় উদ্দেশ্য। কিন্তু এই প্যারেটি ও জাবাকুয়ারায় কাদা উৎসব যত বড় হয়েছে, ততই পিছু হটেছে মুনাফাখোরেরা। যত দিন গেছে, এই উৎসব মনোযোগ অর্জন করেছে বাইরের জগতের; সবচেয়ে বড় কথা ব্রাজিল সরকারের। পর্যটন বিনোদনকেন্দ্র হিসেবে তৈরি করতে এই প্যারেটি ও সংলগ্ন সৈকত পরিণত হয়েছে ব্রাজিল সরকারের ঐতিহ্য সংরক্ষণ প্রচেষ্টায়। স্থানীয় অধিবাসীরা খুশি এই ভেবে, অর্থলোভী ও প্রকৃতি-ধ্বংসকারীদের হাত থেকে তাঁদের এলাকাকে বাঁচিয়েছে এই অপার আনন্দের উৎসবটিই। একই সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও এ উৎসব রাখছে বিরাট ভূমিকা।উৎসব মাঝেমধ্যে প্রকৃতি রক্ষার ক্ষেত্রেও প্রয়োজনীয় হয়ে দেখা দেয়।